জিয়াউল আহসানকে ভার্চুয়াল হাজিরার আদেশ

 নিজস্ব প্রতিবেদক

  •  অসুস্থতা ও অসহযোগিতায় একই ব্যবস্থা
  • ৫ আগস্টের দায় স্বীকার লতিফ সিদ্দিকীর
  • বিদেশী আইনজীবী নিয়োগে বার কাউন্সিলের অনুমতি

 

মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আর সশরীরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে না। কারাগারে রেখেই অডিও-ভিডিও সংযোগের মাধ্যমে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন তিনি। শুধু জিয়াউল নন, কোনো আসামি দীর্ঘদিন অসুস্থ থাকলে, আদালতে হাজির হতে অনীহা প্রকাশ করলে কিংবা অনিয়মিত আচরণ ও অসহযোগিতার মাধ্যমে বিচারকাজ ব্যাহত করলে তার ক্ষেত্রেও এ ব্যবস্থা নেয়া যাবে। গতকাল সোমবার শাপলা চত্বরের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এ আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-২।
শুনানি শেষে প্রসিকিউটর গাজী এইচ এম তামীম সাংবাদিকদের বলেন, জিয়াউল আহসানকে ভার্চ্যুয়ালি হাজির করার জন্য প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আগামী ২৩ তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করা হয়েছে।
সোমবার দুপুরে জিয়াউল আহসানকে দুই হাত পেছনে নিয়ে হাতকড়া পরিয়ে, মাথায় হেলমেট ও বুকে ভেস্ট দিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয়। একইভাবে হাজির করা হয় মামলার অন্য আসামিদেরও। তবে শুনানি চলাকালে তাদের হাতকড়া, হেলমেট ও ভেস্ট খুলে নেয়া হয়। শুনানি শেষে অন্য আসামিদের হাতকড়া ছাড়াই হাজতখানায় নেয়া হলেও জিয়াউলকে হাতকড়া পরিয়েই নিয়ে যাওয়া হয়।
এদিন বেলা ১২টার দিকে পুলিশের প্রিজনভ্যানে করে জিয়াউলকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে আনা হয়। বেলা পৌনে ১টার দিকে অন্য আসামিদের সাথে তাকে এজলাসে তোলা হয়। এ সময় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী মো: শামসুল হক (টুকু), সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক ডিআইজি মোহা: আবদুল জলিল মণ্ডল এবং একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবুও উপস্থিত ছিলেন।
এজলাসে নেয়ার সময় আবদুল লতিফ সিদ্দিকী হাতকড়া পরানোর প্রতিবাদ জানান। পরে ট্রাইব্যুনালের অনুমতি নিয়ে আইনজীবীদের ডায়াসে দাঁড়িয়ে তিনি বলেন, ৫ আগস্টের দায় তিনি স্বীকার করেন। এ কারণে গ্রেফতারি পরোয়ানা জারির পর নিজেই গ্রেফতারের অনুরোধ করেছিলেন। পরে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তিনি জামিনও চান।
জিয়াউলের আচরণ নিয়ে অভিযোগ
ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর মো: আমিনুল ইসলাম বলেন, কারাগার থেকে আনার সময় জিয়াউল আহসান হাতকড়া পরতে চাননি। এ নিয়ে পুলিশের সাথে দুর্ব্যবহার করেছেন। কখনো অসুস্থতার কথা বলেছেন, আবার কখনো কর্তব্যরত পুলিশ সদস্যদের সাথে অসহযোগিতা করেছেন। এতে বিচারিক কার্যক্রম শুরু হতে প্রায় দুই ঘণ্টা বিলম্ব হয়। অথচ পরে তাকে ট্রাইব্যুনালে সম্পূর্ণ সুস্থ দেখা গেছে বলে দাবি করেন তিনি।
