খুলনায় সন্ত্রাস দমনে যৌথ বাহিনীর টহল শুরু
  •  গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বৃদ্ধি
  •  ৯ উপজেলায় চেকপোস্ট বসিয়ে পুলিশের বিশেষ অভিযান


খুলনার সন্ত্রাস দমনে গতকাল সোমবার থেকে যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এ ছাড়া খুলনা সিটি করপোরেশনের অফিস নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপের পর গুরুত্বপূর্ণ সরকারি, বেসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়িয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 
এদিকে নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্য এবং সন্ত্রাসীদের সম্পৃক্ততা এই দু’টি কারণই থাকতে পারে বলে মন্তব্য করেছেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এ ঘটনায় কেসিসির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
গত রোববার রাত সাড়ে ১২টার পরে মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা নগর ভবনের সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আশপাশে আগুন ছড়িয়ে পড়লেও তেমন ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ জানায়, ‘দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে নগর ভবনের সিঁড়ির ওপর পেট্রলবোমাটি নিক্ষেপ করেছিল। তবে বড় কোনো ক্ষতি হওয়ার আগেই স্থানীয় লোকজন ও পুলিশের যৌথ তৎপরতায় দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।’
এ বিষয়ে খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, আমরা দুষ্কৃতকারীদের আইডেন্টিফাই করতে পেরেছি। আশা করছি খুব দ্রুতই একটি ভালো ফলাফল আসবে। তিনি জানান, কোনো একটি নিষিদ্ধ ঘোষিত দল ঘটনাটি ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি।
এদিকে সোমবার থেকে খুলনায় যৌথ বাহিনীর টহল শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: সাজ্জাদুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, সন্দেহভাজন এলাকাগুলোতে যৌথ বাহিনী এক সাথে মুভ করবে।
৯ উপজেলায় চেকপোস্ট ও বিশেষ অভিযান
খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখা, মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাং নির্মূলে জেলার ৯টি থানার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও বিশেষ অভিযান পরিচালনা করছে খুলনা জেলা পুলিশ।
জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক বলেন, অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই, অবৈধ যান চলাচল ও যত্রতত্র পার্কিংয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও তাদের বহনকৃত ব্যাগপত্র তল্লাশি করা হচ্ছে। এ সময় মাদক কারবার ও অনলাইন জুয়ার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়েছে।