গাজীপুরে দিনভর শ্রমিক বিক্ষোভ, ভাঙচুর-সংঘর্ষ

গাজীপুর মহানগর প্রতিনিধি

Advertisement

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারো গাজীপুরের শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের আন্দোলন ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। গতকাল সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় দফায় দফায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিক অসন্তোষের জেরে এ দিন পর্যন্ত ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া অনেক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 
এ দিকে শ্রমিক আন্দোলন ও সহিংসতার ঘটনায় গাজীপুর মহানগর, শিল্পাঞ্চল থানা এবং কালিয়াকৈর থানায় মোট ১৯টি মামলা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দেয়া তথ্য অনুযায়ী, এসব মামলায় শতাধিক শ্রমিক গ্রেফতার হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে যান চলাচলে বাধা দেন। পুলিশ ও বিজিবি সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করা হয়।
একই দিন নাওজোর ও ভোগড়া বাইপাস এলাকায়ও শ্রমিকেরা বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে প্রায় আধা ঘণ্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। জয়দেবপুর ও সালনা এলাকাতেও একই দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকেরা। একপর্যায়ে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করা হয়।বিকেলে কোনাবাড়ী এলাকায় কয়েকজন যুবক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচলরত একটি বাসসহ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যান। তবে এ ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সোমবার পর্যন্ত গাজীপুরে ৩৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বিক্ষোভ করায় আরো অনেক কারখানায় এক দিনের ছুটি দেয়া হয়েছে। বিভিন্ন এলাকায় শ্রমিকেরা অল্প সময়ের জন্য জড়ো হয়ে বিক্ষোভ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
শ্রমিকদের কাজে ফেরাতে পুলিশের তৎপরতা : গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আশিক সাঈদ পিপিএম জানান, শ্রমিকেরা যাতে নির্বিঘেœ কারখানায় প্রবেশ করে কাজে যোগ দিতে পারেন, সে লক্ষ্যে পুলিশ কাজ করছে। শিল্পাঞ্চলে বিজিবি, এপিবিএন, মহানগর ও জেলা পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, বিভিন্ন এলাকায় পুলিশের মোবাইল টিম, পিকেট ও টহল দল দায়িত্ব পালন করছে। কারখানাকেন্দ্রিক স্থায়ী টহলও রয়েছে। নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। আন্দোলনের পেছনে উসকানিদাতা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
শিল্পাঞ্চলে ২৫ প্লাটুন বাহিনী মোতায়েন : গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: সোহেল রানা জানান, শিল্পাঞ্চল, মহাসড়ক ও ঝুঁঁকিপূর্ণ পয়েন্টে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ছাড়া এসআরবি, পুলিশ, বিজিবি ও আনসারের সমন্বয়ে ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
গাজীপুর ব্যাটালিয়ন-৬৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলে ১০ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক মো: নাজমুস সাকিব জানান, অন্যান্য বাহিনীর পাশাপাশি ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।