কোচ ডুলির সমালোচনায় জামাল
পাকিস্তানের কাছে হেরে বিদায়ের পর কান্নায় ভেঙে পড়া ফাহিমকে হামজার সান্ত্বনা : নাসিম সিকদার।

 ক্রীড়া প্রতিবেদক

Advertisement


২০০৫ সালের সাফের পর বাংলাদেশের আর সাফের ফাইনালে খেলা হয়নি। ২০০৯ ও ২০২৩ সালে সেমিতে উঠেও সেখানেই থামতে হয়েছিল। এবার বাংলাদেশ দলের কাছে সবার প্রত্যাশা ছিল বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে চার গোলে জয়ের পর প্রত্যাশার মাত্রা আরো বেড়ে যায় সবার। অথচ সেই বাংলাদেশ দলই পাত্তা পেল না পাকিস্তানের কাছে। পরশু রাতে সাফের দ্বিতীয় সেমিফাইনালে লাল-সবুজদের ১-০ গোলে হারিয়ে সাফের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে পাকিস্তান। অন্য দিকে বাংলাদেশকে সাফের  শিরোপা পুনরুদ্ধারের অপেক্ষাটা আরো বেড়ে গেল। অবশ্যই এমন বিদায়ের পুরো দায়ই নিতে হবে কোচ টমাস ডুলিকে। আসিয়ান কাপে দলকে ১৩ গোল খাইয়ে এনেছেন। এর মধ্যে ইন্দোনেশিয়ার কাছে ২-৯ গোলে হারটি ছিল সবচেয়ে লজ্জার। এর পরও সবার আশা ছিল সাফে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিততে পারবে। যে শিরোপা ২০০৩ সালের পর আর জেতা হয়নি। কিন্তু খেলোয়াড়দের ভুল আর কোচ টমাস ডুলির ভুল কৌশলে এবারো ফাইনালের আগেই ছিটকে পড়া।
গত পরশু বাংলাদেশ যখন ৮৬ মিনিটে গোলহজম করলো তখন কোচের উচিত ছিল সাথে সাথেই কয়েক খেলোয়াড় বদলে করে নতুন খেলোয়াড় মাঠে নামানো। যারা নতুন শক্তি নিয়ে লড়াই করতে পারতেন। কিন্তু কোচ তিন খেলোয়াড় বদল করলেন চার মিনিট ইনজুরি টাইমের শেষ দুই মিনিটে। এরই মধ্যে কিছ উগ্র সমর্থক মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে খেলাই বন্ধ করে দেন কিছু সময়ের জন্য। এতে বাংলাদেশ দলের ম্যাচে ফেরার  শেষ চেষ্টার ধারায় ছেদ পড়ল। কোচ ডুলির কৌশলের সমালোচনা করেছেন জামাল ভূঁইয়াও। পরশু রাতের মতো গতকাল বাংলাদেশ দল যখন হোটেল ছেড়ে যায় তখনো সোচ্চার তিনি। জামালের মতে, ‘অনেক খারাপ লাগছে। সারারাত ঘুমাতে পারিনি। হামজার রুমে ছিলাম ভোর ৬টা পর্যন্ত। কারণ, আমরা আগের ম্যাচের মতো খেলতে পারিনি। এর কারণ সম্ভবত কৌশলগত ঘাটতি।’ আরো জানান, ‘আমরা জানতাম পাকিস্তান পাঁচ ডিফেন্ডার নিয়ে খেলবে। কিন্তু কোনো দল পাঁচ ডিফেন্ডার নিয়ে খেললে সাধারণত আমরা কিছু সমাধান বের করতে পারি। গতকাল আমি কোনো সমাধানই দেখিনি। এটা কিছুটা হতাশাজনক।’ তার মতে, ‘অবশ্যই দলের সবাই ক্লান্ত ছিল। আমি ভেবেছিলাম আরো আগে নামব। আমাদের তিনজনকে একসাথে ৮৬ মিনিটে ডাকা হয়েছিল। কিন্তু আমরা মাঠে নেমেছি ৯০ মিনিটের পর যোগ করা সময়ে। শেষ পর্যন্ত আমরা হেরেছি, ফাইনালে খেলতে পারিনি।’
জামালের মতে, ‘আগের ম্যাচে যখন আমরা ২-০ গোলে এগিয়ে ছিলাম, তখন গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দেয়া যেত। সবাই গুরুত্বপূর্ণ, তবে হামজার মতো খেলোয়াড়ের বিশ্রাম দরকার ছিল। কারণ, মাত্র ৪৮ ঘণ্টা পরই আমাদের আরেকটি ম্যাচ ছিল।’ তিনি বলেন, ‘এখানে কিছু ভুল ছিল। তবে শুধু খেলোয়াড়দেরই শিখতে হবে, তা নয়; ম্যানেজমেন্টকেও এ বিষয়গুলো থেকে শিখতে হবে। যদিও শেষ পর্যন্ত কে খেলবে, কে খেলবে না- সেটি কোচের সিদ্ধান্ত।’
ক্ষমা চাইলেন শ্রাবণ
বাংলাদেশ দলের এই হেরে যাওয়ার খল নায়ক এখন শ্রাবণ। ৮৬ মিনিটে তার ভুলেই গোল হজম ও হার। তিনি অবশ্য এই ভুলের জন্য ক্ষমা চেয়েছেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন  ‘গত রাতে ( পরশু) তোমাদের সবার সাথে উদযাপন করার স্বপ্ন দেখেছিলাম। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি। একটি দুর্ভাগ্যজনক ভুল সবকিছু বদলে দিয়েছে। এই ভুলের কারণে যে হতাশা তৈরি হয়েছে, তা আমি বুঝতে পারছি। এটিকে আমি বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। আমার সতীর্থ, কোচ এবং প্রত্যেক সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’
এর পরও কি থেকে যাবেন ডুলি
গত জুনে সানমেরিনোর বিপক্ষে বাংলাদেশ দলের ২-১ গোলে জয় দিয়ে যাত্রা শুরু হয়েছিল টমাস ডুলির। ইউরোপের মাঠে প্রথম কোনো ইউরোপিয়ান দলের বিপক্ষে জয়। প্রথম ওই অ্যাসাইনমেন্টে সফল হওয়ার পর তাই যুক্তরাষ্ট্রের হয়ে দু’টি বিশ্বকাপ খেলা এই জার্মান নাগরিকের ওপরওই। এর পরও ডুলির ব্যর্থতা সামনে আসতে থাকে। আসিয়ান কাপে হতাশ করার পর সাফের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়া। এবারের সাফে নেপাল নেই। ভারত এসেছে ‘সি’ টিম নিয়ে। মালদ্বীপ গ্রুপ পর্বেই বিদায় নিয়েছে। এর পরও বাংলাদেশ খেলতে পারেনি ফাইনালে। তাই প্রশ্ন ব্যর্থ কোচ ডুলিকে কি আর রাখবে বাফুফে। অতীতে সাফে শিরোপা দিতে না পারার জন্য নিকোলা ইলিভেস্ক, আবু ইউসুফ, মারুফুল হক, অস্কার ব্রুজনের সাথে নতুন করে আর কথা বলেনি বাফুফে। এবার ফুটবল ফেডারেশন কোন পথে হাঁটে- সেটিই দেখার বিষয়।