
পুঁজিবাজারে একেক সময় একেক খাতেই বিনিয়োগকারীদের আগ্রহ দেখা যায়। এই কিছুদিন আগেও ব্যাংক ও মিউচুয়াল ফান্ডই ছিল তাদের পছন্দের শীর্ষে। কিন্তু হালে পরিবর্তন ঘটেছে বিনিয়োগে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে তাদের পছন্দের। দীর্ঘসময় ধরে একপ্রকার ঝিমিয়ে থাকা টেক্সটাইল খাতই এখন তাদের পছন্দের তালিকার শীর্ষে। পুঁজিবাজারের সাম্প্রতিক লেনদেন চিত্রে এটি স্পষ্ট হয়ে ওঠে। গত কয়েক দিনে দুই পুঁজিবাজারের লেনদেন চিত্র বিশ্লেষণে দেখা যায়, লেনদেন ও মূল্যবৃদ্ধি- দুই ক্ষেত্রেই টেক্সটাইলের সুস্পষ্ট প্রাধান্য রয়েছে। গতকালের দুই পুঁজিবাজারের চিত্রও ছিল একই রকম। লেনদেন ও মূল্যবৃদ্ধি দুই ক্ষেত্রেই প্রাধান্য ছিল টেক্সটাইল খাতের।
সংশ্লিষ্টরা মনে করেন, অতি সম্প্রতি মন্দা কাটিয়ে ওঠার পথে রয়েছে পুঁজিবাজার। বাজার নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে এক ধরনের সেতুবন্ধনের সূচনার পাশাপাশি বাজার উন্নয়নে বেশ কিছু ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে যাতে নতুন করে আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে। আর এ ক্ষেত্রে বিনিয়োগকারীরা বরাবরের মতো এবারো নির্দিষ্ট খাতেই নিজেদের বিনিয়োগ বাড়াচ্ছে। এক সময় ব্যাংকিং খাতই ছিল প্রথম পছন্দ। শেয়ারের সরবরাহের পাশাপাশি এ খাতের বেশ কয়েকটি কোম্পানির পারফর্ম্যান্স তাদের এ খাতটির দিকে টেনে আনে। অভিহিত মূল্যের আশপাশে থাকা কোম্পানিগুলোর বেশ কয়েকটি এ মুহূর্তে ২০ থেকে ৩০ টাকার মধ্যে লেনদেন হচ্ছে। এর পরই কিছুদিন মিউচুয়াল ফান্ডের প্রতি তাদের ঝোঁক ছিল বেশি। এর ফলে কয়েক মাসের মধ্যে এ খাতের যথেষ্ট মূল্যবৃদ্ধি ঘটে।
আর অতিসম্প্রতি টেক্সটাইল খাত বিনিয়োগকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ব্যাংকের মতো খাতটির বেশির ভাগ কোম্পানির আর্থিক ও উৎপাদন সক্ষমতা প্রশ্নবিদ্ধ হলেও এ খাতের বেশ কিছু কোম্পানির পারফর্ম্যান্স যথেষ্ট ভালো। সম্প্রতি এগুলোকেই বিনিয়োগের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন বিনিয়োগকারীরা। তাই বাজারের দৈনন্দিন লেনদেনে এসব কোম্পানি বেশ কিছু দিন ধরে এগিয়ে থাকছে। সংশ্লিষ্টদের মতে, তাদের এ প্রবণতা বাজারে ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এমনও হতে পারে ক’দিন পর অন্য কোনো খাতকেই তারা তাদের বিনিয়োগের জন্য বেছে নেবেন। আর এভাবেই এক সময় বাজারের সবগুলো খাতেই থাকবে বিনিয়োগকারীদের বিচরণ। আর উদ্যোক্তাদের জন্যও এটি একটি ভালো বার্তা হয়ে উঠতে পারে।
এ দিকে গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে মিশ্র আচরণ দেখা যায়। এখানে তিনটি সূচকের মধ্যে দু’টির নামমাত্র উন্নতি ঘটলেও একটির সামান্য পতন ঘটে। প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ৭২ পয়েন্ট উন্নতি ধরে রাখে গতকাল। ৫ হাজার ৪৬০ দশমিক ৫৬ পয়েন্ট থেকে সকালে লেনদেন শুরু করা সূচকটি গতকাল লেনদেন শেষে ৫ হাজার ৪৬৩ দশমিক ২৮ পয়েন্টে স্থির হয়। বাজারটির বিশেষায়িত দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচকটি ২ দশমিক ৬৮ পয়েন্ট হারালেও ডিএসই শরিয়াহ সূচকের ৪ দশমিক ০৭ পয়েন্ট উন্নতি ঘটে।
