আসিয়ানের আলোচ্যসূচিতে যুদ্ধ, শুল্ক ও সীমান্ত বিরোধ
ফিলিপাইনের ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা : ইন্টারনেট।

 এএফপি ও আলজাজিরা
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি সঙ্কট, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ এবং দক্ষিণ চীন সাগরের উত্তেজনাসহ নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বৈঠকে বসেছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর নেতারা। গতকাল ১৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হচ্ছে ১১ সদস্যের আঞ্চলিক জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন।
এবারের সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ভারত, কানাডা ও ব্রাজিলের শীর্ষ নেতারা অংশ নিচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন। ১৭ নভেম্বর আসিয়ান নেতাদের সাথে বিশেষ বৈঠক করার কথা রয়েছে ট্রাম্পের। এছাড়া ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া ও পূর্ব তিমুর- এই ১১টি দেশ নিয়ে গঠিত আসিয়ানের সম্মিলিত জনসংখ্যা প্রায় ৬৯ কোটি ৪০ লাখ। সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সঙ্কট। উপসাগরীয় অঞ্চল থেকে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় ফিলিপাইন, ভিয়েতনাম ও মালয়েশিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি সঙ্কট মোকাবেলায় গত মার্চে জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা করে ফিলিপাইন।
এ ছাড়া দক্ষিণ চীন সাগরে চীনের সাথে আসিয়ানের কয়েকটি সদস্যদেশের দীর্ঘদিনের ভূখণ্ডগত বিরোধ, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি এবং থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত উত্তেজনাও আলোচনায় গুরুত্ব পাবে। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ ও রোহিঙ্গা শরণার্থী সঙ্কট নিয়েও আলোচনা হবে। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর দেশটিতে সঙ্ঘাত অব্যাহত রয়েছে। আসিয়ানের পাঁচ দফা শান্তি পরিকল্পনাও পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি ঘটাতে পারেনি। অন্যদিকে, ইন্দোনেশিয়ার দাবানল থেকে সৃষ্ট ধোঁয়ায় প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় আন্তঃসীমান্ত পরিবেশদূষণ নিয়েও আলোচনা হতে পারে। 
মিয়ানমারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথে
এএফপি জানায়, অভ্যুত্থান-পরবর্তী মিয়ানমার সরকারের সাথে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন দক্ষিণ-পূর্ব এশিয়ার নেতারা।  গতকাল রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়। আঞ্চলিক জোট আসিয়ান মিয়ানমারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পথ খুঁজছে।
মিয়ানমার এখনো দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের সদস্য। তবে ২০২১ সালে সামরিক জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে দেশটিকে জোটের উচ্চপর্যায়ের বৈঠকগুলোতে অংশ নিতে দেয়া হচ্ছে না। এ বছর অভ্যুত্থানের নেতা মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মিয়ানমারের সাথে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে থাইল্যান্ড। পর্যবেক্ষকরা দেশটির নির্বাচনকে প্রহসন বলে আখ্যায়িত করেন।
সামরিক বাহিনী, গণতন্ত্রপন্থী বিদ্রোহী জোট ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সঙ্ঘাত বন্ধে আসিয়ানের ‘পাঁচ দফা ঐকমত্য’ (ফাইভ-পয়েন্ট কনসেনসাস-৫পিসি) বাস্তবায়নের লক্ষ্যে মিয়ানমারের সাথে ‘পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে যোগাযোগ’ রাখার আহ্বান জানিয়েছে ব্যাংকক।

Advertisement