
নিজস্ব প্রতিবেদক
গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে বাংলাদেশের উদ্যোগে সাড়া দেয়নি ভারত। আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি চুক্তির সময়সীমা শেষ হতে চললেও এটি নবায়নে এখনো রাজি হয়নি দিল্লি। সংশ্লিষ্ট একাধিক সূত্রের মতে, দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপড়েন চুক্তি নবায়নের পথে প্রধান বাধা। বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেয়া হলেও ভারত ইতিবাচক সাড়া দেয়নি। ফলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তি নবায়ন হচ্ছে না বলে স্পষ্ট হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, চুক্তি নবায়ন না হলেও আপাতত বিদ্যমান শর্ত অনুযায়ী পানিবণ্টন অব্যাহত থাকবে বলে বাংলাদেশ আশাবাদী। তবে নবায়ন ছাড়াই ভারত পানি বণ্টনে কতটা উদারতা দেখাবে, তা আগামী ডিসেম্বরে দৃশ্যমান হবে।
চুক্তি নবায়নে গঠিত উচ্চপর্যায়ের কারিগরি কমিটি একাধিকবার ভারতকে আলোচনার জন্য কমিটি গঠনের অনুরোধ জানালেও দিল্লি তাতে সাড়া দেয়নি। সংশ্লিষ্ট সূত্রের মতে, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে যে সময় রয়েছে, তাতে নবায়ন সম্ভব নয়। কারণ, দুই পক্ষ আলোচনায় বসলেও চুক্তি সম্পাদনে কমপক্ষে ছয় মাস সময় প্রয়োজন। ফলে আপাতত চুক্তি নবায়ন হচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে সম্প্রতি পানিসম্পদমন্ত্রী গণমাধ্যমকে জানান, নতুন চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে সরকার ইতোমধ্যে উচ্চপর্যায়ের একটি কারিগরি কমিটি গঠন করেছে। কমিটি বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট যাবতীয় বিষয় বিবেচনায় নিয়ে কাজ করছে। ভারতের সাথে আলোচনার জন্য কূটনৈতিক উদ্যোগও নেয়া হয়েছে।
অন্য দিকে গত ৩ নভেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, চুক্তির শর্তাবলি নিয়ে কাজ করার জন্য একটি কাঠামোগত ব্যবস্থা রয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) আছে। উভয় দেশে প্রবাহিত নদীগুলো নিয়ে আলোচনার জন্য সেখানে কাঠামোগত ব্যবস্থা রয়েছে। গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে নতুন কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, চুক্তি সম্পর্কিত সব কারিগরি তথ্য ও উপস্থাপনা তাদের কাছে চাওয়া হয়েছিল। বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারত কিভাবে আরো বেশি পানি পেতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন, এ চুক্তির ফলে তাদের রাজ্যগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এর আগে গত বছরের ৬ মার্চ চুক্তি নবায়ন নিয়ে কলকাতায় বাংলাদেশ ও ভারতের বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উভয় পক্ষ নীতিগতভাবে চুক্তি নবায়নে একমত হলেও পরবর্তী সময়ে তা বাস্তবায়নের পথে আর এগোয়নি। যৌথ নদী কমিশনের সর্বশেষ কারিগরি বৈঠক হয়েছে গত মে মাসে।
যদিও গত ৫ অক্টোবর ভারতের সাথে গঙ্গার পানিবণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে বাংলাদেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তার সর্বোত্তম সুরক্ষা নিশ্চিত করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এর অনুষ্ঠানে সাংবাদিকরা চুক্তি নবায়ন নিয়ে জানতে চাইলে তিনি স্পষ্ট কোনো জবাব দিতে পারেননি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের স্বার্থের জন্য যা সবচেয়ে ভালো, সেটিই করা হবে।’ তিনি জানান, বাংলাদেশ তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে বাংলাদেশ যৌথ নদী কমিশনের (জেআরসি) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নয়া দিগন্তকে বলেন, চুক্তি নবায়নের বিষয়ে কাজ চলমান থাকলেও অগ্রগতি এখনো দৃশ্যমান নয়। বিষয়টি অত্যন্ত জটিল। আলোচনা ও পর্যালোচনা চললেও ভারতের সাড়া মিলছে না। ফলে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা ছাড়া এর সমাধান সম্ভব হবে না বলে মনে হচ্ছে।
বিশেষজ্ঞদের ভাষ্য, ফারাক্কা চুক্তির নবায়ন ব্যর্থ হলে ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্কেও দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। এ সমস্যা সমাধানে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ, চুক্তি নবায়ন হলেও বাংলাদেশকে ভারত কতটুকু পানি দেবে, তা দুই দেশের সম্পর্কের ওপর নির্ভর করবে।
তাদের মতে, জেআরসির কর্মকর্তাদের মাধ্যমে এ জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। সামনে যে সময় রয়েছে, তাতে রাষ্ট্রের মন্ত্রী পর্যায় থেকে উদ্যোগ নিতে হবে। অন্যথায় নির্ধারিত সময়ের মধ্যে সমাধান আটকে যেতে পারে। এতে চুক্তির মেয়াদ শেষে দেশে পানি সঙ্কট তৈরির বড় আশঙ্কা রয়েছে।
১৯৯৬ সালে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর এর মেয়াদ শেষ হচ্ছে। চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের ২০ কিলোমিটার উজানে ভারতের ফারাক্কা বাঁধ দিয়ে শুষ্ক মৌসুমে পানিবণ্টন করা হয়।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ঢাকা ও দিল্লির সম্পর্কে টানাপড়েন তৈরি হয়। এর পর থেকে পানিবণ্টন চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে যায়। বিগত ইউনূস সরকারের সময়ে এ নিয়ে উদ্যোগ গ্রহণের কথা বলা হলেও বাস্তবে তার কোনো আলামত মেলেনি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








