
ডায়াবেটিস (বিশেষ করে টাইপ-২ ডায়াবেটিস) সম্পূর্ণ প্রতিরোধ করা বা দীর্ঘ সময় দূরে রাখা সম্ভব, যদি দৈনন্দিন জীবনযাত্রায় কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা হয়। গবেষণায় দেখা গেছে, জীবনযাত্রার সঠিক পরিবর্তনের মাধ্যমে প্রায় ৭০ শতাংশ পর্যন্ত টাইপ-২ ডায়াবেটিস প্রতিরোধ করা যায়। তবে টাইপ-১ ডায়াবেটিস জিনগত বা অটোইমিউনের কারণে হওয়ায় জীবনযাত্রার পরিবর্তনে প্রতিরোধ করা যায় না।
ডায়াবেটিসমুক্ত থাকতে যা মেনে চলবেন-
খাদ্যাভ্যাস পরিবর্তন : সঠিক খাবার নির্বাচন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বিশেষ করে চিনি ও মিষ্টিজাতীয় খাবার বর্জন করুন। যেমন সফট ড্রিংকস, প্যাকেটজাত জুস, মিষ্টি, কেক ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার।
আর আঁশযুক্ত (ফাইবার) খাবার বেশি খান। প্রতিদিনের খাদ্যতালিকায় প্রচুর শাকসবজি, ডাল, বাদাম এবং খোসাসহ ফল রাখুন। এ ছাড়া সাদা চাল ও ময়দার বদলে আস্ত শস্য বেছে নিন। এ ছাড়া ফাস্টফুড ও অতিরিক্ত তেল-চর্বি এড়িয়ে চলুন। একবারে পেট ভরে না খেয়ে পরিমিত পরিমাণে খান এবং প্লেটের অর্ধেক অংশ শাকসবজি দিয়ে পূর্ণ রাখুন।
শারীরিক পরিশ্রম : শরীর সচল রাখলে কোষগুলো ইনসুলিনকে আরো কার্যকরভাবে ব্যবহার করতে পারে। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট ব্যায়াম করুন। প্রতিদিন অন্তত ৩০ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন দ্রুত হাঁটা, সাঁতার কাটা বা সাইকেল চালানোর অভ্যাস করুন।
এ ছাড়া একটানা বসে থাকবেন না। দীর্ঘক্ষণ ডেস্কে বসে কাজ করলে প্রতি ৩০ থেকে ৬০ মিনিট পরপর উঠে ২-৩ মিনিট হাঁটাহাঁটি করুন। দুপুর বা রাতের খাবারের পর ১০-১৫ মিনিট হাঁটুন।
ওজন নিয়ন্ত্রণ : অতিরিক্ত ওজন, বিশেষ করে পেটের মেদ ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কার্যকারিতা কমিয়ে দেয়। শরীরের ওজনের ৫ থেকে ৭ শতাংশ কমান। ওজন স্বাভাবিকের চেয়ে বেশি হলে মাত্র ৫ থেকে ৭ শতাংশ ওজন কমান। এটা পারলেই ডায়াবেটিসের ঝুঁকি অর্ধেকের বেশি কমে যাবে।
ঘুম-মানসিক চাপ নিয়ন্ত্রণ : অপর্যাপ্ত ঘুম এবং অতিরিক্ত দুশ্চিন্তা শরীরে কর্টিসল হরমোনের সাথে রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয়। সে জন্য প্রতিদিন রাতে নির্দিষ্ট সময়ে ঘুমাতে যান এবং অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা নিরবচ্ছিন্ন ঘুম নিশ্চিত করুন। সেই সাথে মানসিক চাপ কমিয়ে ফেলুন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








