কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার : শিক্ষামন্ত্রী

ববি প্রতিনিধি

দেশের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করতে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু প্রচলিত শিক্ষায় সীমাবদ্ধ না রেখে দক্ষ ও কর্মমুখী করে গড়ে তুলতে হবে। একই সাথে মুখস্থ নির্ভরতা পরিহার করে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার এবং অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সক্ষমতা বাড়াতে হবে।
গতকাল সোমবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১-২০০৬ মেয়াদের পর দেশের শিক্ষাব্যবস্থা পিছিয়ে পড়েছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার্থীদের বিশ্বনেতৃত্ব দেয়ার উপযোগী করে গড়ে উঠতে হবে। এ জন্য শুধু মুখস্থ করে পরীক্ষায় ভালো ফল করাই যথেষ্ট নয়; অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর দক্ষতা অর্জন করতে হবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সার্বিক সঙ্কট ও দাবি দাওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টির সমস্যাগুলো সমাধান করা অসম্ভব কিছু নয়। 
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে প্রতিষ্ঠিত এই বিভাগীয় বিশ্ববিদ্যালয়ের সব সঙ্কট দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে দু’টি বৈদ্যুতিক বাস দেয়ার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ২০২৬-২৭ অর্থবছরে অ্যাকাডেমিক ভবন ও অডিটোরিয়াম নির্মাণের জন্য বাজেট বরাদ্দের আশ্বাস দেন। আবাসিক হল ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন এবং বিশ্ববিদ্যালয়ের ইটের রাস্তাগুলো পাকা করার বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার কথা জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: মামুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী। ওরিয়েন্টেশন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন।