৫৬ বছরেও নির্মিত হয়নি সেতু দুর্ভোগে ১৫ হাজার মানুষ

 বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর নির্মিত হয়নি কোনো সেতু। এতে পাঁচ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষকে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলেরপাড় গ্রামের মাঝখান দিয়ে বয়ে যাওয়া খালটি পাঁচ গ্রামের মানুষের যোগাযোগের প্রধান প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে। বিলেরপাড়, ডেরুরবিল, বাংগালপাড়া, বালুরগ্রাম ও কুতুবের চর গ্রামের বাসিন্দাদের প্রতিদিন খালটি পারাপার হতে হয়। বর্ষাকালে নৌকায় এবং শুকনো মৌসুমে ধানক্ষেত মাড়িয়ে চলাচল করতে হয় তাদের। এতে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নানা ভোগান্তিতে পড়েন।
সেতু না থাকায় কৃষকদের উৎপাদিত ফসল বাড়িতে নিতে প্রায় তিন কিলোমিটার ঘুরপথ পাড়ি দিতে হয়। অন্য দিকে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের হাসপাতালে নেয়াও দুরূহ হয়ে পড়ে। বিশেষ করে বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা আরো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
স্থানীয় কৃষক আব্দুল মজিদ বলেন, খালের পশ্চিম পাশে তাদের বেশির ভাগ আবাদি জমি। সেতু না থাকায় ফসল ঘরে তুলতে অনেক কষ্ট করতে হয়। এখানে সেতু নির্মিত হলে কৃষকদের দুর্ভোগ অনেকটাই কমবে। স্থানীয় বাসিন্দা ছাত্তার মিয়া বলেন, বর্ষাকালে নৌকায় খাল পার হয়ে জুম্মার নামাজে যেতে হয়। পল্লী চিকিৎসক হযরত আলী বলেন, সরকার পরিবর্তন হলেও বিলেরপাড় গ্রামের তেমন উন্নয়ন হয়নি। সেতু নির্মাণের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কটিও দ্রুত সংস্কার করা প্রয়োজন। এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী হাফিজুল ইসলাম বলেন, দ্রুত সেতু নির্মাণের প্রস্তাব পাঠানোসহ এলজিইডির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Advertisement