আওয়ামী লীগের সীমাহীন সন্ত্রাস, কঠোর আইনি ব্যবস্থা নিন
সম্পাদকীয়।


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কুৎসিত চেহারা জুলাই-পরবর্তী ধারাবাহিকভাবে প্রকাশ পাচ্ছে। সর্বশেষ গোপালগঞ্জে অস্ত্রশস্ত্র নিয়ে ভয়াবহ নাশকতা চালিয়েছে। সরকারি স্থাপনা, রাজনৈতিক প্রতিপক্ষের বাড়িঘর ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে এক যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি করেছে। গুম, খুন, গণহত্যা, গণতন্ত্র ধ্বংস ও লুটপাটে যখন তাদের অনুশোচনা ও ক্ষমা চাওয়া ছিল আবশ্যকীয় কর্তব্য; তখন সারা দেশে চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রমাণ করে, এটি আদৌ কোনো রাজনৈতিক দল নয়, সঙ্ঘবদ্ধ সন্ত্রাসী চক্র। তাদের কৃত ভয়াবহ সব অপরাধের এবার বিচার না হলে, এর চড়া মাশুল আবারো দিতে হবে জাতিকে।
শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গোপালগঞ্জে রাজনীতির নামে আওয়ামী লীগ সন্ত্রাসী কার্যক্রম রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বসেছে। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাদের জেলাটি সফরকালে এর আগে তাদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছিল। কোনোরকমে সেই সময়ে তারা প্রাণে বাঁচে আসেন; কিন্তু ওই হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে শক্ত আইনি পদক্ষেপ নেয়া হয়নি। এবার দণ্ডিত পলাতক হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার পর তাদের বাড়াবাড়ি মাত্রা ছাড়িয়ে গেছে।
গত রোববার তারা বিভিন্ন জায়গা থেকে এসে জেলা শহরে সশস্ত্র মহড়া চালায়। এ সময় তাদের হাতে লগি-বৈঠা, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র দেখা গেছে। বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত শহরজুড়ে তাণ্ডব চালায়। প্রকাশ্যে এসব অস্ত্র প্রদর্শন করে প্রতিপক্ষকে হত্যা, খুন ও প্রাণনাশের হুমকি দেয়। জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বর গুঁড়িয়ে দেয়, সরকারি কলেজের নামফলক মুছে দেয়। পৌর বিএনপির সভাপতির বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের অফিস, ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও হামলা চালায়। পুলিশের যানবাহনের ওপর চড়াও হয়। সবচেয়ে নিষ্ঠুর ঘটনা ছিল এক পুলিশ উপপরিদর্শককে কুপিয়ে ক্ষতবিক্ষত করা। 
হত্যা, খুন ও অরাজকতার মাধ্যমে ভীতি প্রদর্শন করে আওয়ামী লীগ বরাবর দেশের রাজনীতি নিয়ন্ত্রণে নিয়েছে। এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন হলেও পুরনো সেই নীতি অবলম্বন করে রাজনীতিতে ফিরতে চায়। বিষয়টি পরিষ্কার হলেও শুরু থেকে তাদের মোকাবেলায় নমনীয় নীতি নেয় নির্বাচিত সরকার। এটি যে হিতে বিপরীত ফল দিচ্ছে তার হাতেনাতে প্রমাণ মিলেছে। 
সবচেয়ে ভীতিকর দিকটি হলো- বাংলাদেশের নিরাপত্তাকাঠামোর মধ্যে হাসিনা ও ভারতের প্রতি অনুগত লোকরা এখনো বহালতবিয়তে আছে। কয়েক দফায় নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে হাসিনার অনুগত ও তার পক্ষে কাজ করা ব্যক্তিরা ধরা পড়েছেন। সরকার সতর্কতার সাথে উদ্যোগী হয়ে নিরাপত্তাকাঠামো থেকে এদের সরিয়ে দেয়ার উদ্যোগ নেয়নি। শত্রুদের বিতাড়নের আগে ইতোমধ্যে জুলাইপন্থীরা বিভক্ত হয়ে পড়েছেন। নতুন সরকার প্রকৃত শত্রুদের বাদ দিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তিকে নিশানা করেছে। এ সুযোগে দেশের বাইরে ভেতরে থাকা হাসিনার অনুগতরা ঐক্যবদ্ধ হচ্ছে। 
সরকারকে মনে রাখতে হবে, আওয়ামী লীগকে প্রথাগত পন্থায় মোকাবেলা করা যাবে না। কথায় আছে- যেমন কুকুর তেমন মুগুর। তাই বলে অতিরিক্ত বলপ্রয়োগ নয়; আইনানুগভাবে সব খাত থেকে তাদের বিতাড়িত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দিলে তারা মাথায় চড়ে বসবে।

Advertisement