চিফ প্রসিকিউটরের ভাষ্য, জিয়াউল আগের শুনানিতে আলাদা প্রিজনভ্যানে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন। অন্য আসামিদের সাথে একই ভ্যানে আসার দাবি করেছিলেন। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কারা কর্তৃপক্ষ এবার সবাইকে একই পদ্ধতিতে হাজির করেছে বলে তার ধারণা। বন্দীদের নিরাপত্তার স্বার্থে আদালতে হাজির করার পদ্ধতি নির্ধারণে প্রিজনার্স অ্যাক্টের ৫৬, ৫৭ ও ৫৮ ধারায় কারা কর্তৃপক্ষের এখতিয়ার রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
জিয়াউলের বোন ও আইনজীবী নাজনীন আক্তারের বিরুদ্ধেও অভিযোগ করেন আমিনুল ইসলাম। তার দাবি, আগের শুনানির দিন নাজনীন কর্তব্যরত পুলিশ সদস্যদের হুমকি দিয়েছিলেন এবং পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিলেন। তার সাথে থাকা এক ব্যক্তি মুঠোফোনে এসব ঘটনা ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। এ ধরনের আচরণ অব্যাহত থাকলে নাজনীনের বিরুদ্ধে লিখিত আবেদন ও প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর।
ভার্চ্যুয়াল হাজিরার আইনি ভিত্তি
আমিনুল ইসলাম বলেন, কোনো আসামির অসহযোগিতা বা অনিয়মিত আচরণের কারণে বিচারকাজ যেন ব্যাহত না হয়, সেজন্য সব আসামির ক্ষেত্রে ভার্চ্যুয়াল হাজিরার সুযোগ চেয়ে আবেদন করা হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৯(ক) ধারা এবং বিধিমালার ৪৫, ৪৬(ক) ও ৫৭ বিধিতে অডিও-ভিডিও ব্যবস্থায় বিচার পরিচালনার সুযোগ রয়েছে। এ ছাড়া আদালত কর্তৃক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০২০-এর বিধানও রয়েছে।
প্রসিকিউটর গাজী এইচ এম তামীম জানান, জিয়াউলের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা ও গুমের অভিযোগে ট্রাইব্যুনাল-১-এ আরেকটি মামলা চলছে। ওই মামলায় আগেই তাকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সে হাজির করার আদেশ দেয়া হয়েছিল। সেখানে তিনি আইনজীবীদের সাথে এবং বিচারকদের সাথে সরাসরি কথা বলতে পারছেন। ভার্চ্যুয়ালি অংশ নিতে কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চাইলে তিনি অসুবিধা নেই বলে জানিয়েছিলেন।
মোজাম্মেলের বিদেশী আইনজীবীর আবেদন
এ দিকে মামলার আসামি মোজাম্মেল বাবুর পক্ষে বিদেশী আইনজীবী নিয়োগের আবেদন নিয়েও শুনানি হয়েছে। চিফ প্রসিকিউটর জানান, এ আবেদনের বিরোধিতা করেছে প্রসিকিউশন। তাদের বক্তব্য, বাংলাদেশ বার কাউন্সিলের অনুমতি ছাড়া বিদেশী আইনজীবীকে সরাসরি আসামিপক্ষে নিয়োগ দেয়ার সুযোগ নেই। আমিনুল ইসলাম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ১১(৮) ধারায় এ বিষয়ে বিধান রয়েছে। বার কাউন্সিল অনুমতি দিলে ট্রাইব্যুনাল বিদেশী আইনজীবী নিয়োগের বিষয়টি বিবেচনা করতে পারেন। তবে বিদেশী আইনজীবী, প্রতিনিধি কিংবা জাতিসঙ্ঘ মিশনের প্রতিনিধিরা ট্রাইব্যুনালের কার্যক্রম পর্যবেক্ষণ এবং আসামিপক্ষের আইনজীবীদের সহযোগিতা করতে পারবেন।
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় এ মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ এ মামলায় আসামি ৪১ জন। তাদের মধ্যে গ্রেফতার ১১ জনের একজন জিয়াউল আহসান। সব বিষয়ে শুনানি শেষে আগামী ২৩ তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন ট্রাইব্যুনাল।