সংক্ষিপ্ত সংবাদ

সুন্দরবনে হরিণের গোশত ও চামড়া জব্দ

Advertisement

সুন্দরবনে অভিযান চালিয়ে ২৮ কেজি হরিণের গোশত, আটটি পা, দু’টি মাথা ও দু’টি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল রোববার সকালে খুলনার কয়রা থানার বজবজা ও ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ‘কোস্টগার্ড স্টেশন, কয়রা’ বিশেষ অভিযান পরিচালনা করে। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৭৮ হাজার টাকা। পরে জব্দ করা সমস্ত আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা ফরেস্ট স্টেশনে হস্তান্তর করা হয়েছে। বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।  মোংলা (বাগেরহাট) সংবাদদাতা।


গোডাউনের তালা কেটে পাট চুরি
বগুড়ার মোকামতলায় গোডাউনের তালা কেটে ৬০ মণ পাট চুরির অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাতে শংকরপুর এলাকায় সোনাতলা সড়কসংলগ্ন মেসার্স মণ্ডল ট্রেডার্সের গোডাউনে এ ঘটনা ঘটে। চুরি হওয়া পাটের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আফসার আলী (৭২) শিবগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্র জানায়, রাত ১০টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে গোডাউনে তালা দিয়ে বাড়ি যান আফসার আলী। পরে রাত ৩টার দিকে খবর পেয়ে গোডাউনে গিয়ে দেখেন, একটি অজ্ঞাত ট্রাকে করে দুর্বৃত্তরা পাট নিয়ে যাচ্ছে। তাদেরকে অনুসরণ করে ধরাও তখন সম্ভব হয়নি। পরে ভেতরে গিয়ে ৬০ মণ পাট চুরির বিষয়টি নিশ্চিত হন তিনি। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা। 


গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময়
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আলিপুরে গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল করতে ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় লতাচাপলী ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ সভা হয়। সভাপতিত্ব করেন গ্রাম আদালতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: মিজানুর রহমান। আলোচনায় বক্তারা বলেন, গ্রাম আদালত কার্যকর হলে স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তির পাশাপাশি সাধারণ মানুষের সময় ও অর্থ সাশ্রয় হবে। একই সাথে প্রচলিত আদালতে মামলার চাপ কমবে। এতে বক্তব্য দেন মো: মিজানুর রহমান, মাওলানা মো: আবু হানিফ, রহিমা আক্তার রুপা, আলী আক্কাস হাওলাদার, মামুন মোল্লা ও শিরীন আক্তার। সভা সঞ্চালনা করেন প্রকল্পের কলাপাড়া উপজেলা সমন্বয়কারী ইয়াসমিন। কুয়াকাটা (পটুয়াখালী) সংবাদদাতা।


রাঙ্গুনিয়ায় গুঁড়িয়ে দেয়া হলো ৩ ইটভাটা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটার চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর। গতকাল রোববার দুপুরে উপজেলার দক্ষিণ রাজানগর ও ইসলামপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রেজওয়ান-উল-ইসলাম। সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নির্দেশনা অমান্য করে পরিচালিত মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি), বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও বিএনবি-৩-এর বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে দেয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মো: আশরাফ উদ্দিন ও কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আনসার ও পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা।


কর্ণফুলী টানেলে ইয়াবাসহ আটক ৪
চট্টগ্রামের কর্ণফুলী টানেলের পূর্বপ্রান্তের টোল প্লাজাসংলগ্ন পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে নয় হাজার ৯০০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার চেকপোস্টের সামনের সড়কে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো: শিপন (৩৮), মো: রাইসুল ইসলাম রাতুল (২১), মো: সজিব (২৬) ও মো: রাকিব মিয়া (২৩)। শিপন ও রাতুলের বাড়ি ঢাকায়, রাকিবের বাড়ি সবুজবাগে এবং সজিবের বাড়ি বরিশালের উজিরপুরে। পুলিশ জানায়, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এসআই মো: জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা।


পোলট্রি ফার্মে ২৩ ফ্যান ও ২ মোটর চুরি
কিশোরগঞ্জের হোসেনপুরে চোরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। সর্বশেষ শনিবার দিবাগত রাতে গোবিন্দপুর ইউনিয়নের লাকুয়াটি গ্রামে দু’টি পোলট্রি ফার্মে চুরি হয়েছে। চোরেরা ফার্মের ২৩টি সিলিংফ্যান ও দু’টি পানির মোটর নিয়ে গেছে। ফার্ম দু’টির মালিক স্থানীয় ডিলার মানিক মিয়া জানান, চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। স্থানীয় সূত্র জানায়, লাকুয়াটি, ডাবলির মোড়সহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটছে। এতে আতঙ্কে রয়েছেন বাসিন্দারা। বীর মুক্তিযোদ্ধা আবুবকর সিদ্দিক ও মো: মাসুদ মিয়াসহ স্থানীয়রা জানান, রাত হলেই এলাকায় আতঙ্ক বিরাজ করে। তারা চোরদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি রাতে পুলিশি টহল জোরদারের দাবি জানান। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা।


২৬ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে কমিটি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলার চরফ্যাশন-মনপুরার ২৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাইয়ে সার্চ কমিটি গঠন করেছে বিএনপি। ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়। এর মধ্যে চরফ্যাশনের ২১টি এবং মনপুরার পাঁচটি ইউনিয়ন রয়েছে। দলীয় সূত্র জানায়, কমিটিকে ১৫ দিনের মধ্যে দায়িত্ব শেষ করতে বলা হয়েছে। প্রতিটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই করে সর্বোচ্চ তিনজনের নাম সুপারিশ করা হবে। চরফ্যাশন সদর থানার কমিটিতে মোতাহের হোসেন আলমগীর মালতিয়া, মমিনুল ইসলাম ভুঁটু, হুমায়ুন কবির, আহসান উল্লাহ বাহার, সাখাওয়াত হোসেন জোটনসহ আটজন রয়েছেন। এমপি নুরুল ইসলাম নয়ন বলেন, সৎ ও যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। দলীয় সিদ্ধান্ত মেনে প্রার্থীদের নির্বাচনে অংশ নিতে হবে। চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা।