
ক্রীড়া প্রতিবেদক
মূল দল নিয়ে আসেনি ভারত। যে দল নিয়ে তারা ঢাকায় খেলতে আসে সেই দল থেকে দু’জন চলে যায় নিউজিল্যান্ডে। ৫ ফুটবলার ফিরে যায় ক্লাব টিমে। নতুন যোগ হয় ১০ ফুটবলার। এতে কার্যত: ‘সি’ টিমে পরিণত হয় ভারত। অথচ এই ভারতই ধরে রাখলো সাফের শিরোপা। গতকাল জাতীয় স্টেডিয়ামে পিছিয়ে পড়েও পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে টানা তৃতীয় বারের মতো সাফে চ্যাম্পিয়ন হলো প্রতিবেশী দেশটি। আর প্রথমবারের মতো ফাইনালে এসেও শিরোপায় হাত ছোঁয়ানো হয়নি তাদের। জুনে মালদ্বীপের ডায়মন্ড জুবিলি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে আসা দলটিকে রানার্সআপেই সন্তুষ্টি খুঁজতে হলো।
কালকেই এই ফাইনালের টার্নিং পয়েন্ট ছিল ৫৮ মিনিটে জুনায়েদ আহমেদ শাহের লালকার্ড। এতে ১০ জনে পরিণত হওয়া পাকিস্তান পুরোপুরি রক্ষণাত্মক খেলতে থাকে। আর এই সুযোগে চড়াও হয়ে সমতা আনার পর জয় সূচক গোলও আদায় করে নেয় ভারত। এই জয়ে ভারত তাদের ফুটবলের উচ্চতারই প্রমাণ দিয়েছে। ২০০৯ সালেও তারা অনূর্ধ্ব-২৩ দল নিয়ে এই ঢাকা থেকেই সাফ জিতে গেছে। আসলে ভারতের ঘরোয়া ফুটবল অন্যদের চেয়ে অনেক এগিয়ে। সেটাই তারা ফের জানান দিল ‘সি’ টিম নিয়ে এসেও সাফ জিতে নিয়ে। আর পাকিস্তান ৯ প্রবাসী নিয়েও সাফ জিততে পারেনি। অবশ্য পাকিস্তান যদি ১০ খেলোয়াড় নিয়েও স্বাভাবিক ম্যাচ খেলতো তাহলে হয়তো ম্যাচের চিত্র অন্যরকম হতে পারতো।
সাফের ইতিহাসে প্রথম বারের মতো ফাইনালে পাকিস্তান। অন্য দিকে টানা দশম ফাইনালে ভারত। গতকাল জাতীয় স্টেডিয়ামে টেকনো সাফ ফুটবলের ফাইনালে পাকিস্তান সেমিতে বাংলাদেশের বিপক্ষে খেলা একাদশ থেকে একজনকে বাদ দেয়। ফিরিয়ে আনে আলমগীর খান গাজীকে। এই আলমগীর গাজীই প্রথমার্ধের ইনজুরি টাইমে গোল করে এগিয়ে নেন পাকিস্তানকে। ভারত এই ফাইনালে ভুটানের বিপক্ষে খেলা প্রথম একাদশকেই মাঠে নামায়।
ম্যাচের ৪ মিনিটেই গোলের সুযোগ তৈরি করে ভারত। আসরে তিন গোল করা সুহাইল আহমেদ ভাট বক্সের সামনে বল পান। এরপর বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে মাথার উপর দিয়ে বল জালে পাঠাতে গিয়ে মারেন অনেক উপর দিয়ে। ১৭ মিনিটে গোলের খুবই কাছে চলে যায় পাকিস্তান। ডান দিক থেকে আসা ক্রসে ছোট বক্সের ভেতর থেকে গোলে টোকা মারেন মিকেল অ্যারন আবদুল্লাহ। সেই বল দ্বিতীয় চেষ্টায় আয়ত্বে নেন ভারতের গোলরক্ষক আরস আনোয়ার আবদুল্লাহ। এরপর ভারত লিড নেয়ার চেষ্টা করতে থাকে। ৩৩ মিনিটে গোলের সম্ভাবনা জাগিয়ে তুলেছিল সাফের নয় বারের চ্যাম্পিয়নরা। পাকিস্তানের বক্সের মধ্যেই ঘুরতে থাকে বল। কিন্তু পোস্টে আর শট নিতে পারছিলেন না ভারতের ফরোয়ার্ডরা। শেষ পর্যন্ত রিকি জন ডান পায়ের প্রচণ্ড শট নেন। এতে ভারতীয়দের উল্লাসে মাততে পারেননি পাকিস্তানি গোলরক্ষকের কারণে। ইউসুফ নিয়াজ ভাট ডান দিকে শরীর ফেলে রুখে দেন তা।
