রোহিঙ্গা গণহত্যা নিয়ে রায় দিতে যাচ্ছে আইসিজে

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এই সপ্তাহে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যামূলক অপরাধের বিষয়ে বহু প্রতীক্ষিত রায় ঘোষণা করতে চলেছে। জাতিসঙ্ঘ গঠিত আন্তর্জাতিক আদালতের ইতিহাসে কোনো রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করার এটিই প্রথম ঘটনা হতে চলেছে। ২১ শতকে আন্তঃরাষ্ট্রীয় গুরুতর অপরাধের বিচারে এই রায় একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে একে অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। গাম্বিয়ার আনা অভিযোগের ভিত্তিতে প্রায় সাত বছর ধরে আইসিজের বিচারকাজে মিয়ানমারের সামরিক বাহিনীর ভূমিকা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। গাম্বিয়ার যুক্তি ছিল, রাখাইনে রোহিঙ্গাদের ওপর পরিচালিত দমন-পীড়ন ১৯৪৮ সালের জাতিসঙ্ঘ গণহত্যা কনভেনশন লঙ্ঘন করেছে।
মিয়ানমার সরকারের বিরুদ্ধে গণহত্যা সংঘটিত হওয়ার রায় আসলে তা দেশটির সামরিক জুন্টা নেতা মিন অং হ্লাইংয়ের ওপর কূটনৈতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে। উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকেই দেশটি গৃহযুদ্ধে নিমজ্জিত রয়েছে এবং হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পৃথকভাবে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তদন্ত চালিয়ে যাচ্ছে, যেখানে আইসিজে রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ এবং আইসিসি ব্যক্তিশ্রেণীর বিচার নিয়ে কাজ করে।
এই রায়ের আরেকটি বড় তাৎপর্য হলো গাজার বর্তমান পরিস্থিতিতে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা চলমান গণহত্যা মামলার ওপর এর প্রভাব। দুই ক্ষেত্রেই শক্তিশালী সামরিক বাহিনী কর্তৃক নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার মিল রয়েছে। তবে ইসরাইল ও মিয়ানমারের ভূরাজনৈতিক বাস্তবতায় কূটনৈতিক সমর্থনে ভিন্নতা রয়েছে।
চলতি বছরের জানুয়ারি মাসে আইসিজে-ররুদ্ধদ্বার শুনানিতে বাংলাদেশ থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা সরাসরি সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যপ্রমাণে শিশু হত্যা, নির্বিচারে গুলিবর্ষণ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া এবং নারীদের ওপর পাশবিক যৌন নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ‘লিগ্যাল অ্যাকশন ওয়ার্ল্ডওয়াইড’-এর প্রতিষ্ঠাতা অ্যান্থভি মালভি জানান, আদালতের শুনানিতে মিয়ানমারের সামরিক বাহিনীর সুনির্দিষ্ট কিছু কাঠামোগত আচরণের প্রমাণ মিলেছে, যা জনগোষ্ঠীটিকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যকে স্পষ্ট করে।
মিয়ানমার অবশ্য বরাবরই গণহত্যা চালানোর অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে, তাদের সামরিক পদক্ষেপ কেবল সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। তবে বিশ্বজুড়ে মানবাধিকারকর্মী ও রোহিঙ্গারা আশা প্রকাশ করেছেন যে, এই রায় দশকের পর দশক ধরে চলে আসা নিপীড়নের অবসান ঘটিয়ে একটি ন্যায়ভিত্তিক ভবিষ্যতের পথ দেখাবে।