
- পোনা উৎপাদন থেকে বাজারজাতকরণ-প্রতিটি ধাপের তথ্য থাকবে সংরক্ষণ
- স্বচ্ছতা, জবাবদিহি ও মান নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ
চিংড়ি পোনার উৎপাদন, সংরক্ষণ, সরবরাহ ও বাজারজাতকরণ-প্রতিটি ধাপের তথ্য এবার আসছে ডিজিটাল নজরদারির আওতায়। দেশের চিংড়ি শিল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও গুণগত মান নিশ্চিত করতে চিংড়ি হ্যাচারি খাতে চালু হতে যাচ্ছে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা। এ ব্যবস্থায় উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত বিভিন্ন পর্যায়ের তথ্য সংরক্ষণ ও অনুসরণ করা সম্ভব হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ উদ্যোগ দেশের চিংড়ি শিল্পকে আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগ বাস্তবায়নের আগে চিংড়ি হ্যাচারিগুলোর বর্তমান সক্ষমতা, প্রযুক্তিগত ঘাটতি, ব্যবস্থাপনাগত দুর্বলতা ও সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করতে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে এক উদ্বোধনী কর্মশালা। এতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর প্রস্তুতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং উত্তরণের পথ নিয়ে আলোচনা করা হয়।
গতকাল দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা পয়েন্টসংলগ্ন হোটেল গোল্ডেন হিলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর প্রস্তুতি মূল্যায়ন : বিদ্যমান ঘাটতি, চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক কর্মশালার আয়োজন করে শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব)। এতে অর্থায়ন করে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান। সভাপতিত্ব করেন সেবের সভাপতি ও সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। সেবের অফিস সচিব এস এম বাবরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনটির মহাসচিব গিয়াস উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কক্সবাজার কার্যালয়ের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আশরাফুল হক, সেবের সহসভাপতি শাহেদ আলী, মৎস্য খামার মালিক সমিতির সভাপতি মোল্লা শামসুর রহমান, সেবের কোষাধ্যক্ষ আনিসুর রহমান এবং নির্বাহী সদস্য ভুলু চৌধুরী ও মো: আলমগীর।
কর্মশালায় প্রকল্পের পটভূমি, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন বিজনেস প্রমোশন কাউন্সিলের প্রতিনিধিরা। পরে গবেষণার লক্ষ্য, পরিধি, বাস্তবায়ন পদ্ধতি ও কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত উপস্থাপনা করেন গবেষণার প্রধান পরামর্শক ড. হাবিবুর রহমান খন্দকার।
হ্যাচারির কোন তথ্য থাকবে ডিজিটাল ব্যবস্থায়?
উন্মুক্ত আলোচনায় চিংড়ি হ্যাচারির উৎপাদন ব্যবস্থাপনা, পোনা উৎপাদন ও সরবরাহের তথ্য সংরক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা এবং ডিজিটাল ব্যবস্থাপনা চালুর প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বিশেষ করে উৎপাদিত পোনার উৎস, উৎপাদনের পরিমাণ, সরবরাহের ধাপ এবং বাজারজাতকরণসংক্রান্ত তথ্য কীভাবে সংরক্ষণ ও অনুসরণ করা যায়, তা নিয়ে গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধি এবং উৎপাদন ও বিপণনব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন অংশগ্রহণকারীরা।
কর্মশালায় চিংড়ি হ্যাচারি মালিক, গবেষক, পরামর্শক, মৎস্য অধিদফতর, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অর্ধশতাধিক কর্মকর্তা ও প্রতিনিধি অংশ নেন।
আয়োজকরা জানান, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর আগে হ্যাচারিগুলোর প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক প্রস্তুতি যাচাই করা প্রয়োজন। এ লক্ষ্যে পরিচালিত গবেষণায় বিদ্যমান ঘাটতি ও প্রতিবন্ধকতা চিহ্নিত করার পাশাপাশি সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে বাস্তবসম্মত সুপারিশ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তৈরি করা হবে।
আন্তর্জাতিক বাজারে বাড়বে প্রতিযোগিতার সক্ষমতা
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা কার্যকর হলে চিংড়ি পোনা উৎপাদন থেকে শুরু করে সরবরাহ ও বাজারজাতকরণ পর্যন্ত প্রতিটি ধাপের তথ্য সহজেই শনাক্ত ও যাচাই করা যাবে। এতে পণ্যের উৎস সম্পর্কে স্বচ্ছতা তৈরি, উৎপাদন ব্যবস্থাপনার জবাবদিহি বৃদ্ধি এবং মান নিয়ন্ত্রণে সহায়তা মিলবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে চিংড়ি রফতানির ক্ষেত্রে পণ্যের উৎস, উৎপাদনপ্রক্রিয়া ও সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্য তথ্য গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের চিংড়ি শিল্পের মানোন্নয়ন, ক্রেতাদের আস্থা অর্জন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানোর নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
তবে এ উদ্যোগের প্রকৃত সাফল্য নির্ভর করবে ডিজিটাল ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন, হ্যাচারি মালিকদের অংশগ্রহণ, তথ্যের নির্ভুুলতা এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের ওপর।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








