ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস, নিরাপত্তাহীনতা, শিক্ষার্থী, শিক্ষক, হামলা
  •  ককটেল বিস্ফোরণ, চুরি-ছিনতাই এবং বহিরাগতদের হামলায় আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা
  •  আগেই দেশে ফিরছেন ৮ চীনা শিক্ষার্থী

চুরি, ছিনতাই, মাদক কেনাবেচা, শিক্ষার্থীদের ওপর হামলা- একের পর এক অপরাধের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে ককটেল বিস্ফোরণ। গত ৮ থেকে ১০ নভেম্বর তিন দিনে ক্যাম্পাসের অন্তত ১১টি স্থানে ১৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় পথচারীসহ কয়েকজন আহত হয়েছেন। ছুরিকাঘাতের শিকার হয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও। পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরছেন এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিতে আসা আট চীনা শিক্ষার্থী।
শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতারা নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলেছেন। অন্য দিকে প্রশাসন বলছে, নিরাপত্তা জোরদারে প্রবেশপথে নিরাপত্তা চৌকি, পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা সচল এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে।
ককটেল বিস্ফোরণে নতুন আতঙ্ক : গত ৮ নভেম্বর সন্ধ্যায় টিএসসি, সিনেট ভবন, ভিসি চত্বর, নীলক্ষেতের মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হল, ফজলুল হক মুসলিম হল, মধুর ক্যান্টিন, ডাকসু ভবন এবং দু’টি নারী হলের মধ্যবর্তী সড়কসহ বিভিন্ন স্থানে ১০ থেকে ১২টি ককটেল বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় টিএসসি ও জগন্নাথ হল এলাকা থেকে তিনজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে তাদের শাহবাগ থানায় দেয়া হয়।
পরদিন ৯ নভেম্বর টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে ও রাজু ভাস্কর্যের সামনে বিস্ফোরণ ঘটে। এ সময় আরো দুইজনকে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের কাছে একটি ব্যাগে ককটেলসদৃশ বস্তু পাওয়া যায়। একই রাতে মুহসীন হলের অশ্বত্থগাছের নিচে একটি বাক্সে ফুলের সাথে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশকে হুমকি দেয়া চিঠি পাওয়া যায়।
১০ নভেম্বর চানখাঁরপুল, কলাভবনের পাশের শ্যাডো এলাকা ও ব্যবসায় শিক্ষা অনুষদের সামনেও বিস্ফোরণ ঘটে। এতে এক অধ্যাপকের গাড়িচালক সোহেল (৩৬) স্পি­ন্টারের আঘাতে গুরুতর আহত হন। পলাশী এলাকায় একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়। এসব ঘটনায় শাটল বাসের চালকসহ তিন পথচারী আহত হয়েছেন বলে জানা গেছে।
ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারী নিপু ইসলাম তন্বী ও মোহাম্মদ আমান উল্লাহকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তাদের সংশ্লিষ্টতার প্রাথমিক তথ্য পাওয়ার কথা জানিয়েছে প্রশাসন। এ ঘটনায় শাহবাগ থানায় মামলাও হয়েছে।
নিরাপত্তাকর্মীরাও নিরাপদ নন : শুধু শিক্ষার্থী বা সাধারণ মানুষ নয়, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরাও হামলার শিকার হচ্ছেন। প্রক্টরিয়াল টিমের সদস্য জুয়েল রানা জানান, বহিরাগতদের সাথে সংঘর্ষের সময় মুখে কাপড় বাঁধা এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেন। এতে তার পিঠ ও হাতে আঘাত লাগে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার সময় শরীরে ১৬টি সেলাই দিতে হয়। তার অভিযোগ, লিখিত বক্তব্য ও সিসিটিভি ফুটেজ থাকার পরও তৎকালীন প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।
নিরাপত্তাকর্মী ওমর ফারুকও ২০২৫ সালের শেষ দিকে প্রবেশপথে দায়িত্ব পালনকালে ছুরিকাঘাতের শিকার হন। চলাচল নিয়ে কয়েকজনকে প্রশ্ন করায় তারা ক্ষিপ্ত হয়ে তাকে একাধিক স্থানে আঘাত করেন। ওমর ফারুক বলেন, নিরাপত্তাকর্মীদের হাতে শুধু লাঠি ও বাঁশি দেয়া হয়েছে। এগুলো দিয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। হামলার আশঙ্কা নিয়েই তাদের দায়িত্ব পালন করতে হয়।
চুরি-ছিনতাইয়ের ধারাবাহিক ঘটনা : ক্যাম্পাসে চুরি-ছিনতাইয়ের ঘটনাও নিয়মিত ঘটছে। গত ১০ মে টিএসসির পাশে এটিএম বুথ থেকে টাকা তুলে অটোরিকশায় ওঠার সময় এক ব্যক্তির টাকা ছুরি দেখিয়ে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ২৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়। এ সময় একজন আহত হন।
১৪ জুলাই দিনের বেলায় অস্ত্রের মুখে এক ব্যক্তির কাছ থেকে এক লাখ টাকার বেশি ছিনিয়ে নেয়া হয়। একই রাতে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সাবেক তিন শিক্ষার্থীকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় আবদুর রহিম সাজিদ শাহবাগ থানায় মামলা করেন। এতে ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখ করে আরো ২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