প্রথমার্ধের ৪৫ মিনিটে শেষে ১ মিনিটের ইনজুরি টাইম দেন রেফারি। ওই সময়েই গোলের দেখা পায় পাকিস্তান। বক্সে বল ফেলেন জুনায়েদ আহমেদ শাহ। বল ভারতের লুদিমের পায়ে লেগে গিয়ে পড়ে আলমগীর খান গাজীর পায়ে। গত বছর ব্রাদার্স ইউনিয়নে খেলা এই ফুটবলার বল পেয়ে আর কোনো বিলম্ব করেননি। ধরেই ডান পায়ের প্লেসিং শট নেন। এই বাঁকানো শট ভারতের গোলরক্ষককে বোকা বানিয়ে চলে যায় জালে। আলমগীর গাজীকে বাংলাদেশের বিপক্ষে খেলানো হয়নি। গ্রুপের প্রথম ম্যাচে তিনি ভারতের বিপক্ষে দর্শনীয় একটি গোল করেছিলেন সাইড ভলিতে। কাল তিনিই দলকে উল্লাসে মাতান।
৫০ মিনিটে ভারত অল্পের জন্য গোলের দেখা পায়নি। বক্সে ঢুকে বিষ্ণু পুথিয়া শট নেন প্রথম পোস্টে। বল গোলরক্ষকের পায়ে লেগে পোস্টে লেগে ফের গোলরক্ষক ইউসুফ ভাটের পায়ে লাগে। ৫৯ মিনিটে ১০ জনে পরিণত হয় পাকিস্তান। সাইড লাইন বরাবর অহেতুক ব্রাইসন দুবের হাঁটুতে বুট বসিয়ে দেন জুনায়েদ আহমেদ শাহ। রেফারি ভিডিও রিপ্লে দেখে লাল কার্ড দেন জুনায়েদকে।
এরপর খেলা শুরু হওয়ার সাথে সাথেই গোল। সমতা ভারতের। লুংদিমের ক্রস থেকে বল পাওয়া মাত্রই বাম পায়ের টোকায় বল জালে পাঠান সুহাইল ভাট। এতে আসরে চার গোল হলো কাশ্মিরের শ্রীনগরে জন্ম নেয়া এই ফরোয়ার্ডের। ৬৭ মিনিটে বিষ্ণুর খুব কাছ থেকে নেয়া শট প্রতিহত করেন পাকিস্তানি গোলরক্ষক। ৮৮ মিনিটে লিড নেয় ভারত। আবদুল রাবী আনদুকাদানের কর্নারে ছোট বক্সের উপর থেকে ড্রপ হেড নেন সন্দ্বীপ মান্ডি। সেই বল পাকিস্তানি কিপারের প্রাণান্ত চেষ্টা ব্যর্থ করে আশ্রয় নেয় জালে। এতেই সাফে দশম শিরোপা নিশ্চিত হয় ভারতের। ইনজুরি টাইমের চতুর্থ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে তৃতীয় গোলের দারুণ সম্ভাবনা তৈরি করেছিল ভারত। পাকিস্তানের কিপার তখন কর্নার থেকে গোল করার জন্য ভারতের বক্সে। সেই বল কাউন্টার হয়ে চলে আসে পাকিস্তানের সীমানায়। বল নিয়ে ছুটছিলেন লংদিম। ফাঁকা পোস্টে শটও নেন তিনি। কিন্তু ফুটবলার আবদুল সামাদ শাহজাদ ছুটে এসে সে বল কর্নার করেন।
আসরের সেরা গোলরক্ষক হয়েছেন ভারতের আরস আনোয়ার শেখ। ৪ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন সুহাইল ভাট। সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার এবং রানার্সআপ দলকে ১৫ হাজার ডলার অর্থ পুরস্কার দেয়া হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








