
নিজস্ব প্রতিবেদক
ইসলামিক ফাউন্ডেশনকে পূর্ণাঙ্গ অধিদফতরে রূপান্তরের লক্ষ্যে আনুষ্ঠানিক উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে গতকাল ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অধিদফতরে রূপান্তরের একটি প্রস্তাবিত কাঠামো ও সাংগঠনিক রূপরেখা (ট্রান্সফরমেশন ফ্রেমওয়ার্ক) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিবুল্লাহিল বাকী নদভীর কাছে হস্তান্তর করা হয়েছে। এ উদ্যোগের মধ্য দিয়ে ইসলামিক ফাউন্ডেশনকে একটি পূর্ণাঙ্গ অধিদফতরে রূপান্তরের প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি সূচিত হলো।
জানা যায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতরে রূপান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য পত্র দিয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে এ রূপান্তর কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশনের কাছে প্রস্তাবিত রূপান্তর কাঠামো এবং পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) চেয়েছে। মন্ত্রণালয়ের এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক প্রস্তুতি ও প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তাব প্রণয়নের কাজ গুরুত্বের সাথে এগিয়ে নেয়া হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রণীত রূপান্তর কাঠামোতে প্রতিষ্ঠানটির বিদ্যমান কার্যক্রম, জনবল, প্রশাসনিক ব্যবস্থাপনা, সাংগঠনিক সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মপরিধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে অধিদফতরে রূপান্তরের একটি প্রস্তাবিত রূপরেখা উপস্থাপন করা হয়েছে। একই সাথে একটি কার্যকর ও যুগোপযোগী পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রণয়নের বিষয়টিও এ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশনকে অধিদফতরে রূপান্তরের এ উদ্যোগকে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন ভবিষ্যতে আরো শক্তিশালী, আধুনিক, গতিশীল ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে।
রূপান্তর কাঠামো হস্তান্তরের মাধ্যমে শুরু হওয়া এ প্রক্রিয়ার পরবর্তী ধাপে প্রস্তাবিত কাঠামো পর্যালোচনা, প্রয়োজনীয় সংশোধন ও পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম প্রস্তুত করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে পাঠানোর উদ্যোগ নেয়া হবে বলে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








