তীব্র ঘূর্ণিঝড় আকভান আঘাত হানতে পারে বৃহস্পতিবার

 নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করেছে এবং এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছিল। গতকাল দিবাগত রাতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস ছিল। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে আকভান। নামটি ইরানের আবহাওয়া দফতর রেখেছে। ইরানের পৌরাণিক কাহিনীতে ‘আকভান দিভ’ নামে এক মায়াবী ও রূপ পরিবর্তনকারী দানবের কথা উল্লেখ রয়েছে। সে বন্যগাধা বা প্রবল ঝড়ের রূপ ধারণ করতে পারত এবং পারস্যের কিংবদন্তি বীর রুস্তমের হাতে নিহত হয়েছিল। পৌরাণিক গল্পে আকভান দানবের ঝড় বা প্রবল বাতাসে রূপান্তরিত হওয়ার ক্ষমতার সাথে মিল রেখেই বঙ্গোপসাগরের এ ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টি আগামী বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর এর মধ্যে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা রাজ্যের মধ্যবর্তী যেকোনো স্থানের উপকূলে আঘাত হানতে পারে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল রোববার মধ্যরাতে গভীর নিম্নচাপটির কেন্দ্র ছিল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায়। সোমবার দুপুরে গভীর নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় এক হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার থেকে এক হাজার ২৭৫ কিলোমিটার, মোংলা থেকে এক হাজার ২৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।