জামায়াত-এনসিপিসহ জুলাইয়ের পক্ষের দলগুলোকে নিয়ে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য মোকাবেলা করুন: জুবেইদা কাদের চৌধুরী


গোপালগঞ্জসহ সারা দেশে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য, সহিংসতা, অগ্নিসংযোগ ও বিভিন্ন অপতৎপরতা মোকাবেলায় জামায়াতে ইসলামীর আমিরসহ বিরোধী দলগুলোর শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে ঐক্যবদ্ধ রাজনৈতিক উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী। গতকাল সোমবার বিকেলে রাজধানীর পল্টনস্থ দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আহ্বান জানান।
অধ্যক্ষ জুবেইদা কাদের চৌধুরী বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সরকারকে দলীয় সঙ্কীর্ণতার ঊর্ধ্বে উঠে জামায়াতে ইসলামীর আমির, এনসিপির শীর্ষ নেতৃত্বসহ বিরোধী দলগুলোর প্রধানদের আলোচনায় ডাকতে হবে। জুলাই আন্দোলনের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য ও সহিংসতা মোকাবেলায় কার্যকর কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। 
সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আনোয়ার হোসেন আবুড়ী, মুখপাত্র জহির উদ্দিন মোহাম্মদ বাবর, সাংগঠনিক সম্পাদক এসআই ইসলাম মিলন, কেন্দ্রীয় নেতা তারেক জমির সজীব, সহসভাপতি অ্যাডভোকেট মো: জসিম উদ্দিন, শেখ আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, খন্দকার জিয়াউদ্দিন এবং ঢাকা মহানগর নেতা মো: হামিম নাজমী। বিজ্ঞপ্তি।

Advertisement