ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল

নয়া দিগন্ত ডেস্ক
দেশের বিভিন্ন হাসপাতালে গতকাল সকাল ৮টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছেন এক লাখ ৬৪ হাজার ১০৭ জন। এর মধ্যে মারা গেছেন মোট ৫০২ জন। সারা দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন পাঁচ হাজার ৬১৭ জন ডেঙ্গুরোগী।