
নিজস্ব প্রতিবেদক
স্কুল-কলেজ জাতীয়করণের শর্ত শিথিল করা হচ্ছে। নতুন নীতিমালায় শিক্ষার্থীদের পাসের হারের বিষয়টি বাদ দেয়া হচ্ছে। তবে আগের পাঁচ বছরের পাবলিক পরীক্ষার ফলাফলে ভালো করা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। একই সাথে খসড়া নীতিমালায় নতুন করে ২৫ বছর বয়সের শর্ত যুক্ত করা হয়েছে। আগের খসড়া নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সব পাবলিক পরীক্ষায় কমপক্ষে ৯০ শতাংশ অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছিল। এ ছাড়া মাধ্যমিক পর্যায়ে পাবলিক পরীক্ষায় উত্তীর্ণের ন্যূনতম হার ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকে ৮০ শতাংশ এবং স্নাতক (পাস) পর্যায়ে ৭০ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খসড়া নীতিমালায় এসব শর্ত সংযোজন ও বিয়োজন করা হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিনের অনুমোদনের পর নীতিমালাটি গেজেট আকারে জারি করা হবে।
সভায় নীতিগতভাবে চূড়ান্ত হওয়া খসড়া নীতিমালায় বলা হয়েছে, জাতীয়করণের জন্য প্রস্তাবিত শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকাল ন্যূনতম ২৫ বছর হতে হবে। প্রতিষ্ঠানে প্রয়োজনীয় সংখ্যক শ্রেণিকক্ষ, সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত টয়লেট এবং প্রয়োজনীয় ভৌত অবকাঠামো থাকতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে ভবনে র্যাম্পের ব্যবস্থা থাকতে হবে।
অন্যান্য শর্তের মধ্যে রয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর কর্তৃক সম্ভাব্যতা যাচাই এবং সরকারপ্রধানের নীতিগত অনুমোদন গ্রহণ করতে হবে। সরকারপ্রধানের চূড়ান্ত অনুমোদনের আগে বিধি অনুযায়ী অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সম্মতি নিতে হবে। সরকারিকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সব স্থাবর-অস্থাবর সম্পত্তি স্বয়ংক্রিয়ভাবে সরকারের অনুকূলে হস্তান্তরিত হয়েছে বলে গণ্য হবে।
সরকার জনস্বার্থে যেকোনো এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ করতে পারবে। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিজস্ব দখল ও মালিকানায় খেলার মাঠসহ পর্যাপ্ত, শর্তমুক্ত, অখণ্ড ও নিষ্কণ্টক উপযুক্ত ভূমি থাকতে হবে।
শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত ২০২৩) প্রযোজ্য হবে। এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রযোজ্য ক্ষেত্রে এনটিআরসিএর নিবন্ধনধারী ও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক-প্রদর্শক প্যাটার্নভুক্ত পদে নিয়োগপ্রাপ্ত থাকতে হবে।
গ্রন্থাগার
নীতিমালার খসড়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগারে বইয়ের ন্যূনতম সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে কমপক্ষে তিন হাজার বই, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচ হাজার এবং উচ্চ মাধ্যমিক ও স্নাতক কলেজের গ্রন্থাগারে কমপক্ষে ১০ হাজার বই থাকতে হবে।
সহপাঠক্রমিক কার্যক্রম
শিক্ষাপ্রতিষ্ঠানে তৃতীয় ভাষা শিক্ষা, কারিগরি ট্রেড কোর্স, ল্যাঙ্গুয়েজ ক্লাব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, খেলাধুলা, সাঁতার, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, বৃক্ষরোপণ, স্কাউটিং ও গার্লস গাইড, কম্পিউটার, বিএনসিসি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন কার্যক্রমে কার্যকর অংশগ্রহণ থাকতে হবে।
ল্যাব ও আইসিটি সুবিধা
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য মানসম্মত ল্যাবরেটরি এবং প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটারসহ অন্তত একটি স্বতন্ত্র আইসিটি বা কম্পিউটার ল্যাব থাকতে হবে।
অগ্রাধিকার পাবে যেসব প্রতিষ্ঠান
সরকারীকরণের ক্ষেত্রে আর্থসামাজিকভাবে অনগ্রসর, দুর্বল, দুর্গম, দারিদ্র্যপীড়িত ও অপেক্ষাকৃত কম শিক্ষার হারবিশিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান অগ্রাধিকার পাবে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার পুরনো ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং আগের পাঁচ বছরের মোট শিক্ষার্থীর সংখ্যা ও পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এলাকাভিত্তিক অবস্থান বিবেচনা করা হবে।
এ ছাড়া সরকার বিশেষ বিবেচনায় এ নীতিমালার যেকোনো শর্ত শিথিল করে যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান সরকারীকরণ করতে পারবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








