
বিবিসি
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছাড়ার সিদ্ধান্তে ব্রিটেন যতটা লাভবান হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। শুক্রবার ব্রিটেন-ইইউ সম্মেলনের আগে গতকাল সোমবার লর্ড মেয়রস ভোজসভায় দেয়া ভাষণে তিনি ব্রেক্সিটের প্রভাব নিয়ে এমন মূল্যায়ন তুলে ধরেন।
তার বক্তব্য, অপ্রয়োজনীয়ভাবে কঠোর ব্রেক্সিট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন বাধা তৈরি করেছে। আর ‘নিজেদের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেয়ার’ যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল, সেটিও পূরণ হয়নি। তবে বার্নহামের বক্তব্য, তার আপত্তি ব্রেক্সিটের সিদ্ধান্তের চেয়ে সেটি যেভাবে কার্যকর করা হয়েছে, তা নিয়ে। তিনি ব্রিটেনের সাথে ইইউর সম্পর্ক নতুন করে গড়ে তুলতে চান। শুক্রবারের সম্মেলনে খাদ্য, জ্বালানি ও তরুণদের চলাচল নিয়ে নতুন চুক্তিতে সই করার কথা রয়েছে। এসব চুক্তির মূল বিষয়বস্তু নির্ধারণ করেছিলেন তার পূর্বসূরি কিয়ার স্টারমার।
সোমবারের ভাষণে বার্নহাম বলেন, যেকোনো নতুন চুক্তিকে তিনটি শর্ত পূরণ করতে হবে। প্রথমত, লেবার পার্টির ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির সাথে সামঞ্জস্য রাখতে হবে। ওই ইশতেহারে একক বাজার, শুল্ক ইউনিয়ন কিংবা মানুষের অবাধ চলাচলের ব্যবস্থায় ফিরে না যাওয়ার কথা বলা হয়েছিল।
দ্বিতীয়ত, চুক্তিকে মেকারফিল্ড পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ মানুষের দৈনন্দিন জীবনে বাস্তব ও দৃশ্যমান উন্নতি আনতে হবে। তৃতীয়ত, ২০১৬ সালের গণভোটে মানুষ যে ধরনের ব্রেক্সিটের কথা ভেবেছিল, নতুন চুক্তি তার কাছাকাছি হতে হবে ও আগের চুক্তির চেয়ে উন্নত হতে হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








