
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন মিষ্টি ও বেকারি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে পৌর শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো রাজু বেকারি, পাবনা ভাগ্যলক্ষ্মী সুইটস ও পাবনা বনফুল সুইটস। প্রতিষ্ঠানগুলোর স্বত্বাধিকারী যথাক্রমে জাহেদুল ইসলাম রাজু, রনি মোদক ও শম্ভুনাথ ঘোষকে ৩০ হাজার, ৩৫ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিএসটিআইয়ের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে সংস্থাটির লোগো ব্যবহার করায় বিএসটিআই আইন, ২০১৮-এর ২৭ ধারায় তাদের জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন দেন বিএসটিআই রংপুরের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান বলেন, ভোক্তাদের সাথে প্রতারণা রোধ ও পণ্যের মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের আইন মেনে পণ্য উৎপাদন ও বাজারজাত করার নির্দেশনা দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








