
কাওসার আজম, তুরস্ক থেকে
- সবুজ বিনিয়োগ অংশীদারত্ব ২৬ বিলিয়ন ডলার
- বাংলাদেশের প্রয়োজন ৯০ বিলিয়ন ডলার
- অভিযোজনে চাহিদা বছরে ৩০৫ বিলিয়ন
- দ্বিতীয় সপ্তাহে সিদ্ধান্তের অপেক্ষা
জলবায়ু অর্থায়ন, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমানোর নানা অঙ্গীকারের মধ্য দিয়ে শেষ হয়েছে জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর প্রথম সপ্তাহ। তুরস্কের আনতালিয়ায় চলমান সম্মেলনে প্রথম সাত দিনে ২৬ বিলিয়ন ডলারের বেশি সবুজ বিনিয়োগের অংশীদারত্ব এবং জলবায়ু অর্থায়নে ১০ বিলিয়ন ডলার সংগ্রহের প্রতিশ্রুতি এসেছে। তবে এসব অঙ্গীকারের বাস্তবায়ন, অর্থের উৎস ও বণ্টন এবং উন্নয়নশীল দেশের চাহিদা পূরণে সমঝোতার ঘাটতি রয়ে গেছে।
বাংলাদেশের জন্য সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জলবায়ু অর্থায়ন, অভিযোজন ও ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ। বৈশ্বিক নিঃসরণে অবদান সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। বন ও পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু সম্মেলনে বলেছেন, নিজস্ব সক্ষমতায় গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ ৬ দশমিক ৩ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক সহায়তা পেলে আরো ১২ দশমিক ৫ শতাংশ কমানো সম্ভব। এ জন্য প্রায় ৯০ বিলিয়ন ডলার সহায়তা প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের জন্য বেশি দায়ী দেশগুলোর কাছ থেকে ক্ষতিগ্রস্ত দেশের জন্য অর্থ নিশ্চিত করার দাবিও জানিয়েছে বাংলাদেশ।
৯ থেকে ২০ নভেম্বরের এ সম্মেলনে শতাধিক দেশের নেতা ও এক লাখের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন। বিনিয়োগের বড় অঙ্ক সামনে এলেও ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রত্যাশা- অনুদানভিত্তিক অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সহজলভ্য অভিযোজন সহায়তা- এখনো পুরোপুরি পূরণ হয়নি।
সবুজ বিনিয়োগে বড় ঘোষণা
প্রথম সপ্তাহে তুরস্ক ও চীনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ১৫ বিলিয়ন ডলারের বিনিয়োগ অংশীদারত্বের ঘোষণা এসেছে। ইউরোপীয় পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (ইবিআরডি) ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলো সম্মিলিতভাবে ৫ দশমিক ১ বিলিয়ন ডলারের অর্থায়ন-সংশ্লিষ্ট উদ্যোগের কথা জানিয়েছে। সবমিলিয়ে সবুজ বিনিয়োগের অংশীদারত্ব ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
জলবায়ু অর্থায়নে নরওয়ে, কানাডা ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশ ১০ বিলিয়ন ডলার সংগ্রহের প্রতিশ্রুতি দিয়েছে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৪টি দ্বীপরাষ্ট্রের জলবায়ু সহনশীলতা বাড়াতে এক বিলিয়ন ডলারের বেশি সহায়তার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। তবে এর কতটা অনুদান, কতটা ঋণ কিংবা বেসরকারি বিনিয়োগ, তা স্পষ্ট হওয়া জরুরি বলে মনে করছেন উন্নয়নশীল দেশের প্রতিনিধিরা। কৃষিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (আইএফএডি) ৭০ মিলিয়ন ডলারের বন্ড চালুর উদ্যোগের কথা জানিয়েছে।
অভিযোজনে চাহিদা ও প্রতিশ্রুতির ব্যবধান
