আ’লীগ পুনর্বাসনে বাইরের কোনো ডিপ স্টেটের সংযোগ থাকতে পারে
আ’লীগ পুনর্বাসনে বাইরের কোনো ডিপ স্টেটের সংযোগ থাকতে পারে।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডিসেম্বরের কর্মসূচি ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা সরকারকে অস্থিতিশীল ও বিপাকে ফেলার বৃহত্তর পরিকল্পনার অংশ হতে পারে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল ফজলে এলাহী আকবর (অব:)। তার ধারণা, এর পেছনে বাইরের কোনো ‘ডিপ স্টেট’-এর সংযোগ থাকতে পারে। এর চূড়ান্ত লক্ষ্য আওয়ামী লীগকে বৈধতা দিয়ে রাজনীতিতে পুনর্বাসন করা। তবে বাংলাদেশের জনগণ দলটিকে পুনর্বাসন করতে চায় বলে মনে হয় না।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি- এই দু’টি খাতকে অস্থিতিশীল করতে পারলে সরকারকে দুর্বল করা সহজ হয়। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ, নাটোর ও সিলেটের ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ধাপে ধাপে ভয়াবহ রূপ নিতে পারে। তাই শুরুতেই কঠোর পদক্ষেপ নিতে হবে। একই সাথে বিভাজন দূর করে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
ডিসেম্বর ঘিরে নাশকতার আশঙ্কা, সম্ভাব্য ষড়যন্ত্র, সরকারের করণীয়, সীমান্ত দিয়ে বিস্ফোরক প্রবেশ, অর্থনীতিতে অস্থিরতার প্রভাব এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনী মোতায়েনের সম্ভাবনা নিয়ে নয়া দিগন্তের সাথে একান্ত আলাপচারিতায় তিনি এ কথা বলেন।
নয়া দিগন্ত : আওয়ামী লীগের ডিসেম্বরের ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটছে। সামগ্রিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
ফজলে এলাহী আকবর : আওয়ামী লীগের ডিসেম্বরের ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা কোন পর্যায়ে গড়ায়, সেটিই এখন বড় প্রশ্ন। বিষয়টি বেশ পরিষ্কার। সাধারণ মানুষও বুঝতে পারছে, পুরো পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বিপাকে ফেলাই তাদের উদ্দেশ্য। এর মধ্যে বাইরের কোনো ‘ডিপ স্টেট’-এর সংযোগ থাকতে পারে বলে আমার মনে হচ্ছে।
তাদের চূড়ান্ত লক্ষ্য হলো আওয়ামী লীগকে বৈধতা দেয়া, যাতে দলটি আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে পারে। আমার বিবেচনায়- এটাই মূল উদ্দেশ্য। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো, জনগণ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় বলে মনে হয় না। যে ঘৃণা ও পটভূমিতে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ওই শাসনব্যবস্থা বিতাড়িত হয়েছে, সেই ক্ষোভ এখনো বিদ্যমান।
নয়া দিগন্ত : তাহলে কি এই নাশকতার লক্ষ্য শুধু আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসন করা, নাকি এর মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করে অর্থনীতিকেও দুর্বল করার পরিকল্পনা রয়েছে?
ফজলে এলাহী আকবর : আমার মতে, দুটোই। সরকারকে বিধ্বস্ত করতে হলে দু’টি জায়গায় আঘাত করতে হয়- আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অর্থনীতি। জনগণ এই দু’টি প্রত্যাশা নিয়েই একটি সরকারকে ভোট দিয়ে দেশ পরিচালনার ম্যান্ডেট দেয়। দু’টি বিষয় পরস্পরের সাথে গভীরভাবে সম্পর্কিত।
আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হলে মানুষ নিরাপত্তাহীনতায় ভোগে। অন্য দিকে অর্থনীতিও অস্থিতিশীল হয়ে ক্ষতিগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে নতুন বিনিয়োগ তো দূরের কথা, বিদ্যমান বিনিয়োগ এবং রফতানি আদেশও ধীরে ধীরে হাতছাড়া হয়ে যেতে পারে- এটি দেশের জন্য মোটেই কল্যাণকর নয়।
তাই যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে হবে। সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি হচ্ছে যে পুলিশ বাহিনী যথাযথভাবে কাজ করছে না। কেন করছে না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। জনগণ চায়, সরকার কঠোর হাতে পরিস্থিতি দমন করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করুক।
নয়া দিগন্ত : সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জ ও নাটোরে নাশকতার ঘটনা ঘটেছে। এর আগে সিলেটের জকিগঞ্জ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। এসব ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
ফজলে এলাহী আকবর : গত রোববার আমরা দেখেছি, তাণ্ডব শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ থাকেনি, নাটোরেও নাশকতার ঘটনা ঘটেছে। এর আগের দিন সিলেটের জকিগঞ্জ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বিজিবি। আমার কাছে এগুলো নাশকতার আগাম প্রস্তুতির ইঙ্গিত বলে মনে হচ্ছে।
সীমান্ত এলাকায় উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক আসছে, আবার নাটোরে শতাধিক গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এগুলো আরো ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কখনো হঠাৎ করে ঘটে না। ধাপে ধাপে, ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। তাই শুরুতেই একে প্রতিহত করতে হবে। তা না হলে এর ব্যাপকতা ও বিধ্বংসী ক্ষমতা আরো বাড়বে।
নয়া দিগন্ত : সীমান্ত দিয়ে বিস্ফোরক প্রবেশ এবং দেশের অভ্যন্তরে সহিংসতার ঘটনাগুলোর মধ্যে কোনো সমন্বিত যোগসূত্র থাকার আশঙ্কা করছেন কি?
