
ক্রীড়া প্রতিবেদক
আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বল। নতুন স্বপ্ন, নতুন মঞ্চ, নতুন পরিচয়। অথচ সেই প্রথম বলটিই হয়ে থাকল বাংলাদেশের ১১২তম টেস্ট ক্রিকেটার হিসেবে মাহফিজুল ইসলাম রবিনের অভিষেকের সবচেয়ে হতাশার স্মৃতি! ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করার সুযোগ পেয়ে প্রথম বলেই সাজঘরে ফিরতে হলো ২২ বছর বয়সী এই ওপেনারকে। রবিনের জন্য অবশ্য দিনটির গল্প অন্য রকম। জাতীয় ক্রিকেট লিগের রান, ডাবল সেঞ্চুরি কিংবা নির্বাচকদের আস্থার জায়গা থেকে যে পথচলা শুরু হয়েছিল, আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম বলেই সেখানে ধাক্কা খেলেন তিনি। তবে একটি ব্যর্থ ইনিংস দিয়ে কোনো ক্রিকেটারের সামর্থ্যরে চূড়ান্ত বিচার হয় না! এখন তার দ্বিতীয় ইসিংসে রান করতে হবে।
অভিষেকে প্রথম বলেই আউট। রবিনের আগে এই ঘটনা ঘটেছিল ২০২১ সালেও। আবুধাবিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ব্যাটার আবদুল মালিক প্রথম বলেই উইকেট হারান। অভিষেক টেস্টে প্রথম বলে আউট হওয়ার তালিকায় আছেন আরো দু’জন। ১৯৯২ সালে ডারবানে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জিমি কুক এবং ২০০১ সালে কিংসটনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের লিওন গ্যারিক এই অবাঞ্ছিত কীর্তি গড়েন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








