চার জেলায় সড়কে ৪ মোটরসাইকেল আরোহীসহ ৬ জনের মৃত্যু

 নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ দু’জন নিহত এবং একজন আহত হয়েছেন। এ ছাড়া বরিশালের আগৈলঝাড়া, পঞ্চগড় সদর উপজেলা, মৌলভীবাজারের বড়লেখা এবং দিনাজপুর-দশমাইল মহাসড়কে তিন মোটরসাইকেল আরোহীসহ চারজন নিহত হয়েছেন।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় যাত্রীবাহী বাসেরচাপা ও কভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও পথচারীসহ দু’জন নিহত একজন গুরুতর আহত হয়েছেন।
এর মধ্যে গতকাল সকালে মহাসড়কের পটিয়া কুসুমপাড়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রামমুখী একটি বাস কক্সবাজারগামী মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক মোহাম্মদ ফায়েজ (২১) নিহত ও আরোহী মো: রামিম (২২) গুরুতর আহত হন। নিহত ফায়েজ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ছেলে এবং আহত রামিম একই উপজেলার শুকছড়ির হাবিবুর রহমান সওদাগরের ছেলে।
বরিশালে তরুণের মৃত্যু
আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা জানান, মামাতো ভাইকে কর্মস্থল থেকে বাড়ি নিয়ে আসার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হয়ে আর ঘরে ফেরা হলো না সৌরভ ফালিয়ারের (২২)। কুয়াকাটা থেকে ছেড়ে আসা  বেনাপোলগামী সেভেন স্টার পরিবহনের একটি বাসেরচাপায় প্রাণ হারিয়েছেন।
গত রোববার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে বরিশাল-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড়মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৌরভ বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের সুধীর ফালিয়ার ছেলে।
পঞ্চগড়ে কিশোরের মৃত্যু
পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড় সদর উপজেলায় চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন ওই গ্রামের হজরত আলীর ছেলে, ট্রাক্টরের শ্রমিক হিসেবে কাজ করতেন।
বড়লেখায় মাদরাসাছাত্রের মৃত্যু
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, মৌলভীবাজারের বড়লেখায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শাহদিন মালিক খান সাকিব (১৭) মারা গেছেন। ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার (১৬ নভেম্বর) সকালে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে তার মৃত্যু হয়। গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার রতুলি-আজিমগঞ্জ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত  হয়েছিল সে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে নেয়া হয়। সাকিব বড়লেখা উপজেলার দক্ষিণভাগ (দক্ষিণ) ইউনিয়নের সফরপুর গ্রামের মুসলিম খানের ছেলে, পাথারিয়া গাংকুল মনসুরিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
দিনাজপুরে মোটরসাইকেল আরোহী নিহত  
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুর-দশমাইল মহাসড়কের আনসার ক্লাব বটতলী এলাকায় প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষে মাসুম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়। এ ঘটনায় আরকেজন গুরুতর আহত হয়েছেন। গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুম দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর এলাকার বাসিন্দা।