১৬ জুলাই টিএসসিতে বিশ্বকাপ ফুটবল দেখতে আসা এক ব্যক্তির গাড়ি চুরি হয়। সিসিটিভিতে তিন ব্যক্তির সংশ্লিষ্টতা দেখা গেলেও কেউ গ্রেফতার হয়নি। ১১ সেপ্টেম্বর ও ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের দু’টি এলাকায় দুই রিকশাচালককে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের রিকশা ছিল না। চেতনানাশক ব্যবহার করে রিকশা নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে।
২৯ সেপ্টেম্বর মুহসীন হলের কাছে চলন্ত শাটলে এক ছাত্রীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেয় মোটরসাইকেল আরোহী। এতে তার কান থেকে রক্তপাত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্লাব এবং স্যার এ এফ রহমান হল ও স্যার পি জে হার্টগ হলের মধ্যবর্তী সড়কেও শিক্ষার্থীদের মুঠোফোন ছিনতাই হয়েছে।
সাড়ে ৪ বছরে চুরি ৩১১ সাইকেল : ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ৩১১টি সাইকেল চুরি হয়েছে। একটিও উদ্ধার করা যায়নি। চুরি হওয়া সাইকেলগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা। এর মধ্যে ২০২২ সালে ৫৭টি, ২০২৩ সালে ৫১টি, ২০২৪ সালে ৫৮টি, ২০২৫ সালে ১০৭টি এবং ২০২৬ সালের প্রথম ছয় মাসে ৩৮টি সাইকেল চুরি হয়। সবচেয়ে বেশি চুরি হয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে ২৯টি। বিজয় একাত্তর ও মুহসীন হল এলাকায় ২৫টি করে, শহীদুল্লাহ হল এলাকায় ২৩টি এবং কলাভবনের সামনে ২২টি সাইকেল চুরি হয়েছে।
নিরাপত্তাশঙ্কায় ফিরছেন চীনা শিক্ষার্থীরা : ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তাশঙ্কায় এক্সচেঞ্জ প্রোগ্রামে আসা আট চীনা শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের মধ্যে দুইজন ইতোমধ্যে ফিরে গেছেন। বাকি ছয়জনের ১৩ নভেম্বর ঢাকা ছাড়ার কথা ছিল। ১১ নভেম্বর বিষয়টি জানান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। পরে বিদেশী শিক্ষার্থীদের সাথে বৈঠক শেষে নিশ্চিত করেন স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম এ কাউসার। ভিসি বলেন, নভেম্বরের শেষ দিকে পরীক্ষা দিয়ে কোর্স শেষ করার কথা থাকলেও ক্যাম্পাসের অস্থিতিশীল পরিস্থিতিতে তারা আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রশাসনের ব্যর্থতার অভিযোগ : শিক্ষার্থী আশিকুর রহমান বলেন, টিএসসিতে একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটছে। সন্দেহভাজনদের আটক করে পুলিশে দিলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ নেই। এ কারণে শিক্ষার্থীরা টিএসসিতে বসে চা খেতেও ভয় পাচ্ছেন।
ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, কয়েক দিনে ককটেল বিস্ফোরণ ঘটাতে আসা পঁাঁচজনকে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের হাতে দিয়েছেন। তার অভিযোগ, গত ১৭ বছরের শাসনামলে প্রশাসন ও রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ে থাকা ফ্যাসিবাদের সহযোগীরা পলাতক সন্ত্রাসীদের সহায়তা করছেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গাফিলতি স্বীকার করে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি মো: মহিউদ্দিন খান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ। বারবার দাবি জানানো হলেও কী উদ্যোগ নেয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।
জাতীয় ছাত্রশক্তির ঢাবি শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম বলেন, টানা তিন দিন ককটেল বিস্ফোরণের ঘটনা মোকাবেলায় প্রশাসন সম্পূর্ণ ব্যর্থ। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারলে প্রশাসনের দায়িত্ব ছেড়ে দেয়া উচিত।
ছাত্র অধিকার পরিষদের সভাপতি সদমান আবদুল্লাহ বলেন, একের পর এক বিস্ফোরণ ঘটলেও কার্যকর পদক্ষেপ নেই। জগন্নাথ হলের কাছে বিস্ফোরণের পর প্রশাসন জানিয়েছিল, সড়কের সিসিটিভি ক্যামেরাগুলো অকার্যকর। ক্যামেরা স্থাপনের পরও সেগুলো সচল না থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাবি শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, অপরাধীদের শনাক্ত, গ্রেফতার ও বিচারের আওতায় আনতে প্রশাসন ব্যর্থ হচ্ছে। প্রক্টরিয়াল টিমের কার্যক্রমেও ঘাটতি রয়েছে। 
নিরাপত্তা জোরদারের আশ্বাস : ঢাবির প্রক্টর অধ্যাপক ড. ইসরাফিল রতন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ডিএমপি কমিশনারের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক নিরাপত্তা টিম চাওয়া হবে। বহিরাগত ও সন্দেহজনক যানবাহন নিয়ন্ত্রণ, অচল সিসিটিভি ক্যামেরা মেরামত এবং নিয়মিত নজরদারির উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে এআই ক্যামেরার মাধ্যমে পুরো ক্যাম্পাস পর্যবেক্ষণের পরিকল্পনাও রয়েছে।
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ক্যাম্পাসের ছয়টি প্রবেশপথে নিরাপত্তা চৌকি, সার্বক্ষণিক পুলিশ মোতায়েন ও কলাপসিবল গেট স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাথে সমন্বয় করে কাজ চলছে। 
এ দিকে ১১ নভেম্বর জরুরি বিজ্ঞপ্তিতে নিরাপত্তাকর্মীদের নির্ধারিত পোশাকে যথাসময়ে দায়িত্ব পালন, দায়িত্ব বুঝিয়ে না দিয়ে কর্মস্থল ত্যাগ না করা এবং সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে এসব উদ্যোগ কতটা কার্যকর হয়, তা নিয়ে সংশয় রয়েছে।

Advertisement