
শামসুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান চতুর্থ অধিবেশনে সরকারি দলের সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত প্রতিদিন যথাসময়ে সংসদে উপস্থিত থেকে দৈনন্দিন কার্যক্রমে অংশ নিতে দলীয় সব সংসদ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে দেশের বাইরে অবস্থানরত এমপিদের অবিলম্বে দেশে ফিরে অধিবেশনে যোগ দেয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
গত ১৫ নভেম্বর চিফ হুইপ কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনার কথা জানানো হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি কেবল উপস্থিতি নিশ্চিত করার প্রশাসনিক উদ্যোগ নয়; বরং সংসদীয় কার্যক্রমে সরকারি দলের সক্রিয় অংশগ্রহণ, আইন প্রণয়নে দায়িত্বশীলতা এবং সংসদের প্রতি রাজনৈতিক অঙ্গীকারের বিষয়টিও সামনে এনেছে। বিশেষ করে অধিবেশন চলাকালে বিদেশে অবস্থানরত এমপিদের দ্রুত দেশে ফেরার আহ্বান আইনপ্রণেতাদের দায়িত্ব পালনের বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৯ নভেম্বরের অবরোধ পালনের কর্মসূচি ও দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোর সাথে এর সম্পর্ক রয়েছে কি না, তা স্পষ্ট নয়। তবে পালিয়ে যাওয়া প্রধাানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনীতিতে একধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনার বিশেষ রাজনৈতিক গুরুত্বও রয়েছে বলে মনে করা হচ্ছে।
উপস্থিতির নির্দেশ কেন, প্রশ্ন জবাবদিহি নিয়ে : চিফ হুইপের অফিস আদেশে বিদেশে অবস্থানরত সরকারি দলের সংসদ সদস্যদের অবিলম্বে দেশে ফেরার অনুরোধ জানানো হলেও ঠিক কতজন এমপি বর্তমানে দেশের বাইরে আছেন, কী কারণে তারা বিদেশে গেছেন এবং তাদের অনুপস্থিতিতে সংসদীয় কার্যক্রম কতটা ব্যাহত হচ্ছে- সে বিষয়ে কোনো পরিসংখ্যান বা ব্যাখ্যা দেয়া হয়নি।
এখানেই সামনে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংসদ অধিবেশন চলাকালে সংসদ সদস্যদের বিদেশ সফরের প্রয়োজনীয়তা ও অনুমোদন প্রক্রিয়া কী? তারা কি সরকারি কাজে, নাকি ব্যক্তিগত প্রয়োজনে দেশের বাইরে রয়েছেন? তাদের অনুপস্থিতির বিষয়টি সংসদীয় নেতৃত্ব আগে থেকেই জানত কি না, তাও স্পষ্ট হওয়া প্রয়োজন। নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব কেবল নির্বাচনে জয়ী হওয়া বা দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। আইন প্রণয়ন, সরকারের জবাবদিহি নিশ্চিত করা, বাজেট ও নীতিনির্ধারণী বিষয়ে মতামত দেয়া এবং নিজ এলাকার সমস্যা সংসদে তুলে ধরাও তাদের সাংবিধানিক দায়িত্ব।
শুধু উপস্থিতিই কি কার্যকর সংসদের মানদণ্ড?
