এডেনে অগ্রসর হচ্ছে হাউছিরা

এএফপি 
আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারের অস্থায়ী রাজধানী এডেনের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে হাউছি বিদ্রোহীরা। গত রোববার নাগাদ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বন্দরনগরী থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছিল বিদ্রোহী যোদ্ধারা। এমন পরিস্থিতিতে সম্ভাব্য হামলা প্রতিহত করতে এডেন শহরজুড়ে ব্যাপক প্রতিরক্ষা প্রস্তুতি গ্রহণ করেছে সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর সেনারা। শহরটিকে নিরাপদ রাখতে সরকারি বাহিনীর সদস্যরা চারপাশজুড়ে পরিখা খনন করছেন। পাশাপাশি বালুর বস্তা ব্যবহার করে বিভিন্ন স্থানে প্রতিরক্ষা দেওয়াল ও অস্থায়ী দুর্গ গড়ে তোলা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের অনেকের মতে, হাউছি যোদ্ধারা আরো সামনে অগ্রসর হলে এই ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ পর্যন্ত কতটা কার্যকর ভূমিকা পালন করতে পারবে, তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়ে গেছে।
সেনাবাহিনীর চারটি এবং সরকারের দুইজন উচ্চপদস্থ কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন যে, বিদ্রোহী বাহিনী ইতোমধ্যে পার্শ্ববর্তী লাহজ প্রদেশের দু’টি জেলার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে এবং বর্তমানে তারা এডেনের দিকে অগ্রসর হচ্ছে। সূত্রগুলো জানিয়েছে, হাউছি যোদ্ধারা এখন আল-মাদারিবার আল-খারাজ সামরিক ক্যাম্পের কাছাকাছি অবস্থান করছেন, যা এডেন শহর থেকে ঠিক ৬০ কিলোমিটার দূরে অবস্থিত। দীর্ঘদিন ধরেই ইয়েমেনের মূল রাজধানী সানা হাউছিদের নিয়ন্ত্রণে রয়েছে। এ কারণে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার দক্ষিণাঞ্চলীয় শহর এডেনকে তাদের অস্থায়ী রাজধানী হিসেবে ব্যবহার করে সেখান থেকেই যাবতীয় রাষ্ট্রীয় ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। দেশটির জনবহুল অঞ্চলগুলো মূলত হাউছিদের কবজায় রয়েছে এবং আরো বেশি ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিতে তারা সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে বিগত এক যুগেরও বেশি সময় ধরে সশস্ত্র সঙ্ঘাত চালিয়ে যাচ্ছে।
৬০০ সরকারি যোদ্ধার মুক্তি 
এনবিসি নিউজ জানায়, ইয়েমেনের সংঘাতে বন্দী থাকা সরকারি বাহিনীর প্রায় ৬০০ সদস্যকে মুক্তি দিয়েছে হাউছি বিদ্রোহীরা। রোববার আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) বিষয়টি নিশ্চিত করেছে। আইসিআরসি জানিয়েছে, চলতি বছরের জুলাই মাসে নতুন করে সংঘাত শুরুর পর থেকে এসব যোদ্ধাকে আটকে রাখা হয়েছিল। সম্প্রতি সানার বর্তমান কর্তৃপক্ষ সংঘাতের সাথে সম্পৃক্ততার অভিযোগে আটক থাকা এই বন্দীদদের একতরফাভাবে মুক্তি দেয়। মুক্তিপ্রাপ্ত প্রত্যেকের শারীরিক অবস্থা মূল্যায়নের জন্য আইসিআরসির প্রতিনিধিদল তাদের সাথে কথা বলেছে। সানার বন্দিবিষয়ক কমিশনের চেয়ারম্যান আবদেলকাদের আল-মুরতাদা এই ঘটনাকে ইয়েমেন সঙ্ঘাতের ইতিহাসে একতরফা বন্দিমুক্তি ও সাধারণ ক্ষমার সবচেয়ে বড় বড় অভিযান বলে অভিহিত করেছেন।

Advertisement