
মনিরুল ইসলাম রোহান
- সম্ভাব্য তারিখ ১০ ও ১৬ ডিসেম্বর
- লক্ষ্য আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণ
- মানবাধিকারের ধুয়া তুলে সরকারের ওপর চাপ তৈরি
ডিসেম্বরকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি হয়েছে। শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নের দিকে এগোচ্ছে দলটি। এর মধ্যে দেশে ফেরার লক্ষ্যে প্রাথমিক ধাপ হিসেবে নতুন পাসপোর্ট ও এনআইডি চেয়ে আবেদন করার বিষয়টি সামনে আসার পর সরকারের তরফ থেকে ভারত-বাংলাদেশের মধ্যে ২০১৩ সালে অনুষ্ঠিত প্রত্যর্পণ চুক্তি বিষয়টি তুলে ধরা হয়েছে। আইনি জটিলতার মারপ্যাচে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত- এমনটি ধরে নিয়ে পরবর্তী করণীয় হিসেবে সীমান্তবর্তী একটি জেলায় লোকবল নিয়ে জড়ো হওয়ার পরিকল্পনা রয়েছে দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের। লক্ষ্য হলো রাজনীতিতে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ আকর্ষণ করা এবং মানবাধিকার লঙ্ঘনের ধুয়া তুলে সরকারের ওপর সম্ভাব্য চাপ তৈরি করা বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
সূত্র বলছে, সীমান্তবর্তী জেলায় জড়ো হওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের দিন ১০ ডিসেম্বরকে বেছে নেয়া হয়েছে। যদি কোনো কারণে ওইদিন কর্মসূচি সফল করা সম্ভব নাও হয় তাহলে বিজয় দিবস ১৬ ডিসেম্বরকে টার্গেট করা হয়েছে। তবে সীমান্তবর্তী কোন জেলায় জড়ো হলে লোকসমাগম বেশি হবে সে বিষয়টি নিয়ে নানা হিসেব নিকেশ করছেন ভারতে অবস্থান করা দলটির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা। অবশ্য সহজ যাতায়াত ব্যবস্থা হিসেবে যশোর-ঝিনাইদহ এবং সিলেট সীমান্তের ওপারে জড়ো হওয়ার বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে দায়িত্বপ্রাপ্ত টিমের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হচ্ছে। যদিও এ বিষয়ে এখনো তৃণমূল পর্যায়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।
সূত্রের বরাতে জানা গেছে, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে এমন গুরুত্বপূর্ণ ৫টি রাজ্য হলো : পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। এক্ষেত্রে পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ এবং ভাষাগত ও ভৌগলিক সুবিধার কারণে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের একটি বড় অংশ কলকাতায় গিয়ে উঠেছে। দলটির সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ভারতের কলকাতায় অবস্থানরত নেতাকর্মীদের মধ্যে তৎপরতাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় দলীয় নেতাকর্মীদের জড়ো হওয়া, সাবেক নেতাদের উপস্থিতিতে সভা এবং দেশে ফেরার সম্ভাব্য কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ দিকে পর্যালোচনা করে দেখা গেছে, ভারতের কলকাতা শহরটি সরাসরি বাংলাদেশের কোনো জেলার সাথে সংযুক্ত বা সীমানাবর্তী না হলেও কলকাতা থেকে বাংলাদেশ সীমান্ত (প্রধানত উত্তর ২৪ পরগনা জেলার পেট্রাপোল-বেনাপোল সীমান্ত) প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত। কলকাতার সবচেয়ে কাছের ভারতের সীমান্ত জেলা হলো উত্তর ২৪ পরগনা এবং নদীয়া। আর এই সীমান্তের ওপারে বাংলাদেশের যে জেলাগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে কাছাকাছি হলো যশোর জেলা। বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে কলকাতার সাথে সড়ক ও রেলপথে সবচেয়ে বেশি যোগাযোগ রয়েছে, দূরত্ব প্রায় ৮০ কিমি। এ ছাড়া সাতক্ষীরা ও নদী-তীরবর্তী অন্যান্য সীমান্তবর্তী অঞ্চলগুলোও ভৌগোলিকভাবে কলকাতার কাছাকাছি অবস্থিত। অন্য দিকে ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন এলাকায় আওয়ামী লীগের সাবেক এমপি ও নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক রনজিত সরকারের একটি সভার ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। গেল ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে রনজিত সরকারকে কয়েকজন নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। তার দাবি, ভারতের মেঘালয় সীমান্ত পেরিয়ে বাংলাদেশে এসে তিনি ওই সভা করেছেন। সিলেট, সুনামগঞ্জসহ উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের যোগাযোগ ও সভা-সমাবেশের খবর এবং সেখানকার নেতাকর্মীদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে দ্বিতীয় ভেন্যু হিসেবে সিলেট সীমান্তবর্তী জেলাও বেছে নেয়া হতে পারে।
ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক হিসেব নিকেশ : শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটি প্রত্যাশা তৈরি হয়েছে। দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের বক্তব্য এবং বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের তৎপরতা বিশ্লেষণ করে কয়েকটি সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্যর বিষয়টিও তুলে ধরেছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই। তাদের মতে, প্রথমত, সাংগঠনিক যোগাযোগ পুনর্গঠন। দেশের বাইরে থাকা নেতাদের সাথে দেশের অভ্যন্তরে থাকা নেতাকর্মীদের যোগাযোগ বাড়ানো এবং সাংগঠনিক মনোবল ধরে রাখা। দ্বিতীয়ত, রাজনৈতিক উপস্থিতি জানান দেয়া। প্রকাশ্য সভা, বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে দলটি এখনো রাজনৈতিকভাবে সক্রিয়, এমন বার্তা দেয়ার চেষ্টা। ইতোমধ্যে দেশের অভ্যন্তরে নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় তৎপরতা দৃশ্যমান হতে চলেছে। যা নিয়ে পর্যবেক্ষক মহল উদ্বিগ্ন। তৃতীয়ত, দেশে ফেরার প্রশ্নকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে প্রত্যাশা তৈরি এবং রাজনৈতিক চাপ সৃষ্টির চেষ্টা।
সীমান্তে জড়ো হওয়ার বিষয়টি কেন গুরুত্বপূর্ণ?
