সম্প্রসারণের আগে বিদ্যমান নগরের পুনর্জাগরণ প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক 
নতুন নগর সম্প্রসারণের আগে বিদ্যমান নগরের পুনর্জাগরণ এবং সবার জন্য পর্যাপ্ত আবাসন নিশ্চিত করতে হবে। বিশ্ব নগর দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানিয়েছেন নগর পরিকল্পনাবিদ ও বিশেষজ্ঞরা। গতকাল সোমবার বিআইপি সম্মেলন কক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি), সেন্টার ফর হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ (এইচবিআরসি) এবং হ্যাবিটেট ফর হিউম্যানিটি বাংলাদেশ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। এবারের প্রতিপাদ্য ছিল ‘নগরের পুনর্জাগরণ : সবার জন্য পর্যাপ্ত আবাসন’।
বৈঠকে এইচবিআরসির শ্বেতপত্র ‘নগরের পুনর্জাগরণ, সবার জন্য আবাসন’ প্রকাশ করা হয়। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আবু সাদেক জানান, ৩০টির বেশি গবেষণা ও প্রকাশনা পর্যালোচনা করে শ্বেতপত্রটি তৈরি করা হয়েছে। জনশুমারি ২০২২ অনুযায়ী শহরের প্রতি তিনটি খানার একটি এবং গ্রামের প্রতি ১০টি খানার সাতটি কাঁচা বা ঝুপড়ি ঘরে বসবাস করছে মানুষ। বাংলাদেশে বস্তি গণনার ক্ষেত্রে মূলত ক্লাস্টারভিত্তিক পদ্ধতি অনুসরণ করা হয়, যেখানে জাতিসঙ্ঘের পদ্ধতিতে প্রতিটি বঞ্চিত খানাকে আলাদাভাবে বিবেচনা করা হয়। ফলে দেশে আবাসন ঘাটতির প্রকৃত চিত্র যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। শ্বেতপত্রের প্রাথমিক প্রাক্কলন অনুযায়ী, ২০২২ থেকে ২০৩০ সালের মধ্যে দেশে এক কোটি ১২ লাখ থেকে এক কোটি ৩৫ লাখ নতুন ঘর নির্মাণ এবং প্রায় এক কোটি ৯৬ লাখ বিদ্যমান ঘরের উন্নয়ন প্রয়োজন। শহরাঞ্চলে নতুন আবাসনের চাহিদা বেশি হলেও গ্রামাঞ্চলে বিদ্যমান ঘরের মানোন্নয়নের প্রয়োজনীয়তা বেশি। শ্বেতপত্রে পর্যাপ্ত আবাসনের জন্য ছয়টি পরিমাপযোগ্য শর্ত নির্ধারণ, খানাভিত্তিক বস্তি গণনা এবং বস্তি ও দখলি বসতির পৃথক সংজ্ঞা প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি ফেরোসিমেন্ট রেট্রোফিটিং, ইটভাটামুক্ত হালকা দেয়াল এবং বন্যা-সহনশীল গ্রামীণ ঘরের মতো সম্ভাব্য সমাধান তুলে ধরা হয়। শ্বেতপত্রের শেষাংশে এ বিষয়ে এইচবিআরসির ছয়টি অঙ্গীকারও উল্লেখ করা হয়েছে।
বৈঠকে বক্তারা বলেন, টেকসই নগর গড়তে শুধু সড়ক ও অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়; সাশ্রয়ী ও নিরাপদ আবাসন, পরিকল্পিত ভূমি ব্যবহার, কর্মসংস্থান এবং নাগরিক সেবাও নিশ্চিত করতে হবে। আবাসন পরিকল্পনায় মানুষের আর্থিক সক্ষমতা, স্থানীয় বাস্তবতা ও পরিবেশগত বিষয় বিবেচনার ওপরও তারা গুরুত্ব দেন। বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ আশিকুর রহমান জোয়ারদার ভবনের নিরাপত্তা ও টেকসই বৈশিষ্ট্য মূল্যায়নে একটি রেটিং ব্যবস্থা চালুর প্রস্তাব দেন। অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান আবাসনের ব্যয় মানুষের আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি ভাড়াভিত্তিক আবাসন সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। 
বিশেষজ্ঞ বক্তারা জাতীয় নগর নীতির কার্যকর বাস্তবায়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বৃদ্ধি এবং ঢাকা ও চট্টগ্রামের বাইরে অন্যান্য শহরের উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন ও বড় শহরমুখী অভিবাসনের চাপ কমাতে স্থানীয় পর্যায়ে সুযোগ-সুবিধা ও কর্মসংস্থান বাড়াতে হবে। 
বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম বলেন, আবাসন সঙ্কট নগরের সামগ্রিক সমস্যার একটি অংশ। ভূমি ব্যবহার, পরিবেশ, পরিবহন ও অন্যান্য নগর সমস্যার সমন্বিত সমাধান ছাড়া কার্যকর নগর পরিকল্পনা সম্ভব নয়।
বৈঠকে অংশগ্রহণকারীরা আবাসনের অভিন্ন সংজ্ঞা ও পরিমাপের মানদণ্ড নির্ধারণ, খানাভিত্তিক বস্তি গণনা এবং পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন। আলোচনার সুপারিশগুলো অনলাইন শ্বেতপত্রের পরিশিষ্ট হিসেবে প্রকাশ করা হবে।