নাশকতার নতুন কৌশল
  • ভাড়াটে গ্রেফতার হলেও অধরা গডফাদাররা
  • কুরিয়ার খাতে হামলায় থমকে যাচ্ছে সরবরাহ শৃঙ্খল


ভোরের নীরবতা ভেঙে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে রাজধানীর হাজারীবাগের বেড়িবাঁধ প্রধান সড়ক। সময় তখন সকাল পৌনে ৬টা। এজেআর কুরিয়ার সার্ভিসের প্রধান ওয়্যারহাউজের সামনে দাঁড়িয়ে থাকা একটি পণ্যবাহী কাভার্ড ভ্যান লক্ষ্য করে তীব্র গতিতে ছুটে আসে একটি মোটরসাইকেল। পেছনে বসা দুর্বৃত্ত কোনো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটির কেবিন লক্ষ্য করে ছুড়ে মারে ককটেল। মুহূর্তের মধ্যে বিস্ফোরণের তীব্র ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা, চুরমার হয়ে যায় গাড়ির সামনের কাচ। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই মধ্যরাতে খুলনা শহর এবং মানিকগঞ্জের ফেরি টার্মিনালেও ঘটে যায় রহস্যময় দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা।
১৬ নভেম্বর রোববার রাত সাড়ে ১২টার দিকে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নগর ভবনের সামনে একটি মোটরসাইকেলে দুই যুবক এসে থামে। ভবনের সিঁড়ি লক্ষ্য করে তারা নিক্ষেপ করে একটি পেট্রলবোমা। বোমাটি সিঁড়ির ওপর পড়ে জ্বলে উঠলেও সেখানে কোনো দাহ্যপদার্থ না থাকায় আগুন ছড়াতে পারেনি। তবে যাওয়ার আগে হামলাকারীরা নগর ভবনের বাইরের দেয়ালে লাল রঙ দিয়ে লিখে রেখে যায় ‘যুবলীগ’। অন্য দিকে এর মাত্র কয়েক ঘণ্টা আগে ১৫ নভেম্বর রোববার রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাট ফেরি টার্মিনালে পার্কিংয়ে রাখা স্থানীয় ব্যবসায়ী আব্দুল লতিফ মল্লিকের একটি ট্রাকে কেবিনের ভেতর হঠাৎ আগুন ধরে যায়। স্থানীয়দের তাৎক্ষণিক চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও পার্কিং স্পটে এভাবে ট্রাকে আগুন লাগার ঘটনা জনমনে গভীর ভীতির জন্ম দিয়েছে।
রাজধানীর হাজারীবাগ ও মোহাম্মদপুরে একটি পার্সেল কুরিয়ার সার্ভিসের ১৯টি কাভার্ড ভ্যান ও কার্যালয়ে ককটেল ও পেট্রলবোমা হামলা, মানিকগঞ্জে পার্কিং করা ট্রাকে আগুন এবং খুলনায় নগর ভবনে পেট্রলবোমা ও রাজনৈতিক লোগো স্প্রে করাসহ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলো কি স্রেফ বিচ্ছিন্ন কোনো অপরাধ? নাকি এর পেছনে কাজ করছে সুসংগঠিত সন্ত্রাসী চক্রের নতুন কোনো কৌশল? নির্দিষ্ট বাণিজ্যিক লজিস্টিক প্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাকে নিশানা বানিয়ে কি দেশের অর্থনৈতিক সংযোগব্যবস্থা অচল করার চক্রান্ত চলছে? অনুসন্ধানে দেখা যায়, বাণিজ্যিক চাঁদাবাজির ভয়াবহ রূপ, শীর্ষ সন্ত্রাসীদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী তাণ্ডব এবং ৫০০ টাকার বিনিময়ে ভাড়াটে কিশোর-তরুণদের অপরাধে ব্যবহারের চাঞ্চল্যকর চিত্র।
অনুসন্ধানে জানা যায়, গত ২০ অক্টোবর থেকে শুরু করে নভেম্বর মাসের মাঝামাঝি পর্যন্ত টানা ২৪ দিনে ঢাকা ও এর আশপাশের এলাকায় পার্সেল ও লজিস্টিক সেবাদাতা প্রতিষ্ঠান ‘এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসেস লিমিটেড’-এর কার্যালয়, গুদাম, কাভার্ড ভ্যান ও কর্মীদের ওপর অন্তত ১৯ বার হামলা চালানো হয়েছে। চলন্ত গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, মোটরসাইকেল দিয়ে পথরোধ করে চালককে মারধর, কাচ ভাঙচুর এবং সরাসরি ককটেল ও পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে।
এই ধারাবাহিক সহিংসতায় কুরিয়ার সার্ভিসটির অন্তত সাতজন কর্মকর্তা-কর্মী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে মিরপুরে পেট্রলবোমায় দগ্ধ হওয়া এক কর্মীর শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে এবং তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 
