চিকিৎসা শেষে দেশে ফিরেছেন লুৎফুজ্জামান বাবর

খালিয়াজুরী (নেত্রকোনা) সংবাদদাতা

Advertisement

মালয়েশিয়ায় চিকিৎসা ও সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পারিবারিক ও স্থানীয় নেতৃবৃন্দ সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত বুধবার বিকেলে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টার হাসপাতালে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন। দেশে ফেরার সময় তার সাথে সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে এবং ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলীসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।
লুৎফুজ্জামান বাবরের দেশে ফেরার খবরে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুসহ স্থানীয় নেতারা সেখানে উপস্থিত হন। রাত আনুমানিক ১টার দিকে তারা বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। 
এ সময় লুৎফুজ্জামান বাবর মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং তার নির্বাচনী এলাকার জনগণের খোঁজখবর নিয়ে সবার কাছে দোয়া চান।