
কূটনৈতিক প্রতিবেদক
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৃষি বাণিজ্য সম্প্রসারণের সুযোগগুলো তুলে ধরার লক্ষ্যে ঢাকায় ‘টেস্ট অব আমেরিকা’ শীর্ষক একটি খাদ্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মার্কিন দূতাবাসের উদ্যোগে রাজধানীর শেরাটন হোটেলে গতকাল আয়োজিত এ প্রদর্শনীতে যুক্তরাষ্ট্রের উন্নত মানের মার্কিন গরুর গোশতসহ বিভিন্ন কৃষিপণ্য উপস্থাপন করা হয়। প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্য ও উপকরণের গুণমান, বৈচিত্র্য এবং বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানার সুযোগ পান।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি কৃষি বাণিজ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করা এবং বাংলাদেশের বাজারে যুক্তরাষ্ট্রের খাদ্যপণ্যের প্রসার ঘটানোর বিভিন্ন সুযোগের ওপর আলোকপাত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যুক্তরাষ্ট্রের উপকরণ ব্যবহার করে কাপকেক তৈরির প্রতিযোগিতা, যা রান্নার ক্ষেত্রে মার্কিন খাদ্যপণ্যের বহুমুখী ব্যবহারের বিষয়টি ফুটিয়ে তোলে। এ ছাড়া অনুষ্ঠানে পারস্পরিক যোগাযোগের সুযোগ, মতবিনিময় পর্ব এবং সঙ্গীত পরিবেশনার আয়োজন ছিল, যা বাণিজ্যিক প্রসারের পাশাপাশি সাংস্কৃতিক মেলবন্ধনেরও সুযোগ তৈরি করেছে।
মার্কিন দূতাবাস জানিয়েছে, এই আয়োজনটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি খাদ্য ও আতিথেয়তা খাতে বিদ্যমান বিভিন্ন বাণিজ্যিক সম্ভাবনাকে তুলে ধরা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








