বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্ত থেকে সন্দেহভাজন আটক ৮

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রুমায় বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের ত্রিসীমানা এলাকা থেকে সন্দেহভাজন আটজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রুমা ব্যাটালিয়নের সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাঁবুসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন দেশের বিভিন্ন জেলার বাসিন্দা এবং দু’জন স্থানীয় বাসিন্দা। স্থানীয় দু’জন হলেন লংরাও ম্রো (২৫) ও ডনরয় ম্রো (৩০)। তাদের বাড়ি পাসিংপাড়ায়। অন্য ছয়জনের বাড়ি- ঝিনাইদহ, বরগুনা, ঢাকা, ভোলা ও চট্টগ্রামে।
বিজিবি জানায়, আটক ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনের ১৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে সন্দেহজনকভাবে অবস্থান করছিলেন। ত্রিসীমানা এলাকাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হওয়ায় সেখানে নজরদারি জোরদার রয়েছে।
রুমা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান শাহরিয়ার জানান, আটক ব্যক্তিরা পাসপোর্ট আইন, ১৯৭৩-এর ৩ ধারা লঙ্ঘন করে সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন। তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Advertisement