
ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে পাকিস্তানের বিরুদ্ধে সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে স্বাধীনতা-পরবর্তী রাজনীতি, প্রতিটি পর্যায়েই যার সরব উপস্থিতি ছিল, তিনি জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। আজ ১৭ নভেম্বর তার ৫০তম মৃত্যুবার্ষিকী।
১৯৭৬ সালের এই দিনে ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে কবর দেয়া হয়।
শুধু রাজনৈতিক আন্দোলন নয়, সাধারণ মানুষের জীবনসংগ্রামকেও রাজনীতির কেন্দ্রে নিয়ে এসেছিলেন ভাসানী। তার রাজনীতির মূল দর্শন ছিল শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা।
১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে জন্মগ্রহণ করেন আবদুল হামিদ খান ভাসানী। বাবা শরাফত আলী খান এবং মা মোসাম্মৎ মজিরন বিবি। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত ভাসানী পরবর্তী সময়ে ভারতের দেওবন্দে পড়াশোনা করেন। টাঙ্গাইলের কাগমারিতে শিক্ষকতার মধ্য দিয়ে কর্মজীবন শুরু করলেও পরে কৃষক-শ্রমিক ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হন।
ব্রিটিশ আমলে আসামের কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়ে পরিচিতি পান তিনি। আসামের ধুবড়ী এলাকায় ভাসানচরে কৃষক আন্দোলনে ভূমিকার কারণে তার নামের সাথে যুক্ত হয় ‘ভাসানী’ উপাধি।
১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হলে দলটির প্রথম সভাপতি নির্বাচিত হন তিনি। পরে ১৯৫৭ সালে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন মওলানা ভাসানী।
স্বাধীনতার পরও খাদ্যনিরাপত্তা, অর্থনৈতিক সাম্য ও গণতান্ত্রিক জবাবদিহির দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন তিনি। ১৯৭৩ সালে খাদ্যের দাবিতে তার অনশন কর্মসূচি আলোচনায় আসে। জীবনের শেষ পর্যায়ে ১৯৭৬ সালের ১৬ মে ফারাক্কা বাঁধের প্রতিবাদে ঐতিহাসিক লংমার্চের নেতৃত্ব দেন তিনি।
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষ, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কর্মসূচি নেয়া হয়েছে। সকালে সন্তোষে তার কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। এ ছাড়া আলোচনা সভা, দোয়া মাহফিল ও স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন তার কবর প্রাঙ্গণে ১১ নভেম্বর থেকে সাত দিনব্যাপী ঐতিহ্যবাহী ভাসানী মেলা চলছে। আজ ১৭ নভেম্বর মেলার শেষ দিন। এতে ভক্ত, অনুসারী ও সাধারণ মানুষের সমাগম ঘটছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