সীমান্তবর্তী এলাকায় কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের সমাবেশ বা উপস্থিতি সাধারণ রাজনৈতিক কর্মসূচির চেয়ে একটু আলাদা গুরুত্ব বহন করে। ২০২৪ সালের ৫ আগস্ট নজিরবিহীন পতনের পর থেকে দেশের অভ্যন্তরে রাজনীতি করার সুযোগ সীমিত হয়ে পড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের। দলটির প্রধান শেখ হাসিনাসহ দলটির অধিকাংশ নেতারাও ভারতে অবস্থান করছেন। দেশ থেকে বিতাড়িত হওয়ার দুই বছর পেরিয়ে গেলেও রাজনৈতিকভাবে কোনো অবস্থান তৈরি করতে না পারার মধ্য দিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় রাজনীতিতে একটা প্রভাব পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। এ দিকে আইনি জটিলতায় শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চয়তা দেখা দেয়ায় আন্তর্জাতিক অঙ্গনের মনোযোগ আকর্ষণের জন্যই মূলত সীমান্তবর্তী এলাকায় নেতাকর্মীদের জড়ো হওয়ার পথ বেছে নিচ্ছে বলে সূত্রে জানা গেছে। তথ্য বলছে, সীমান্তকে রাজনৈতিক বার্তার ক্ষেত্র হিসেবে ব্যবহার করতে চায় নিষিদ্ধ আওয়ামী লীগ। সীমান্তবর্তী এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি হলে সেটি স্বাভাবিকভাবেই দুই দেশের গণমাধ্যম ও রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে। এতে আন্তর্জাতিক মহলে নিজেদের রাজনৈতিক অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হতে পারে। এ ছাড়াও ভারতে অবস্থানরত নেতাদের দেশে ফেরার প্রশ্নটিও আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ। সীমান্তবর্তী এলাকায় কর্মসূচি আয়োজনের মাধ্যমে নেতাকর্মীদের কাছে প্রত্যাবর্তনের প্রত্যাশা বা রাজনৈতিকভাবে আবার সক্রিয় হওয়ার বার্তা দেয়া হতে পারে। তাছাড়া সীমান্ত এলাকায় রাজনৈতিক জমায়েত হলে বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার বাড়তি নজরদারির প্রয়োজন হয়। এ ধরনের কর্মসূচি স্থানীয় প্রশাসনের ওপর নিরাপত্তাগত চাপ তৈরি করতে পারে।
বিশেষজ্ঞ মত : এ প্রসঙ্গে বিশিষ্ট রাজনীতি বিশ্লেষক ড. আবদুল লতিফ মাসুম মনে করেন, শেখ হাসিনার আসলে দেশে আসার কোনো পরিকল্পনা নেই। ভারত সরকারও শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে এরকম সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না। তিনি বলেন, এই ইস্যুটাকে সামনে এনে মূলত দেশে একটা বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা করছে ভারত। ড. মাসুম বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রজনতার অভ্যুত্থানে বিতাড়িত হওয়ার পর এদেশে আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। ভারতও সেটা জানে। শেখ হাসিনার দেশে ফেরাও ভারতের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। যদিও শেখ হাসিনা ডিসেম্বরে ঘোষণা দিয়েছে দেশে ফিরবে, আর পরিকল্পনা যেহেতু দেশে ফিরবে না সেহেতু বিশৃঙ্খলা তৈরি করার জন্য মূলত সীমান্তবর্তী এলাকায় কিছু লোক নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করবে- এটা স্বাভাবিক। আর এটা আন্তর্জাতিক মহলকে দেখানো যে, বাংলাদেশ সরকার তাকে দেশে ঢুকতে দিচ্ছে না। তারা মনে করছে, এর মাধ্যমে আন্তর্জাতিকভাবে সরকারের ওপর একটা চাপ সৃষ্টি হবে। যাতে ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসনের জন্য আন্তর্জাতিক মহলে কথা বলতে পারে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








