
- কলকাতায় জড়ো হচ্ছেন বিদেশে থাকা নেতাকর্মীরা, সীমান্ত দিয়ে অবাধ যাতায়াতের অভিযোগ
- সিলেট থেকে সাতক্ষীরা-কুষ্টিয়া পর্যন্ত সীমান্তে সক্রিয় সিন্ডিকেট
- গোপালগঞ্জ-টুঙ্গিপাড়ায় অগ্নিসংযোগ ও ভাঙচুর; নাটোর-খুলনাসহ ২১ জেলায় নাশকতার খবর
- সীমান্তজুড়ে উচ্চ সতর্কতায় (হাই অ্যালার্ট) বিজিবি
আগামী ডিসেম্বরে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে অস্থিরতা বাড়ছে। গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, নভেম্বরের শুরু থেকে ঢাকা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, নাটোর ও খুলনাসহ অন্তত ২১টি জেলায় ককটেল বিস্ফোরণ, বাস-ট্রেন ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। একাধিক গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবার নাশকতার ক্ষেত্রে সীমান্ত এলাকায় সরিয়ে নেয়ার পরিকল্পনা করছেন।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে। তাদের দাবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পুরোপুরি সক্রিয় করতে না পারলে আগামী দিনগুলোতে নিষিদ্ধ সংগঠনের তৎপরতা আরো ভয়াবহ রূপ নিতে পারে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, দেশের সব সীমান্ত এলাকায় উচ্চ সতর্কতা (হাই অ্যালার্ট) জারি করে তারা কাজ করে যাচ্ছে। সার্বিক নিরাপত্তা ও পুলিশের ভূমিকার বিষয়ে জানতে পুলিশ সদর দফতরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
১৯ নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে শঙ্কা : গোয়েন্দা সূত্র জানায়, আগামী ১৯ নভেম্বর নিষিদ্ধ সংগঠনের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থানে বড় ধরনের নাশকতার ছক কষা হয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার সুযোগ নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা যানবাহন, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের কার্যালয় ও বাড়িঘরে সশস্ত্র হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের পরিকল্পনা করেছে। এমনকি ‘টার্গেট কিলিং’ এবং গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কাও করছেন গোয়েন্দারা। এ লক্ষ্যে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সীমান্ত এলাকায় প্রশিক্ষণ দেয়া হয়েছে বলে সূত্রগুলো দাবি করেছে।
গোয়েন্দা তথ্য মতে, নাশকতার রসদ ও আগ্নেয়াস্ত্র সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে আনা হচ্ছে। এর প্রমাণ হিসেবে গত শনিবার সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকা থেকে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক (হাই পাওয়ার জেল), ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করে বিজিবি। এই চালানকে ডিসেম্বরের আগে ও পরে বড় ধরনের নাশকতার প্রস্তুতির আলামত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
নভেম্বরজুড়ে নাশকতার চিত্র : চলতি মাসের নাশকতার সবচেয়ে ভয়াবহ চিত্র দেখা গেছে গোপালগঞ্জে। নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ১০ নভেম্বরের ‘সর্বাত্মক ধর্মঘট’ ঘিরে ৯ নভেম্বর রাত থেকেই জেলা শহরের শিল্পকলা একাডেমি এলাকা, মহিলা কলেজ রোড, পাচুড়িয়া ব্রিজ ও জেলা স্কুলসংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটে। পরদিন সকালে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ এবং ঝটিকা মিছিল থেকে পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। কাশিয়ানী ও সদর উপজেলাতেও সংঘর্ষ ও অবরোধের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, ওই ঘটনায় ১৫টি অবিস্ফোরিত ককটেল ও সাতটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
এরপর গত শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়ন ও কুশলী ইউনিয়নের নীলফা বাজার এলাকায় বিএনপি ও যুবদলের দু’টি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট ও গ্রামীণ ব্যাংকের কার্যালয়েও আগুন দেয়া হয়। এ সময় পুলিশের সাঁজোয়া যান (এপিসি), পুলিশ বক্স, ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। রোববার সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেয়ার পাশাপাশি পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদি এক এসআইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। ওই মামলায় ২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গোপালগঞ্জের বাইরেও ঢাকা, চট্টগ্রাম, নাটোর, খুলনা, ফরিদপুর, বরগুনা, মানিকগঞ্জ, নওগাঁ, কিশোরগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, রাজশাহী ও কুড়িগ্রামসহ ২১ জেলায় নাশকতা, সহিংসতা ও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে। ফরিদপুরে দুর্বৃত্তদের দেয়া আগুনে একজন বাসচালকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নাশকতার বিভিন্ন ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারও করছেন দলটির অনেক নেতাকর্মী।
সিলেট সীমান্তে ‘নিয়ন্ত্রণ’ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সিন্ডিকেট : গোয়েন্দা ও স্থানীয় সূত্রের তথ্য মতে, কার্যক্রম নিষিদ্ধ দলটির সাবেক এমপি ও মন্ত্রীরা সীমান্তের ওপার থেকে স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় তৎপরতা বাড়িয়েছেন। সিলেটের দুর্গম কানাইঘাট ও জকিগঞ্জ এলাকার নিয়ন্ত্রণ রয়েছে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা আহ্বায়ক পঙ্কজ এবং জকিগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক নাজমুলের হাতে। তাদের মাধ্যমে নেতাকর্মীরা অবাধে সীমান্ত পারাপার করছেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের বরাতে জানা গেছে, সীমান্তের ওপারে ভারতের আসাম রাজ্যে অবস্থান করছেন মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। সিলেট অঞ্চলের নাশকতা ও অস্থিরতার মূল দায়িত্বে তিনি রয়েছেন বলে সূত্রগুলোর দাবি।
সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি রনজিত সরকারের সিলেটের গোয়াইনঘাটে একটি সভায় উপস্থিত হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ওপারে থাকা অবস্থায় তিনি কিভাবে দেশে ঢুকলেন, তা খতিয়ে দেখতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা। পুলিশের একাধিক সূত্র জানায়, তার সহযোগী তোতা মিয়াসহ এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক তথ্য মিলেছে, যার ভিত্তিতে সীমান্ত এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্টদের ধারণা, রনজিত সরকার জকিগঞ্জের দুর্গম এলাকা ব্যবহার করে দেশে এসে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে পুনরায় একই পথে ফিরে গেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, লোবাছড়া ও আলুবাগান সীমান্ত এলাকা এতটাই দুর্গম যে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল দেয়া বেশ কঠিন। এই এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির উপস্থিতি যেমন কম, তেমনি ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতিও তেমন নেই। চোরাকারবারি ও মাদককারবারিদের নিয়ন্ত্রণে থাকা এই রুটটি বর্তমানে ভারী অস্ত্র, গোলাবারুদ ও নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবাধ যাতায়াতের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে।
সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া সীমান্তের দায়িত্বে রয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। স্থানীয় সূত্র বলছে, সম্প্রতি ভোমরা, বেনাপোল, সাতক্ষীরা ও কুষ্টিয়া সীমান্ত দিয়ে নিষিদ্ধ দলের নেতাকর্মীদের যাতায়াত বেড়েছে। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক মজুদ করা হচ্ছে। গোয়েন্দা সূত্রগুলো আরো জানিয়েছে, সীমান্ত এলাকায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক অপপ্রচার চালিয়ে দেশব্যাপী অস্থিরতা তৈরির পরিকল্পনাও রয়েছে তাদের।
কলকাতায় জমায়েত, তিন স্তরের পরিকল্পনা ও সীমান্তে বিজিবির নজরদারি : গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউরোপ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের একটি বড় অংশ সম্প্রতি ভারতের কলকাতায় জড়ো হয়েছেন। বাংলাদেশে নাশকতায় তাদের সরাসরি ইন্ধন রয়েছে বলে অভিযোগ। চলতি মাসে কলকাতা থেকে বেশ কিছু নেতাকর্মী বাংলাদেশে প্রবেশ করে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও স্থাপনার ওপর নজরদারি করছেন বলেও গোয়েন্দারা জানতে পেরেছেন।
সংশ্লিষ্টদের ভাষ্য মতে, সরাসরি দেশে ফেরার ঝুঁকি এড়াতে দলটির নীতিনির্ধারকেরা তিনটি স্তরে এগোতে চাইছেন- সীমান্তঘেঁষা অবস্থান তৈরি, কূটনৈতিক যোগাযোগ এবং আন্তর্জাতিক পর্যায়ের বৈঠক। সূত্রের দাবি, শেখ হাসিনা দেশে ফেরার পথ না পেলে নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়তে পারে- এই আশঙ্কা থেকে তাকে অন্তত বাংলাদেশ-ভারত সীমান্ত পর্যন্ত আনার পরিকল্পনাও রয়েছে। ডিসেম্বরের রাজনৈতিক গুরুত্বকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর এই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে বলে দলটির একাংশের নেতাকর্মীরা জানিয়েছেন।
বিজিবি সূত্র জানায়, নাশকতা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দেশের সব সীমান্তে উচ্চ সতর্কতা জারি ও নজরদারি জোরদার করা হয়েছে। সম্প্রতি সুনামগঞ্জের ২৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বাংলাবাজার, মঙ্গলহাটা ও হাসিমারা নদীর সীমান্ত দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুপ্রবেশ এবং পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বিজিবি সদস্যরা।
মনস্তাত্ত্বিক যুদ্ধ, বলছেন বিশ্লেষক : নিরাপত্তা বিশ্লেষক ফজলে এলাহী আকবর এ বিষয়ে নয়া দিগন্তকে বলেন, ডিসেম্বরে শেখ হাসিনার ফিরে আসার মতো পরিস্থিতি বাংলাদেশে এখনো তৈরি হয়নি। এসব মূলত ‘মিডিয়া সাইকোলজিক্যাল ওয়ার’ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ। বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রয়াস এটি। তবে ডিসেম্বরকে কেন্দ্র করে যেহেতু নানা আলোচনা চলছে, তাই বিজিবির সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করা প্রয়োজন বলে তিনি মত দেন।
৯ দিনে ৫১ স্থানে ককটেল বিস্ফোরণ : ৪৫ পরিবহণে অগ্নিসংযোগ
এদিকে চলতি মাসের ৭ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময় ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ সদরদফতর থেকে এমন তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদরদফতর জানায়, এ সংক্রান্তে মোট ২১টি মামলা হয়েছে এবং ৫৫ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়া পুলিশের একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয় এবং পুলিশের দু’টি স্থাপনায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজধানীর জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, এমনকি পুলিশি নিরাপত্তাবেষ্টিত এলাকাতেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এমনকি পরিবহনেও আগুন দেয়ার ঘটনা ঘটে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








