হজের বর্ধিত কোটায় প্রাথমিক নিবন্ধন শুরু

 নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজের বর্ধিত কোটায় এবং সরকারি মাধ্যমের অব্যবহৃত কোটায় হজযাত্রীদের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। আগামী ২২ নভেম্বর পর্যন্ত এ নিবন্ধন চলবে। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর আগামী বছরের (২০২৭ সাল) হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়। বাংলাদেশের মোট অনুমোদিত হজযাত্রীর কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। পরবর্তীতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বাংলাদেশের হজযাত্রীর কোটা  পাঁচ হাজার বৃদ্ধি করে। ২০২৭ সালের হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বর্ধিত বা অব্যবহৃত কোটা পূর্ণ হওয়ার সাথে সাথে নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।