ডাবল সেঞ্চুরিতে রেকর্ড মোসাদ্দেকের
ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেক হোসেন সৈকত : বিসিবি।

ক্রীড়া প্রতিবেদক 
জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) সপ্তম রাউন্ডের ম্যাচের প্রথম দিন সেঞ্চুরি করেছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। সেটিকে গতকাল ডাবল সেঞ্চুরিতে পরিণত করলেন এই অলরাউন্ডার। আর তাতেই প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে রেকর্ডবইয়ে জায়গা পেয়ে গেলেন এই ব্যাটার। এ নিয়ে চারটি ডাবল সেঞ্চুরি হলো মোসাদ্দেকের। যা নেই আরো কোনো ব্যাটারের। 
২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে রংপুরের বিপক্ষে নিজের প্রথম ডাবল সেঞ্চুরি (২৫০) করেন মোসাদ্দেক। একই টুর্নামেন্টে চট্টগ্রামের বিপক্ষে খেলেন ক্যারিয়ার সেরা ২৮২ রানের ইনিংস। পরের মৌসুমে সিলেটের বিপক্ষে অপরাজিত থাকেন ঠিক ২০০ রানে। প্রায় ১১ বছর পর আবার জাতীয় লিগেই ডাবল সেঞ্চুরি করে সবাইকে ছাড়িয়ে গেলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার।
সিলেটের একাডেমি মাঠে ২২ চার ও ১০টি ছক্কায় ২১৫ বলে ২২০ রানের ইনিংস মোসাদ্দেকের। ম্যাচের প্রথম দিন আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরির দেখা পান তিনি (১৩৭*)। নতুন সকালে মাত্র ৫৪ বলে ৬৬ রান করে ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। অষ্টম উইকেটে আরিফুল ইসলামকে নিয়ে ২১৮ রানের জুটি গড়েন মোসাদ্দেক। ৫৩ রানে অপরাজিত থাকেন আরিফুল।
এরপর ব্যাট করতে নেমে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৯৩ রান ফেরেন রাজশাহীর হাবিবুর রহমান। নাঈম আহমেদের ব্যাট থেকে আসে ৫৬ রান। দিন শেষে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৮ রান করেছে রাজশাহী বিভাগ। 
রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দারুণ সেঞ্চুরি করেছেন আশিকুর রহমান শিবলি। তিন নম্বরে নেমে ১১ চার ও ২ ছক্কায় ১৯০ বলে ১০৫ রান ঢাকার এই ব্যাটারের। চলতি লিগে এটি দ্বিতীয় সেঞ্চুরি। শিবলির সেঞ্চুরি ছাড়া ঢাকার আর কেউ ৩৫ রানও করতে পারেননি। তবু লিড নেয়ার পথে তারা। দিন শেষে ৭ উইকেটে ২৮২ রান ঢাকার। এর আগে প্রথম ইনিংসে ২৮৮ রান করেছিল চট্টগ্রাম। 
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে সিলেটের হয়ে সেঞ্চুরি অমিত হাসানের। বরিশালের বিপক্ষে তিনি খেলেন ১০১ রানের ইনিংস। প্রথম শ্রেণীর ক্রিকেটে অমিতের এটি ১৩তম সেঞ্চুরি। এ ছাড়া মুবিন আহমেদ করেছেন ৭৫ রান। যার সৌজন্যে বরিশালের ২২৮ রান টপকে লিড পেয়েছে। দিন শেষে ৪ উইকেটে ২৩৯ রান সিলেটের। এর আগে সিলেটের পক্ষে ৫ উইকেট নেন আবু জায়েদ চৌধুরী। 
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির সম্ভাবনা জাগালেন নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে তার সংগ্রহ ১৩ চারে ৯৪ রান। এর আগে ৭ উইকেটে ৩২০ রানে দিন শুরু করে ১৮ রান যোগ করে ৩৩৮ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়নরা। দ্বিতীয় দিন শেষে ৬৬.২ ওভারে ৭ উইকেটে ২৭৬ রান করে ৬২ রানে পিছিয়ে খুলনা।

Advertisement