গোপালগঞ্জে লগি-বৈঠার তা-ব
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীদের লগি-বৈঠা নিয়ে মিছিল : নয়া দিগন্ত।
  •  বিজিবি মোতায়েন ডিসি-এসপি প্রত্যাহার, কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি
  •  চট্টগ্রামে এসপি গ্রেফতার, সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন

গোপালগঞ্জে লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে বিক্ষোভ ও মহড়া চালিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল সকাল থেকে বেলা পৌনে ২টা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলা এসব কর্মসূচিতে বিএনপি কার্যালয়, জুলাই স্মৃতিস্তম্ভ, শহীদ ওসমান হাদি চত্বর, পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্সে ভাঙচুরের ঘটনা ঘটে। আগের রাতে টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয় এবং কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার জেলায় ছয় প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে। একই সাথে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে সরকার।
গতকাল গোপালগঞ্জ শহরে এসব ঘটনা ঘটে। স্থানীয় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন। তাদের হাতে দেশীয় অস্ত্রের পাশাপাশি অনেকের মাথায় হেলমেটও দেখা যায়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেয়া হয়। এ সময় শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। এতে গোপালগঞ্জ-পাটগাতী সড়কে বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, রোববার সকাল ৮টা থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। সেখানে পৌর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে। অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। মিছিলগুলো পুরনো লঞ্চঘাট সেতুর কাছে মিলিত হয়ে ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে নেতাকর্মীরা স্লোগান দেন।
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, মিছিল চলাকালে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা ব্যানার টাঙানো হয়। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে সেখানে নতুন নামফলক লাগানো হয়। পরে পুরনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেস ক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।
এ সময় পুলিশের একটি সাঁজোয়া যানের ওপর উঠে নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে ‘জয় বাংলা’ লিখে দেন। শহরের বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও করেন তারা। এতে শহরজুড়ে অচলাবস্থা ও আতঙ্ক তৈরি হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর আগে শনিবার রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার খালেক বাজার এলাকায় কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয় ও আশপাশের কয়েকটি দোকানে আগুন দেয়া হয়। নিলফা বাজারে বিএনপির কার্যালয়েও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় শনিবার থেকে তিন প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। রোববার আরো তিন প্লাটুন যুক্ত করায় মোট ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। স্থানীয় সার্কিট হাউজে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে বিজিবির যশোর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দায়িত্ব পালন করছে। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ওপর কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
তবে শনিবার রাত থেকে জেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে পুলিশ মোতায়েন থাকলেও বিক্ষোভ মিছিল চলাকালে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।
দুই মামলায় আসামি ২,৬৭৭ জন : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে মামলা হয়েছে। এ ছাড়া গোপালগঞ্জ সদর থানায় একই আইনে দায়ের করা পৃথক আরেকটি মামলায় আসামি করা হয়েছে ৪৫৩ জনকে। দুই মামলায় মোট আসামির সংখ্যা দুই হাজার ৬৭৭ জন।
শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া থানার ওসি মো: আইয়ুব আলী মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এদিন থানার উপপরিদর্শক (এসআই) মোসলেম আলী বাদি হয়ে মামলাটি দায়ের করেন। এতে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা এক হাজার ৫০০ থেকে দুই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক জানান, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় পুলিশ, এপিবিএন ও আরআরএফের এক হাজার ৩৫০ জন কর্মকর্তা ও সদস্য নিয়োজিত রয়েছেন। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে মোবাইল পেট্রোলিং চালু থাকায় এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি বলে দাবি করেন তিনি। জেলা সদর ও অন্যান্য উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনসাধারণের নিরাপত্তায়ও পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছে বলে জানান তিনি।
ডিসি-এসপি পরিবর্তন : এদিকে পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক করা হয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে পুলিশ সুপার মো: হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, সরকার গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখনই বলপ্রয়োগ করে জানমালের ক্ষতি করতে চায় না সরকার। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়া হবে না। সহিংসতা বাড়ানোর চেষ্টা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, রোববার সকালে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
চট্টগ্রামে পুলিশের এসপি গ্রেফতার, রাষ্ট্রদোহ মামলা
চট্টগ্রাম ব্যুরো জানায়, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য আওয়ামী লীগের নেতাদের কাছে সরবরাহের অভিযোগও রয়েছে। রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা মামলায় গত শনিবার রাতে নগরের একটি পুলিশ মেস থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো: শওকত আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার ওই পুলিশ কর্মকর্তা বর্তমানে সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) হেফাজতে রয়েছেন। মামলাটির তদন্তও করবে এই বিশেষায়িত ইউনিট। নিয়ম অনুযায়ী তাকে আদালতে হাজির করা হবে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো: আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘দু’টি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’
তিনি জানান, প্রথমে নির্ভরযোগ্য সূত্র থেকে এসপি জাহাঙ্গীর আলমের কর্মকাণ্ড সম্পর্কে তথ্য পাওয়া যায়। এরপর তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ বিষয়ে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। পরে মোবাইল ফোন দু’টি ফরেনসিক পরীক্ষা করা হলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। 
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার এসপি জাহাঙ্গীর আলমের সাত দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
জাহাঙ্গীর আলম নরসিংদী জেলার শিবপুর থানার চাঁদাপাশা গ্রামের মো: জিন্নাত আলীর ছেলে। তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১০ সালের ১ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন তিনি। ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জাহাঙ্গীর আলম ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। পরে তিনি চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেটে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে আগুন
সিলেট ব্যুরো জানায়, সিলেট নগরীর শাহজালাল উপশহরে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে কার্যালয়ের ভবনের দুই পাশে আগুন দেয়ার পাশাপাশি গ্যারেজে রাখা একটি গাড়িতেও আগুন দেয়ার অভিযোগ উঠছে। এতে ব্যাংকের কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
গ্রামীণ ব্যাংকের সিলেট আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক আবুল হোসেন জানান, শাহজালাল উপশহরের এইচ ব্লকের ১ নম্বর সড়কের ২৩২/১ নম্বর বাড়িতে তাদের কার্যালয়। রাত পৌনে ৩টার দিকে দুর্বৃত্তরা পলিথিনের প্যাকেটে তরল জ¦ালানি নিয়ে এসে প্রথমে ভবনের উত্তর পাশে এবং পরে পূর্ব পাশে আগুন দেয়। একপর্যায়ে গ্যারেজে রাখা তার গাড়িতেও আগুন দেয়া হয়।
তিনি বলেন, এক কর্মচারী আগুন দেখতে পেয়ে অন্যদের খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও শাহপরাণ থানায় খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কর্মকর্তা-কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আবুল হোসেন আরো জানান, আগুনে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। তার গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আবুল হোসেন বাদি হয়ে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 
এ ব্যাপারে শাহপরাণ থানার ওসি ফেরদৌস আহমদ বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ। এত বড় অফিস কিন্তু কোনো সিসি ক্যামেরা না থাকায় আগুন লাগার কারণ জানা যাচ্ছে না। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Advertisement