
দেশের স্বাস্থ্য খাত নিজেই গুরুতর অসুস্থ। দুর্নীতি, অনিয়ম প্রাতিষ্ঠানিক রূপ পাওয়ায় এ খাতে নাগরিকদের সেবার মান সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বাংলাদেশ হেলথ ওয়াচের (বিএইচডব্লিউ) প্রতিবেদনে স্বাস্থ্য খাতে বিদ্যমান পরিস্থিতির যে চিত্র ধরা পড়েছে তা রীতিমতো উদ্বেগজনক। ঢাকার সুইডিস দূতাবাস ও সিডার সহায়তায় ১৯১ পৃষ্ঠার এ প্রতিবেদন তৈরি করেন জনস্বাস্থ্যবিদ, চিকিৎসক ও গবেষকদের একটি দল। নেতৃত্বে ছিলেন হেলথ ওয়াচের আহ্বায়ক ড. আহমেদ মুশতাক রাজা চৌধুরী ও আইসিডিডিআর,বি’র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. শামস এল আরিফিন।
প্রতিবেদনে সরকারি হাসপাতালে দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে। পাশাপাশি স্বাস্থ্য খাতে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত অনিয়ম, অব্যবস্থাপনার চিত্রও তুলে ধরা হয়।
বলা হয়েছে, সরকারি হাসপাতালে সেবা পাওয়ার জন্য রোগীকে টাকা দিয়ে দালালের সাহায্য নিতে হয়। শয্যা পেতে টাকা দিতে হয়, ছাড়পত্র পেতেও গুনতে হয় অনির্ধারিত ফি। দালালের এই দৌরাত্ম্য কোনো গোপন বিষয় নয়, প্রকাশ্যে সবার জ্ঞাতসারেই চলছে এই বেআইনি কর্মকাণ্ড। কেউ দালালকে টাকা দিতে অস্বীকার করলে তার জন্য শুধু সেবা পাওয়ার পথই বন্ধ হয় না, তাকে রীতিমতো হেনস্থার শিকার হতে হয়।
স্বাস্থ্য খাতের আরেকটি বড় সমস্যা চিকিৎসকদের কমিশন বাণিজ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ডায়াগনস্টিক সেন্টারগুলো রোগী পাঠানোর বিনিময়ে চিকিৎসকদের পরীক্ষার ফি’র ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন দেয়। শুধু বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেই বছরে প্রায় এক হাজার ৮৬১ কোটি টাকার কমিশন লেনদেন হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
গবেষণায় উঠে এসেছে চিকিৎসায় অবহেলার বিষয়গুলোও। বলা হয়েছে, অবহেলাজনিত কারণে চিকিৎসকদের বিরুদ্ধে প্রায়ই কোনো ব্যবস্থা নেয়া হয় না। ১৫ বছরের তথ্যে দেখা গেছে, ১৭২টি অবহেলার অভিযোগের মধ্যে মাত্র ২৯টি ঘটনায় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ থেকে স্পষ্ট, দেশে চিকিৎসকদের জবাবদিহির ব্যবস্থা প্রায় অনুপস্থিত।
এর ওপর আছে নিয়োগ-বদলিতে রাজনৈতিক প্রভাব। সবাই জানেন, এ দেশে যেখানেই রাজনীতির ছোঁয়া থাকে সেখানে অনিয়মই নিয়মে পরিণত হয়।
হেলথ ওয়াচের প্রতিবেদনে হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির বিষয়ে গুরুতর তথ্য উঠে এসেছে। আকস্মিক পরিদর্শনে দেখা গেছে, প্রায় ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত। দেশের প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যকেন্দ্রে গরহাজির থাকেন প্রায় ৭০ শতাংশ চিকিৎসক। অথচ তারা মাস গেলে ঠিকই বেতনভাতা নেন।
স্বাস্থ্য খাতে কেনাকাটা, ওষুধ ও সরঞ্জাম সরবরাহে দুর্নীতির তথ্যও অজানা নয়। গবেষক দল দেখেছে, কেন্দ্রীয় ঔষধাগারে কিছু সামগ্রী ন্যায্যমূল্যের চেয়ে ১৮ গুণ পর্যন্ত বেশি দামে কেনা হয়েছে। ঘটেছে শত শত কোটি টাকার অনিয়ম। এ ছাড়া ২৮৩ কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে আছে।
স্বাস্থ্য খাতের অসুস্থতার জন্য কোনো ব্যক্তিবিশেষ দায়ী নন। এটি প্রশাসনিক ব্যর্থতা। সুশাসনের অভাব এখানে স্পষ্ট। পরিস্থিতির উন্নয়নে কঠোর ব্যবস্থা নেয়া দরকার। প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনের কথা বলেছেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য খাতে নিয়ন্ত্রণ জোরদার ও স্বচ্ছতা আনতে হবে।
প্রশ্ন হলো, কাজটা করবে কে? দায়িত্ব তো সরকারকেই নিতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








