
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের কটিয়াদীতে আমন মৌসুমে উচ্চ ফলনশীল ব্রি ধান-১০৩ জাতের বাম্পার ফলন হয়েছে। পরীক্ষামূলকভাবে ফসল কর্তন ও নমুনা পরিমাপে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ধান পাওয়া গেছে। রোগবালাইয়ের আক্রমণ কম, শক্ত ও মজবুত কাণ্ড এবং উন্নতমানের লম্বা-চিকন চালের কারণে জাতটি স্থানীয় কৃষকদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। ভালো ফলন পাওয়ায় আগামী মৌসুমে এ জাতের আবাদ বাড়ানোর প্রত্যাশা করছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
চলতি আমন মৌসুমে কটিয়াদী উপজেলার একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের বিভিন্ন ব্লকে প্রায় ৭০০ হেক্টর জমিতে ব্রি ধান-১০৩-এর আবাদ হয়েছে। কৃষি বিভাগের সহযোগিতায় কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়েছে।
গত রোববার বিকেলে উপজেলার কাহিতেরটেকী গ্রামে কৃষক মো: ফরহাদ হোসেনের জমিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে ব্রি ধান-১০৩-এর ফসল কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়। আমন-২০২৬ মৌসুমে জাতটির ফলন প্রদর্শনের লক্ষ্যে পার্টনার প্রকল্পের অর্থায়নে এবং ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের বাস্তবায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর।
কটিয়াদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রি গাজীপুরের ফলিত গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. বিশ্বজিৎ কর্মকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, ব্রি’র বৈজ্ঞানিক কর্মকর্তা মো: সাঈদ হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: আমান উল্লাহ এবং কটিয়াদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাইনুল হক মেনু। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা মো: মঈনুল ইসলাম। এ সময় বিভিন্ন ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় কৃষক-কৃষাণি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ব্রি ধান-১০৩ আমন মৌসুমের একটি সম্ভাবনাময় উচ্চ ফলনশীল জাত। এর গাছের কাণ্ড শক্ত হওয়ায় প্রাকৃতিক দুর্যোগেও সহজে হেলে পড়ে না। শিষে পর্যাপ্ত দানা ধরে এবং চাল লম্বা ও চিকন হওয়ায় বাজারেও ভালো চাহিদা তৈরির সম্ভাবনা রয়েছে। তুলনামূলক কম রোগবালাইয়ের আক্রমণ ও প্রতিকূল আবহাওয়ায় ফলন ধরে রাখার সমতা জাতটিকে কৃষকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। সুষম সার ব্যবস্থাপনা ও যথাযথ পরিচর্যা নিশ্চিত করলে আরো ভালো ফলন পাওয়া সম্ভব।
ব্রি সূত্রে জানা যায়, এ জাতের গড় জীবনকাল ১২৮ থেকে ১৩৩ দিন। পূর্ণবয়স্ক গাছের গড় উচ্চতা প্রায় ১২৫ সেন্টিমিটার। এক হাজারটি পুষ্ট ধানের ওজন ২৩ দশমিক ৭ গ্রাম। হেক্টরপ্রতি গড় ফলন ৬ দশমিক ২ টন হলেও উপযুক্ত পরিচর্যায় তা আট টন পর্যন্ত হতে পারে।
স্থানীয় কৃষক মো: ফরহাদ হোসেন জানান, উপজেলা কৃষি অফিস থেকে বিনামূল্যে বীজ পেয়ে তিনি এক বিঘা জমিতে এ জাতের ধান আবাদ করেছেন। কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় আশানুরূপ ফলন পেয়েছেন। আগামী তিন-চার দিনের মধ্যে ধান কাটা শুরু করবেন। ফলনে সন্তুষ্ট হয়ে ভবিষ্যতেও এ জাতের আবাদ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: শফিকুল ইসলাম ভূঞা বলেন, ফসল কর্তনের নমুনা পরিমাপে প্রতি বিঘায় ২৫ থেকে ৩০ মণ ফলন পাওয়া গেছে, যা অত্যন্ত আশাব্যঞ্জক। উচ্চ ফলন, উন্নতমানের চিকন চাল ও রোগবালাইয়ের তুলনামূলক কম আক্রমণের কারণে আগামী মৌসুমে উপজেলায় ব্রি ধান-১০৩-এর আবাদ আরো সম্প্রসারিত হবে বলে আশা করছেন তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