ফজলে এলাহী আকবর : এ ধরনের আশঙ্কাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত। সীমান্ত দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক প্রবেশের ঘটনা এবং দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনাগুলোকে আলাদাভাবে দেখলে চলবে না। গোয়েন্দা সংস্থাগুলোকে এসব ঘটনার সম্ভাব্য যোগসূত্র, বিস্ফোরকের উৎস, সরবরাহব্যবস্থা এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে হবে। কোথা থেকে এসব আসছে, কারা সংগ্রহ করছে এবং কী উদ্দেশ্যে মজুদ করছে- এসব প্রশ্নের উত্তর বের করা জরুরি।
নয়া দিগন্ত : এ পরিস্থিতি মোকাবেলায় সরকারের প্রধান দায়িত্ব কী হওয়া উচিত?
ফজলে এলাহী আকবর : একটি সরকার যখন ক্ষমতায় আসে, তখন জনগণ সরকারের কাছে তাদের মৌলিক সাংবিধানিক অধিকার প্রত্যাশা করে। এর মধ্যে অন্যতম হলো জানমালের নিরাপত্তা। সেই নিরাপত্তা নিশ্চিত করতে যা যা ব্যবস্থা নেয়া দরকার, সরকারকে অবশ্যই তা নিতে হবে। এখানে আত্মতুষ্টির কোনো জায়গা নেই।
শক্ত হাতে দমন না করলে পরিস্থিতি ধীরে ধীরে ঘনীভূত হয়ে সরকারকে আরো বিব্রত করবে। সময় থাকতেই বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে। এর কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না। এখনই শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে।
নয়া দিগন্ত : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে অসন্তোষ রয়েছে। এর কারণ কী হতে পারে?
ফজলে এলাহী আকবর : সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে, পুলিশ বাহিনী যথাযথভাবে কাজ করছে না। কেন করছে না, সেটি সরকারকে খতিয়ে দেখতে হবে। পুলিশের সক্ষমতা, মনোবল, নেতৃত্ব, মাঠপর্যায়ের কার্যক্রম এবং দায়িত্ব পালনে কোনো ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কি না- তা পর্যালোচনা করা জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। জনগণ সরকারের কাছে নিরাপত্তা চায়। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেয়া ছাড়া সরকারের সামনে বিকল্প নেই।
নয়া দিগন্ত : বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক বিভাজন কি সরকারকে আরো দুর্বল করে তুলছে?
ফজলে এলাহী আকবর : অবশ্যই। আমার মনে হয়, বর্তমান সরকারের উচিত ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে সৃষ্ট জনস্পিরিটকে কাজে লাগানো এবং সবাইকে সাথে নিয়ে পরিস্থিতি মোকাবেলা করা। আমাদের মধ্যে বিভাজন থাকলে তা সরকারকে দুর্বল করবে।
সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলে এ পরিস্থিতি মোকাবেলা করা তেমন কঠিন কিছু নয়। কারণ, দেশের জনগণ নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়। এই অভিন্ন স্বার্থকে সামনে রেখে রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।
নয়া দিগন্ত : পরিস্থিতি আরো খারাপ হলে আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী মোতায়েন করা উচিত হবে কি?
ফজলে এলাহী আকবর : এ নিয়ে এখনই কথা বলা অকালপক্ব হবে। এটি নির্বাচিত সরকারের সিদ্ধান্ত ও দায়িত্ব। যেকোনো গণতান্ত্রিক নির্বাচিত সরকারের কাছে সশস্ত্র বাহিনীকে মাঠে নামানো সর্বশেষ অস্ত্র বা ‘লাস্ট কার্ড’। আমরাও চাই না, এমন পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীকে মাঠে নামাতে হোক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে যথাযথভাবে ব্যবহার করা গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুবই সহজ। চরম পদক্ষেপের কথা ভাবার আগে বর্তমান সরঞ্জামগুলোর যথাযথ প্রয়োগ, সাংবিধানিক রক্ষাকবচ এবং সরকারের হাতে থাকা অধিকার ও হাতিয়ার ব্যবহার করেই পরিস্থিতি মোকাবেলা করা উচিত।
এর পাশাপাশি জনগণকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলতে পারলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা অসম্ভব কিছু নয়।