তবে একই সময় দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচকের কমবেশি উন্নতি ঘটে। এখানে সার্বিক মূল্যসূচক সিএএসপিআইর ৪০ দশমিক ৪২ পয়েন্ট উন্নতি ঘটে। ১৪ হাজার ৬০২ দশমিক ৬৯ পয়েন্ট থেকে দিন শুরু করা সূচকটি বিকালে লেনদেন শেষে পৌঁছে যায় ১৪ হাজার ৬৪৩ দশমিক ১১ পয়েন্টে। একই সময় দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ১০ দশমিক ২৪ ও ৩১ দশমিক ১৫ পয়েন্ট।
সূচকের মিশ্র আচরণ সত্ত্বেও গতকাল ডিএসইর লেনদেনে যথেষ্ট উন্নতি ঘটে। গতকাল দেশের প্রধান এই পুঁজিবাজারটির লেনদেন ৭৯৮ কোটি টাকায় পৌঁছে, যা আগের দিন অপেক্ষা ৫৯ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইর লেনদেন ছিল ৭৩৯ কোটি টাকা। ডিএসইর এই লেনদেন গত দেড় মাসের সর্বোচ্চ। গত ২৩ সেপ্টেম্বরের পর ডিএসইর লেনদেন আর এ পর্যায়ে পৌঁছেনি। গতকাল ডিএসইর লেনদেনের শীর্ষস্থানটি দখলে নেয় টেক্সটাইল খাতের মালেক স্পিনিং। ৩৩ কোটি ৯৫ লাখ টাকায় কোম্পানিটির ৬৪ লাখ ৪১ হাজার শেয়ার হাতবদল হয় গতকাল। ২৭ কোটি ২৪ লাখ টাকায় ৩২ লাখ ৫ হাজার শেয়ার বেচাকেনা করে দিনের দ্বিতীয় কোম্পানি ছিল একই খাতের এনভয় টেক্সটাইলস। ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে শাহজিবাজার পাওয়ার, মতিন স্পিনিং, বারাকা পতেঙ্গা পাওয়ার লি:, আইপিডিসি, বেক্সিমকো লি:, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, শাইনপুকুর সিরামিকস ও ব্র্যাক ব্যাংক।
ডিএসইতে দিনের মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষস্থানে ছিল রসায়ন খাতের ওয়াটা কেমিক্যাল। চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে ইতিবাচক বার্তা দেয়ায় গতকাল ১০ শতাংশ মূল্যবৃদ্ধি ঘটে কোম্পানিটির। ৯ দশমিক ৯৫ শতাংশ মূল্যবৃদ্ধি পেয়ে এ তালিকার দ্বিতীয় কোম্পানি ছিল টেক্সটাইল খাতের মতিন স্পিনিং। মূল্যবৃদ্ধিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ডরিন পাওয়ার, শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লি:, মালেক স্পিনিং, শাহজিবাজার পাওয়ার, সমতা লেদার, ফু ওয়াং সিরামিকস ও হা ওয়েল টেক্সটাইলস।
গতকাল ডিএসইতে দরপতনের শীর্ষ কোম্পানিটি ছিল টেক্সটাইল খাতের মেট্রো স্পিনিং। কোম্পানিটি ৬ দশমিক ১২ শতাংশ দর হারায়। ৫ দশমিক ২৬ শতাংশ দরপতনের শিকার হওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং ছিল এ তালিকার দ্বিতীয় স্থানে। দরপতনে ডিএসইর শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে আলহাজ টেক্সটাইল, সাইফ পাওয়ারটেক, জেনারেশন নেক্সট ফ্যাশন্স, বিএসআরএম লি:, আইসিবি ইসলামিক ব্যাংক, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড ও কাসেম ইন্ডাস্ট্রিজ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








