ইউপিতে পাঁচ ধাপে ৪,৩০০ আসনে নির্বাচন

বিশেষ সংবাদদাতা

Advertisement

দেশের চার হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনকে কেন্দ্র করে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে কমিশন, যা আগামী ১০ ডিসেম্বরের মধ্যে শেষ করা হবে। গতকাল সোমবার কমিশন সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মো: সানাউল্লাহ। তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার এক হাজার ২৬টি ইউনিয়নে নির্বাচন হতে পারে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার এক হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার এক হাজার দু’টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়নে ভোট গ্রহণের পরিকল্পনা করা হয়েছে। ইসি মো: সানাউল্লাহ বলেন, দেশে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পঞ্চম ধাপে ইচ্ছা করেই ইউনিয়নের সংখ্যা কম রাখা হয়েছে। এর মধ্যে আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নের নির্বাচন আটকে আছে, সেগুলো পরে এ ধাপে সমন্বয় করা যাবে। এটা হচ্ছে আমাদের পরিকল্পিত ধাপ। সংখ্যা এবং স্পেসিফিক নামগুলো আগামী বৃহস্পতিবার ওয়েবসাইটের মাধ্যমে সবাই জেনে যাবেন।
নির্বাচনের আগেই তিন দিনে সংলাপ হবে : তিনি বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই এ সংলাপ শেষ করার পরিকল্পনা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের বিষয়টি কমিশন সভায় আলোচনা হয়েছে। এ মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে মোট তিন দিনে নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হবে। সংলাপে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান তিনি।
প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি হওয়ার সম্ভাবনা : প্রথম ধাপের নির্বাচন আয়োজনের সময়সূচি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারি হতে পারে। জেলা নির্বাচন কর্মকর্তারা ঘোষণা করবেন। তবে কোন ইউনিয়নে ঠিক কবে ভোট হবে, সে বিষয়ে বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে ওয়েবসাইটে প্রকাশ করার কথা জানিয়েছেন তিনি।
স্থানীয় সরকার নির্বাচনের সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, আমরা মনে করি না যে, স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রভাব ফেলবে। স্থানীয় সরকার নির্বাচন বরং আইনশৃঙ্খলা কোনো কোনো ক্ষেত্রে ভালো রাখতে সহায়তা করবে।
তফসিলের দিন পর্যন্ত বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন : নির্বাচন আইন সংশোধনের বিষয়ে কমিশনের সুপারিশ থাকলেও আসন্ন নির্বাচন বিদ্যমান আইন অনুযায়ী হবে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার দিন যে আইন কার্যকর থাকবে, সেই আইন অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। 
সেনা মোতায়েনের বিষয়ে দাবি আসেনি : স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে কি না, জানতে চাইলে সানাউল্লাহ বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি। জাতীয় নির্বাচন নিয়ে সেনা মোতায়েনের বিষয়ে আলোচনা হয়েছিল। ইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আমার মনে হয় না কোনো রাজনৈতিক দলের সাথে আমাদের আলোচনা হয়েছে বা এ ধরনের কোনো দাবি আমাদের কাছে এসেছে। 
আইনশৃঙ্খলা সহনীয় রাখতে ব্যবস্থা : নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহনীয় রাখা এবং সুষ্ঠুভাবে ভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ততা ও কার্যকারিতা বিবেচনা করবে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট বাহিনী কোনো এলাকায় কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারছে কি না এবং নির্বাচনী পরিবেশ বজায় রাখতে পারছে কি না, তা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।