দ: আফ্রিকায় প্রথম চারশ’ বাংলাদেশের
মেয়ের জন্মদিনে সেঞ্চুরি করে তা মেয়েকে উৎসর্গ করলেন লিটন দাস : ক্রিকইনফো।

ক্রীড়া প্রতিবেদক
২২ রানে ৩ উইকেট হারিয়ে যখন ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তখন ইনিংসের শেষটা যে ইতিহাসের পাতায় জায়গা করে নেবে, তা কল্পনাও করেননি সমর্থকেরা। কিন্তু তৌহিদ হৃদয় ও লিটন দাসের অসাধারণ ব্যাটিংয়ে সেই অসম্ভবকেই সম্ভব করেছে সফরকারীরা। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান তুলে একাধিক রেকর্ড গড়েছে বাংলাদেশ! জবাবে স্বাগতিকরা শুরুতে হাসান মাহমুদ এইডেন মার্করামের (৪) উইকেট নিলেও চোখে চোখ রেখে জবাব দিচ্ছেন প্রোটিয়া ব্যাটাররা। এ রিপোর্ট লিখা পর্যন্ত প্রথম ইনিংসে ৫৪.১ ওভারে ৩ উইকেটে ২৬৮ রান তাদের। মারকুইস অ্যাকারম্যান ১৫৭ রানে হাসান মাহমুদের বলে আউট হয়েছেন। মুমিনুলের স্পিন বলে উইকেটের পেছনে লিটন দাসের হাতে বন্দী হন ৮৩ রান করা  যুবায়ের হামজা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্টে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১৭ সালে পচেফস্ট্রুমে ৩২০ রান ছিল প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। শুধু তাই নয়, দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজের প্রথম ইনিংসে ৪০০ রান করা প্রথম এশীয় দলও এখন বাংলাদেশ। ২০২০-২১ মৌসুমে শ্রীলঙ্কার করা ৩৯৬ রান ছিল এতদিন সর্বোচ্চ।  সর্বশেষ ২০০৮-০৯ মৌসুমে সেঞ্চুরিয়নে ৪৬৬ রান করেছিল অস্ট্রেলিয়া। 
জোহানেসবার্গে টস জিতে আগের দিন সেঞ্চুরি তুলে নিয়েছিলেন হৃদয়। তার দেখানো পথেই দ্বিতীয় দিনে তিন অঙ্কের ঘরে পৌঁছান লিটন। দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। আগের দিন সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকা লিটন সকালে দেখেশুনে ব্যাটিং করে পূর্ণ করেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি। ১৫৪ বলে তিন অঙ্ক ছোঁয়ার পর বেশি দূর এগোয়নি। ১২০ রানে মিডউইকেটে ইয়ানসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেন লিটন।
লিটনের হৃদয়ছোঁয়া উদযাপন
ক্রিকেটে সেঞ্চুরি মানেই বিশেষ কিছু! আর সেই শতরান যদি আসে মেয়ের জন্মদিনে, তাহলে উদযাপনটা হয়ে ওঠে আরো আবেগের। ঠিক তেমনই এক মুহূর্ত উপহার দিলেন লিটন কুমার দাস। সেঞ্চুরি করার পর ব্যাটের পাশাপাশি পকেট থেকে বের করলেন একটি চিরকুট। তাতে লেখা, ‘হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। এই সেঞ্চুরিটা তোমার জন্য...!’ নিজের শতরান মেয়েকে উৎসর্গ করলেন এই ব্যাটার! ক্রিকেটীয় অর্জনের সাথে মিশে যায় বাবার ভালোবাসা।

Advertisement