অতীতের লুটপাটের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন : পিআইডি।

নয়া দিগন্ত ডেস্ক
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করছে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান। একই সাথে তিনি দেশের স্বার্থে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা এবং বিগত সরকারের আমলে অর্থনীতি ও ব্যাংকিং খাতে লুটপাটের প্রকৃত চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।
গতকাল দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এর প্রকৃত চিত্র এখনো জাতিকে পুরোপুরি বোঝানো সম্ভব হয়নি। ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত পাকিস্তান দেশের যে অর্থনৈতিক ক্ষতি করেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ তার চেয়ে বেশি ক্ষতি করেছে।
তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করা হয়েছে। খেলাপি ঋণের পরিমাণ ছয় থেকে ১০ লাখ কোটি টাকায় দাঁড়িয়েছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়ম ও লুটপাটে ব্যাংকিং খাতের এ অবস্থা হয়েছে। বিদ্যুৎ খাতেও ওভারপ্রাইসিংয়ের মাধ্যমে বিপুল অর্থ লুটপাট করা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা ও অনিবন্ধিত অনলাইন পোর্টাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য আইনের আওতায় আনতে সাইবার সিকিউরিটি আইনটি রাখার চেষ্টা করা হচ্ছে। ফেসবুকে গালিগালাজের অপসংস্কৃতি রোধ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টালের ফেক নিউজ বন্ধে সরকার কাজ করছে। নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা, বিজ্ঞাপন প্রাপ্তি ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জ ছাড়া সারা দেশে দলটির রাজনৈতিক অস্তিত্ব নেই। জুলাই গণ-অভ্যুত্থান অস্বীকার করে তাদের রাজনীতি করার সুযোগ নেই। ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রীর দেশে ফেরার প্রচারণাকে ‘রাজনৈতিক ব্লাফ’ আখ্যা দেন তিনি।
তথ্যমন্ত্রী আরো বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের একাধিক গণমাধ্যমের মালিকানা না রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ফ্যাসিস্ট শক্তি যেন আর ফিরে আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। একই সাথে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রেখে গণতন্ত্র ও বস্তুনিষ্ঠ সমালোচনার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক শরিফুজ্জামান পিন্টু ও সদস্যসচিব ইফতেখার মাহমুদসহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।