
বিবিসি
জুলাইয়ে দিল্লির যন্তর মন্তরে উল্লাস ফেটে পড়েছিল, যখন খবর আসে জেন-জির বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। এক বিক্ষোভকারী হাসিমুখে বলেছিলেন, এটা তরুণদের জয়। তিন মাসের কিছু বেশি সময় পর পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গেছে। শিক্ষার্থী বিক্ষোভকারীরা এখন জড়ো হতেই হিমশিম খাচ্ছেন। ভোটাধিকার নিয়ে গত মাসে জেন-জি নেতৃত্বাধীন ককরোচ জনতা পার্টি (সিজেপি) বিক্ষোভ ডাকলে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীকে আটক করা হয়।
গ্রীষ্মে তরুণদের গভীর হতাশা ও অনলাইনের রসাত্মক ব্যঙ্গে ভর করে ভারতে ভিন্নমতের নতুন ঢেউ দেখা গিয়েছিল। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে। প্রকাশ্য সমালোচনা বা উপহাসে অভ্যস্ত নন, শক্তিশালী নেতার ভাবমূর্তির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তা সামলাতে হিমশিম খান। তবে সরকারের ক্রমবর্ধমান কঠোর নিরাপত্তা-প্রতিক্রিয়া ইঙ্গিত দেয়, বিরল ছাড় দেয়ার অভিজ্ঞতা থেকে তারা শিক্ষা নিয়েছে। এখন জনশৃঙ্খলার কথা বলে ভিন্নমত দমন করা হচ্ছে।
ক্ষমতাসীন বিজেপির জাতীয় মুখপাত্র সৈয়দ জাফর ইসলাম কঠোরতার অভিযোগ প্রত্যাখ্যান করে বিবিসিকে বলেন, প্রতিবাদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা সংবিধানসম্মত, কিন্তু তা আইনের মধ্যে থেকে করতে হবে। জনসুরক্ষার বিনিময়ে অন্যের অধিকারের ওপর তা প্রাধান্য পেতে পারে না।
মোদি সরকার বড় আকারের বিক্ষোভের মুখে এই প্রথম পড়েনি। তবে এবারের বিক্ষোভের ব্যাপ্তি বিজেপির জন্য চ্যালেঞ্জ বলে মনে করেন সেন্টার ফর পলিসি রিসার্চের সাবেক প্রেসিডেন্ট ও ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং অধ্যাপক যামিনী আইয়ার। তিনি বলেন, এগুলো বর্ণ, লিঙ্গ বা অর্থনৈতিক শ্রেণী দিয়ে সংজ্ঞায়িত নয়। বিজেপির মূল ভিত্তির কিছু অংশও এই আন্দোলনে আকৃষ্ট হয়েছিল।
অনলাইনেও আন্দোলনের মাত্রা বেড়েছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে উপহাস করে দীর্ঘদিনের রাজনৈতিক নিষিদ্ধ বিষয় ভেঙে দিয়েছেন। দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি বামপন্থী ছাত্র সংগঠনের সাথে যুক্ত বিক্ষোভকারী সখী বলেন, এটা শুধু হাসি নয়। কমেডি কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার নতুন ভাষা। সিজেপির নেতারা, মুখপাত্র সৌরভ দাসসহ, বারবার আটক ও আইনি পদক্ষেপের মুখে পড়েছেন। যন্তর মন্তরে অনধিকার প্রবেশের অভিযোগে দাস ও আরেক নেতা আশুতোষ রাঙ্কা তিহার জেলে এক সপ্তাহ কাটান। যন্তর মন্তরকে অনুমোদিত বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে, যা আদালতে চ্যালেঞ্জ করা হয়েছে। দাস বলেন, গ্রীষ্মের পর থেকে সরকার অনেক কিছু শিখেছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