সংসদে সদস্যদের উপস্থিতি নিশ্চিত করা জরুরি, তবে সেটিই সংসদীয় কার্যকারিতার একমাত্র মানদণ্ড নয়। অধিবেশনে উপস্থিত থেকেও যদি সদস্যরা আইন ও নীতি নিয়ে পর্যাপ্ত আলোচনা না করেন, সরকারের সিদ্ধান্তের গঠনমূলক পর্যালোচনা না করেন কিংবা জনগুরুত্বপূর্ণ বিষয়ে সোচ্চার না হন, তবে সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
বাংলাদেশের সংবিধানের ৭৫ অনুচ্ছেদে সংসদের কার্যপ্রণালী ও কোরামসংক্রান্ত বিধান রয়েছে। কোনো বৈঠকে উপস্থিত সদস্যের সংখ্যা ৬০-এর কম হলে অধিবেশন স্থগিত বা মুলতবি করার বিধান আছে; অর্থাৎ সংসদ পরিচালনার জন্য ন্যূনতম উপস্থিতি সাংবিধানিকভাবেই গুরুত্বপূর্ণ। কিন্তু কোরাম পূরণ হওয়া আর কার্যকর আইনসভা পরিচালনা করা এক বিষয় নয়। সংসদের প্রকৃত শক্তি নির্ভর করে বিতর্কের মান, আইন প্রণয়নের গভীরতা এবং নির্বাহী বিভাগের ওপর কার্যকর নজরদারির ওপর।
চতুর্থ অধিবেশনে কাজের পরিধি : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে গত ৯ নভেম্বর। কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তা ১৮ নভেম্বর পর্যন্ত চলার কথা রয়েছে। এ অধিবেশনে সরকারি বিল, আগে জারি করা অধ্যাদেশ এবং বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।
সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, চলমান অধিবেশনের জন্য মোট তিন হাজার ৭৫১টি প্রশ্ন জমা পড়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৫৭৭টি প্রশ্ন রয়েছে। বিপুলসংখ্যক এই প্রশ্ন সংসদ সদস্যদের কাজের পরিধি ও দায়িত্বের ব্যাপকতাই তুলে ধরে। এ অবস্থায় উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব, বিলের ওপর আলোচনা, মন্ত্রণালয়ভিত্তিক জবাবদিহি এবং বিরোধী দলের বক্তব্যের যথাযথ সুযোগ নিশ্চিত করা জরুরি। সংসদ যদি কেবল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের মঞ্চে পরিণত হয়, তবে এর প্রতিনিধিত্বমূলক চরিত্র দুর্বল হয়ে পড়বে।
দলীয় শৃঙ্খলা বনাম স্বতন্ত্র দায়িত্ব : সংসদীয় দল পরিচালনায় হুইপের ভূমিকা স্বাভাবিক এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় তা গুরুত্বপূর্ণ। তবে চিফ হুইপের আদেশে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা উল্লেখ করা হলেও বিদেশে অবস্থানরত সদস্যদের ফেরার বিষয়টি ‘বিশেষ অনুরোধ’ হিসেবে জানানো হয়েছে; অর্থাৎ এটি মূলত দলীয় এমপিদের উদ্দেশে দেয়া প্রশাসনিক ও রাজনৈতিক তাগিদ। আদেশটিতে অনুপস্থিতির জন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থা বা সুনির্দিষ্ট সময়সীমার উল্লেখ নেই।
সুতরাং এটিকে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই; বরং উপস্থিতি নিশ্চিত করার রাজনৈতিক উদ্যোগ হিসেবেই দেখা যায়। তবে ঠিক কোন প্রেক্ষাপটে এমন জরুরি আদেশের প্রয়োজন পড়ল, তা স্পষ্ট করা হলে সংসদ সদস্যদের জবাবদিহির বিষয়টি আরো পরিষ্কার হতো।
কার্যকর সংসদের চ্যালেঞ্জ : সংসদের প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করতে হলে কেবল আসন পূর্ণ রাখলেই চলবে না। সংসদীয় স্থায়ী কমিটিগুলোকে সক্রিয় করা, মন্ত্রণালয়ের ব্যয় ও কর্মকাণ্ডের স্বচ্ছতা যাচাই, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে নির্মোহ আলোচনা এবং বিরোধী দলের প্রশ্নের জবাব দেওয়ার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি সরকারি দলের এমপিদেরও নিজ এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, দ্রব্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও অর্থনৈতিক সঙ্কট নিয়ে সংসদে নিয়মিত কথা বলতে হবে। দলীয় গণ্ডির বাইরে গিয়ে জনস্বার্থে প্রশ্ন তোলার সংস্কৃতি গড়ে তোলা জরুরি।
প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগটি নিঃসন্দেহে ইতিবাচক। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে সংসদ কতটা প্রাণবন্ত, জবাবদিহিমূলক ও জনস্বার্থসংশ্লিষ্ট ভূমিকা রাখতে পারছে তার ওপর। সংসদে সদস্যদের শারীরিক উপস্থিতির চেয়ে জনগণের প্রশ্ন, উদ্বেগ ও অধিকার নিয়ে তাদের সক্রিয়তাই হওয়া উচিত মূল মূল্যায়নের মাপকাঠি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








