নতুন এলএনজি টার্মিনালে অর্থ লোপাটের সুযোগ তৈরি হচ্ছে : সংসদে আখতার

সংসদ প্রতিবেদক 
নতুন এলএনজি টার্মিনাল নির্মাণ প্রকল্পে প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি রাষ্ট্রীয় অর্থ অপচয় ও লোপাটের সুযোগ তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধী জোটের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। 
গতকাল জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে রাখা এক সম্পূরক প্রশ্নে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। 
সম্পূরক প্রশ্নে আখতার হোসেন বলেন, গত বৃহস্পতিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ে চীনের একটি কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। কাজ পাওয়া চীনা কোম্পানিটি দৈনিক তিন লাখ ৪২ হাজার মার্কিন ডলার ক্যাপাসিটি চার্জ দাবি করছে। অথচ বর্তমানে চালু দু’টি টার্মিনালের একটির দৈনিক ক্যাপাসিটি চার্জ দুই লাখ ৫৪ হাজার ডলার এবং অন্যটির দুই লাখ ৪৯ হাজার ডলার। 
তিনি আরো বলেন, বর্তমান দু’টি টার্মিনালের মেয়াদ শেষ হলে এগুলোর জাহাজসহ সংশ্লিষ্ট সম্পদের মালিকানা বাংলাদেশের কাছে চলে আসবে। কিন্তু নতুন টার্মিনালটি নির্মাণকারী কোম্পানির সাথে ১৫ বছরের চুক্তি শেষে এর মালিকানা বাংলাদেশের কাছে ফিরবে না। 
আখতার হোসেন বলেন, নতুন প্রকল্পের প্রস্তাব কয়েক মাস আগে একই ভাষা ও একই পদ্ধতিতে সংসদের একজন সদস্যের নাতির একটি কোম্পানির পক্ষ থেকেও উপস্থাপন করা হয়েছিল। এক মাস আগে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটিতে প্রস্তাবটি উঠলে তা বাতিল করা হয়। পরে নতুন করে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে। 
তিনি বলেন, বর্তমান দু’টি টার্মিনালের ধারণক্ষমতা, সক্ষমতা ও সরবরাহের বিষয়গুলো অনুপাতে বিশ্লেষণ করলে নতুন টার্মিনালে প্রায় ৩৫ শতাংশ বেশি ব্যয় হচ্ছে। এতে রাষ্ট্রীয় অর্থের অপচয় এবং অর্থ লোপাটের সুযোগ তৈরির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় প্রায় ছয় হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয়ের প্রকল্পটি বাতিল করে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণে ব্যবস্থা নেয়া হবে কি না, তা অর্থমন্ত্রীর কাছে জানতে চান তিনি।