২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে বছরে ১২০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রস্তাব আলোচনায় এসেছে; কিন্তু বিভিন্ন হিসাবে এ খাতে প্রয়োজনীয় অর্থ বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার। অর্থাৎ প্রস্তাবিত অর্থায়ন চাহিদার তুলনায় অনেক কম। একই সময়ের মধ্যে উন্নয়নশীল দেশের জন্য বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের বৃহত্তর লক্ষ্য নিয়েও আলোচনা চলছে। তবে অর্থের উৎস, সরকারি ও বেসরকারি অর্থায়নের অনুপাত এবং ঋণ-অনুদানের বিভাজন নিয়ে মতপার্থক্য রয়েছে। ক্ষয়ক্ষতি তহবিল কার্যকর করা এবং ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত অর্থ পৌঁছানোর দাবিও জোরালো হয়েছে।
মিথেন, জীবাশ্ম জ্বালানি ও বিদ্যুতায়ন
মিথেন নিঃসরণ কমাতে ৪৮০ মিলিয়ন ডলারের অর্থায়ন এবং উদ্যোগ বাস্তবায়নে আরো ২৫ মিলিয়ন ডলারের তহবিল সহায়তার ঘোষণা এসেছে। জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ নিয়েও আলোচনা চলছে। তবে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানোর সময়সীমা ও পদ্ধতি নিয়ে দেশগুলোর অবস্থান এক নয়। উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য, জ্বালানি রূপান্তরের নামে তাদের উন্নয়ন ও জ্বালানি নিরাপত্তা বাধাগ্রস্ত করা যাবে না। এ জন্য অর্থায়ন, প্রযুক্তি সহায়তা ও ন্যায্য রূপান্তরের নিশ্চয়তা চাই।
‘৩৫ বাই ৩৫’ উদ্যোগে ২০৩৫ সালের মধ্যে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য সামনে এসেছে। এতে ১৮০টি কোম্পানি সমর্থন জানিয়েছে। তাদের সম্মিলিত বার্ষিক আয় প্রায় ১ দশমিক ৬৯ ট্রিলিয়ন ডলার। ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছানোর লক্ষ্যও তুলে ধরা হয়েছে। বাংলাদেশে প্রায় আট লাখ ৭০ হাজার ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সম্ভাবনা আছে, যা থেকে প্রায় পাঁচ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তবে এ খাতে প্রায় ৮০ শতাংশ বিনিয়োগ বিদেশী উৎসের ওপর নির্ভরশীল।
এআই ও কৃষকের দাবি
সম্মেলনে ‘আনতালিয়া এআই প্লেজ’, এআই-নির্ভর পরিচ্ছন্ন প্রযুক্তি উদ্যোগ এবং ‘গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’ ঘোষণার উদ্যোগ নেয়া হয়েছে। জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল সতর্ক করেছেন, ডাটা সেন্টারের বিপুল বিদ্যুৎ ও পানির চাহিদা এবং জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎ নতুন সঙ্কট তৈরি করতে পারে।
বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, খাদ্যব্যবস্থা, কৃষক ও শ্রমিকের অধিকার প্রত্যাশিত গুরুত্ব পায়নি। বারসিকের পরিচালক ও পরিবেশকর্মী পাবেল পার্থ বলেন, অভিযোজন ও ক্ষয়ক্ষতি তহবিলের একটি বড় অংশ লোকায়ত জ্ঞানভিত্তিক কৃষি ও কৃষকের সক্ষমতা বাড়াতে ব্যয় করা দরকার। স্থানীয় বীজ, কৃষকের অধিকার ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করার দাবিও তিনি তোলেন।
দ্বিতীয় সপ্তাহে সিদ্ধান্তের অপেক্ষা
এক দিন বিরতির পর গতকাল সোমবার দ্বিতীয় সপ্তাহের আলোচনা শুরু হয়েছে। প্রথম সপ্তাহে ১০০টির বেশি এজেন্ডা ও প্রায় ৬০টি ম্যান্ডেট নিয়ে আলোচনা এগিয়েছে। এখন চ্যালেঞ্জ, ঘোষণাগুলোকে কার্যকর সিদ্ধান্তে রূপ দেয়া। বিশেষ করে অভিযোজন অর্থায়ন, ক্ষয়ক্ষতি তহবিল, জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ এবং সহায়তার শর্ত নিয়ে সমঝোতা দরকার। সম্মেলনের সাফল্য নির্ভর করবে প্রতিশ্রুত অর্থ কত দ্রুত ও কী শর্তে ক্ষতিগ্রস্ত দেশের কাছে পৌঁছায়, তার ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








