চট্টগ্রামে বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব চীনা প্রতিষ্ঠানের

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বর্জ্য থেকে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব দিয়েছে চীনের প্রতিষ্ঠান কনচ ভেঞ্চার। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেনের সাথে এক বৈঠকে রোববার প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ প্রস্তাব তুলে ধরেন। এ সময় তারা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নিজেদের অভিজ্ঞতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং বিভিন্ন দেশে বাস্তবায়িত প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
টাইগারপাসের চসিক কার্যালয়ে বৈঠকে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, আমরা বর্জ্যকে শুধু অপসারণের বিষয় হিসেবে দেখতে চাই না, বরং সম্পদে রূপান্তর করতে চাই। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ, পরিবহন ও অপসারণে সিটি করপোরেশনকে উল্লেখযোগ্য অর্থ ও জনবল ব্যয় করতে হয়। অথচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই বর্জ্য থেকে বিদ্যুৎ, জৈবসারসহ বিভিন্ন মূল্যবান সম্পদ উৎপাদনের সুযোগ রয়েছে। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চাই।
বৈঠকে চীনা প্রতিনিধিদল জানায়, কনচ ভেঞ্চার চীনসহ বিভিন্ন অঞ্চলে তাদের মোট ১১২টি চুক্তিবদ্ধ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প রয়েছে। ২০২৫ সালে প্রতিষ্ঠানটি প্রায় এক কোটি ৬৪ লাখ ৭০ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াকরণ করেছে। প্রতিনিধিদল চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনায় নিজেদের প্রযুক্তি প্রয়োগের সম্ভাবনা তুলে ধরে ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার একটি প্রকল্প প্রস্তাব করে। প্রস্তাবটির কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা এবং বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বৈঠকে আলোচনা হয়।
বৈঠকে চীনা প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন আনহুই হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের জেনারেল ম্যানেজার হান জিউ, কনচ কাওয়াসাকি ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের নির্বাহী উপমহাব্যবস্থাপক লি চাওহুই, হাইচুং গ্রিন এনার্জি এনভায়রনমেন্টাল প্রোটেকশন গ্রুপের অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট অফিসের সুপারভাইজার চেং, প্রতিনিধি কেন্ট, কাও এবং ডিএন অ্যাসোসিয়েটসের লেফটেন্যান্ট কর্নেল (অব:) আহমেদ ড্যানিয়েল ইসলাম।

Advertisement