পাথরঘাটায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

 পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর তীরবর্তী টেংরা গ্রামের একটি খাল থেকে জালে পেঁচানো ১২ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৭টার দিকে পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সদস্য টাইগার জাকির সাপটি উদ্ধার করেন।
তিনি জানান, স্থানীয় ফার্মেসি ব্যবসায়ী আবদুর রহিমের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জালে পেঁচানো অবস্থায় অজগরটি উদ্ধার করেন।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা বদিউজ্জামান সোহাগ বলেন, অজগরটি উদ্ধারের পর তাৎক্ষণিকভাবে হরিণঘাটা বনে অবমুক্ত করা হয়েছে।
পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের সমন্বয়কারী শফিকুল ইসলাম খোকন জানান, জাকির দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য সংরক্ষণে স্বেচ্ছায় কাজ করছেন। এ পর্যন্ত তিনি প্রায় দুই হাজার অজগর উদ্ধার করেছেন বলে জানান তিনি।

Advertisement