সংশ্লিষ্টরা বলছেন, এগুলো কেবল নিছক স্থান দখল ও চাঁদার দাবি, নাকি এর পেছনে রাজনৈতিক অস্থিরতা তৈরির ভিন্ন কোনো নীল নকশা কাজ করছে? তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। কারণ হাজারীবাগ ও মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিসে হামলা যখন চাঁদাবাজির খোলসে চলছে, তখন খুলনা সিটি করপোরেশন নগর ভবনে পেট্রলবোমা নিক্ষেপ এবং দেয়ালে লাল রঙ দিয়ে ‘যুবলীগ’ লিখে যাওয়ার ঘটনা ঘটনাটির প্রেক্ষাপটকে আরো জটিল করে তুলেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: লোকমান হোসেন জানান, রাত সাড়ে ১২টার দিকে বাইকে আসা দুই যুবক নগর ভবনের সিঁড়িতে পেট্রলবোমা মারে। ভবনের দেয়ালে লাল রঙে যুবলীগ লেখা হলেও ঘটনাস্থলে দাহ্যপদার্থ না থাকায় আগুন ছড়ায়নি। পুলিশ বাইকটি শনাক্ত করে হামলাকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে। 
আরিচা ফেরি টার্মিনালে পার্কিং করা ট্রাকে আগুন লাগার বিষয়ে শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে শর্ট সার্কিট বলা হলেও টার্মিনালে পার্ক করা গাড়িতে আগুনের ঘটনাগুলো গভীর নজরদারিতে রাখা হয়েছে।
অপরাধ বিশেষজ্ঞদের মতে, বর্তমানে দেশে বাণিজ্যিক প্রতিষ্ঠান ও পণ্যবাহী পরিবহনে হামলা চালিয়ে এক দিকে যেমন কোটি কোটি টাকার চাঁদা দাবি করা হচ্ছে, তেমনি অনেক ক্ষেত্রে রাজনৈতিক স্লোগান বা সিম্বল ব্যবহার করে ঘটনাকে ‘রাজনৈতিক সহিংসতা’ হিসেবে চালিয়ে দেয়ার অপচেষ্টা করা হচ্ছে, যাতে মূল অপরাধীরা আড়ালে থাকতে পারে।
আইনশৃঙ্খলবাহিনী জানায়, মূল হামলাকারীরা নিজেরা আড়ালে থেকে কিশোর গ্যাংদের মাধ্যমে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকার দিনহাজিরা দিয়ে বিভিন্ন স্থানে হামলা ও ভাঙচুর চালায়। ৫০০ টাকার বিনিময়ে এই তরুণরা বাইকে চড়ে গিয়ে ককটেল ছুড়ে মারে বা ইটের আঘাতে কাভার্ড ভ্যানের কাচ ভেঙে চুরমার করে।
ঢাকার হাজারীবাগ ও অন্যান্য হামলার বিশ্লেষণে দেখা যায়, ৫০০ থেকে ৭০০ টাকার বিনিময়ে মাঠে নামানো হয় ভাড়াটে তরুণদের। অপরাধবিজ্ঞানীদের মতে, কেবল এসব ছোটখাটো মাঠপর্যায়ের কর্মীদের ধরে দীর্ঘমেয়াদে অপরাধ থামানো যায় না। কারণ তাদের পেছনে থাকা সংগঠিত অপরাধী চক্রের সুনাম ও ভীতি অক্ষত থাকলে তারা নতুন ভাড়াটে কর্মী দিয়ে হামলা অব্যাহত রাখে। যারা বিভিন্ন নাম ভাঙিয়ে চাঁদাবাজ সিন্ডিকেট ঢাকা শহরের ব্যবসাবাণিজ্য জিম্মি করার চেষ্টা করছে, তাদের দ্রুত গ্রেফতার করতে হবে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় পুলিশ কিছু হামলাকারীকে গ্রেফতার করলেও হামলার পেছনে থাকা মূল নির্দেশদাতা বা পরিকল্পনাকারীরা এখনো অধরা রয়েছে। মূল মাস্টারমাইন্ডরা গ্রেফতার না হওয়ার কারণেই একের পর এক হামলা ও নাশকতার ঘটনা থামানো যাচ্ছে না। 
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে উল্লেখ করেন, পরিবহন খাতে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ বা ‘মালিক-শ্রমিক কল্যাণ’-এর দোহাই দিয়ে দেখার চেষ্টা চরম বিভ্রান্তিকর ও দুর্নীতিসহায়ক। রাজনৈতিক আশ্রয়ে-প্রশ্রয়ে চলা এই চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ও রাজনৈতিক দলগুলোর নিজস্ব ‘শুদ্ধিকরণ’ না হলে এটি পুরো রাষ্ট্রযন্ত্রের সেবাব্যবস্থায় ছড়িয়ে পড়ে। 
প্রচলিত আইনি ব্যবস্থায় কেবল সরাসরি হামলায় যুক্ত ব্যক্তিকে অভিযুক্ত করার সুযোগ থাকে; কিন্তু পুরো সংগঠিত চক্র বা হুকুমদাতাদের সরাসরি আইনি সাজার মুখোমুখি করা কঠিন হয়ে পড়ে। ফলে মূল গডফাদাররা আইনের ফাঁক দিয়ে আড়ালেই থেকে যায়।