জাতীয় সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আহ্বানে আইজেনকোটের ‘না’
জাতীয় সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আহ্বানে আইজেনকোটের ‘না’।

টাইমস অব ইসরাইল
ইসরাইলে জাতীয় ঐক্যের সরকার গঠনে কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তার এই আহ্বানকে রাজনৈতিক কৌশল ও ‘লোকদেখানো বক্তব্য’ বলে প্রত্যাখ্যান করেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট।
এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, আইজেনকোটের সাথে তিনি জাতীয় ঐক্যের সরকার গঠন নিয়ে আলোচনা করতে চান। তার মতে, আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সরকার ইরানের হুমকি মোকাবেলা করতে পারবে না। নেতানিয়াহু বলেন, চলুন, কোনো পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসি। সব মতবিরোধ ও বর্জনের বিষয় সরিয়ে রেখে ইসরাইলের নিরাপত্তা ও ভবিষ্যতের স্বার্থে একটি সমঝোতায় পৌঁছাই। আগের আহ্বানগুলোর তুলনায় এবার নেতানিয়াহু স্পষ্ট করে বলেননি যে ঐক্য সরকারের প্রধানমন্ত্রী তাকেই হতে হবে।
গত মাসের নির্বাচনে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এর পর রোববার প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দেন আইজেনকোটকে। তবে নেতানিয়াহুর বক্তব্যের পর আইজেনকোট একে ‘আরো একটি লোকদেখানো বক্তব্য’ বলে মন্তব্য করেন। তিনি জানান, নেতানিয়াহুর ভিডিও বার্তা প্রকাশের আগেই রোববার লিকুদ ও ইয়াশার পার্টির আলোচক দলের মধ্যে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছিল।
এ দিকে ইসরাইলের চ্যানেল ১৩-এর এক খবরে বলা হয়েছে, আইজেনকোটের দল লিকুদ পার্টিকে জাতীয় ঐক্যের সরকারে যোগ দেয়ার প্রস্তাব দিতে পারে। তবে সেই সরকারের নেতৃত্ব দেবেন শুধু আইজেনকোট। প্রধানমন্ত্রী পদে কোনো ধরনের পালাবদলের চুক্তি থাকবে না। অর্থাৎ নেতানিয়াহু প্রধানমন্ত্রী থাকবেন না। আইজেনকোটের ঘনিষ্ঠ একজন জ্যেষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আমরা সমঝোতায় রাজি আছি, তবে প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়ে নয়।
নেতানিয়াহুর জন্য সরকারে এমন একটি ভূমিকা রাখার ব্যবস্থা করা হতে পারে, যাতে তিনি রাজনৈতিক বিষয়গুলো নিয়ে কাজ করতে পারেন। পাশাপাশি তার আবাসন, নিরাপত্তা ও অন্যান্য ব্যক্তিগত বিষয়েও বিশেষ ব্যবস্থা রাখার প্রস্তাব দেয়া হতে পারে। জোটে ধর্মীয় জায়নবাদী দলকেও আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে।
আইজেনকোট আগেই জানিয়েছেন, তার নির্ধারিত চারটি মূলনীতি মেনে নিলে যেকোনো দলকে সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়ে তিনি বিবেচনা করবেন। এর মধ্যে নেতানিয়াহুকে ছাড়া লিকুদ পার্টিও রয়েছে। তার মতে, নেতানিয়াহুর আর ক্ষমতায় থাকা উচিত নয়। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় যারা সরকারের গুরুত্বপূর্ণ ক্ষমতাশালী পদে ছিলেন, তাদেরও রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন আইজেনকোট।

Advertisement